মাধ্যমিকে ঝরে পড়া শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধির পাঠানো ‘স্কুলে ফেরেনি ১০ হাজার শিক্ষার্থী’ শিরোনামের খবরটি কেবল উদ্বেগজনক নয়, করোনা-পরবর্তী আর্থসামাজিক বাস্তবতার নির্মম চিত্রও বটে। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আগে টাঙ্গাইল জেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৭৬ হাজার ৬৫৭। আর দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর উপস্থিত ছিল ৩ লাখ ৬৬ হাজার ২২১ জন। অর্থাৎ ১০ হাজার ৪৩৬ জন অনুপস্থিত।

একটি জেলায় করোনাকালে কেবল মাধ্যমিক পর্যায়ে যদি ১০ হাজারের বেশি শিক্ষার্থী ঝরে পড়ে, তাহলে সারা দেশে সংখ্যাটি কত হতে পারে, তা অনুমান করা কঠিন নয়। এত দিন ঝরে পড়ার ক্ষেত্রে কেবল বাল্যবিবাহকে কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এ খবরে অর্থনৈতিক কারণে ছেলেদের ঝরে পড়ার বিষয়টি সামনে এসেছে। টাঙ্গাইল জেলার অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ৬০ শতাংশ মেয়েশিক্ষার্থী বাল্যবিবাহের কারণে ঝরে পড়েছে। অন্যদিকে ছেলেশিক্ষার্থী দারিদ্র্যের কারণে কাজে যেতে বাধ্য হয়েছে। বাকি ১০ শতাংশের হিসাব পাওয়া যায়নি।

করোনা পরিস্থিতিতে দেশে বাল্যবিবাহের অবস্থা জানতে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ‘র‌্যাপিড অ্যানালাইসিস অব চাইল্ড ম্যারেজ সিচুয়েশন ডিউরিং কোভিড-১৯ ইন বাংলাদেশ’ শিরোনামে একটি জরিপ করে; যাতে বলা হয়, ২০২০ সালের এপ্রিল থেকে অক্টোবর—এই সাত মাসে ২১ জেলার ৮৪টি উপজেলায় ১৩ হাজার ৮৮৬টি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে হয়েছে। সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয়েছে বরগুনা জেলায়—১ হাজার ৫১২টি। এরপর আছে কুড়িগ্রামে ১ হাজার ২৭২, নীলফামারীতে ১ হাজার ২২২ এবং লক্ষ্মীপুরে ১ হাজার ৪১টি। এসব বিয়ের ৩৫ শতাংশ (মাত্র ৪ হাজার ৮৬৬টি) নিবন্ধন হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে করোনা মহামারির মধ্যে গত দেড় বছর দেশের ৯ জেলায় ৭ হাজার ৬৭৭টি বাল্যবিবাহের তথ্য উঠে আসে। জেলাগুলো হলো খুলনা, টাঙ্গাইল, নেত্রকোনা, কুড়িগ্রাম, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা ও জামালপুর।

সরকারের নীতিনির্ধারকেরা স্বীকার করুন আর না–ই করুন, করোনাকালে শিক্ষার্থীদের ঝরে পড়া সমস্যাটি গভীর। শিক্ষা মন্ত্রণালয়ের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে প্রতিকারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। মাধ্যমিক পর্যায়ে যেসব শিক্ষার্থী ঝরে গেছে, তাদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে না পারলে শিক্ষার লক্ষ্যমাত্রা ব্যাহত হবে। ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনার কাজটি কঠিন, কিন্তু অসম্ভব নয়। বাংলাদেশে বাল্য বয়সে বিয়ে হয়েছে, এমন মেয়ের উচ্চশিক্ষা লাভের ঘটনা কম নয়। সে ক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতা যেমন প্রয়োজন, তেমনি দরকার সরকারের পক্ষ থেকে প্রণোদনা। বিয়ের পরও যেসব মেয়ে পড়াশোনা চালিয়ে যাবে, তাদের নির্দিষ্ট হারে বৃত্তি দিতে হবে। টাঙ্গাইলের বাথুলী লাইলী বেগম উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের বিদ্যালয়ে নিয়ে আসার যে উদ্যোগ নিয়েছেন, তা অনুসরণীয় হতে পারে অন্যান্য বিদ্যালয়েও।

ঝরে পড়া ছেলেশিক্ষার্থীদের জন্যও অনুরূপ প্রণোদনামূলক কর্মসূচি নিতে হবে। তারা প্রতি মাসে কাজ করে পরিবারে যে আর্থিক সহায়তা
দেয়, সমপরিমাণ অর্থও সংশ্লিষ্ট পরিবারকে ঋণ বা বৃত্তি হিসেবে দেওয়া যেতে পারে।