মাননীয় উপাচার্যগণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় যে বিরামহীন সন্ত্রাস ও নৈরাজ্য চলছে, তার জন্য সরকার-সমর্থিত ছাত্রসংগঠনটি যত না দায়ী, তার চেয়ে বেশি দায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ। প্রায় প্রতিটি ক্ষেত্রে তাঁরা আইনকানুন ভেঙে অবৈধ সুযোগ-সুবিধা নিয়েছেন, স্বজনপ্রীতি ও দলীয়করণের মহোৎসব ঘটিয়েছেন। উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনাচার-দুরাচার এতটা বেড়ে গেছে যে সম-আদর্শের শিক্ষকেরাও তাঁদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেশ কটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি, ডিন ও সিন্ডিকেট নির্বাচনে সরকার-সমর্থকদের ভরাডুবি ঘটেছে। উপাচার্য-সমর্থক ও বিরোধী গ্রুপ এখন একে অপরকে বিএনপি-জামায়াতের দালাল বলে গাল দিতেও দ্বিধা করছে না।মজার বিষয় হলো, চারদলীয় জোট সরকারের আমলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার যেসব অভিযোগ ছিল, বর্তমান সরকারের আমলেও সেসব অভিযোগ আছে; কোনো কোনো ক্ষেত্রে আগের আমলের রেকর্ড ছাড়িয়ে গেছে। সে সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আফতাব আহমাদ কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ নিয়োগ ও পদোন্নতি দিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন, শামসুন্নাহার হলে মধ্যরাতে পুলিশি অভিযান চালানোর দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে আনোয়ারউল্লাহ চৌধুরী বিতাড়িত হয়েছিলেন। কিন্তু এবারে বিতাড়িতদের সংখ্যা বেড়ে চলেছে। প্রথমে উপাচার্যবিরোধী আন্দোলন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অনেক নাটকের পর উপাচার্য শরীফ এনামুল কবির পদত্যাগ করেন। এরপর খুলনা, বুয়েট, রুয়েট, চুয়েট, ইসলামী ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলন দানা বাঁধতে থাকে। কোথাও উপাচার্যরা বিদায় নিয়েছেন, কোথাও বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। আবার কেউবা গায়ের জোরে থাকতে গিয়ে নানা অঘটনের জন্ম দিয়েছেন। তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি ভিন্ন। সেখানে ছাত্রলীগের মাস্তানি ও অন্যায় আবদার মানেননি বলেই উপাচার্য এ কে এম শাহনেওয়াজকে বিদায় নিতে হয়েছিল।একই সঙ্গে ক্যাম্পাসগুলোয় ছাত্রলীগের সন্ত্রাস ও সহিংস তৎপরতা বেড়ে চলেছে। প্রতিদ্বন্দ্বী ছাত্রসংগঠনগুলো ক্যাম্পাস থেকে বিতাড়িত হওয়ার পর এখন সরকার-সমর্থক ছাত্রসংগঠনটি নিয়মিত নিজেদের মধ্যে মারামারি করছে, যার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরিব বাবার মেধাবী ছেলে আবুবকর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জুবায়ের প্রমুখ। সাম্প্রতিক ঘটনাগুলো আরও মারাত্মক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের লাঠিয়াল হিসেবে ছাত্রলীগের ক্যাডাররা আন্দোলনরত শিক্ষকদের লাঞ্ছিত ও রক্তাক্ত করছে।দুই.উপাচার্য হলেন একটি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। দায়িত্ব পালনে তিনি কারও প্রতি রাগ বা অনুরাগের বশবর্তী হতে পারেন না। অথচ আমাদের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজের প্রতি পরম অনুরাগ এবং বিরোধীদের প্রতি চরম বিরাগ দেখাচ্ছেন, অবৈধ সুযোগ-সুবিধা হাতিয়ে নিচ্ছেন।উপাচার্যদের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে, তার একটি তালিকা দেওয়া যেতে পারে:১. উপাচার্য তাঁর জন্য কেনা পুরোনো পাজেরোটি স্ত্রীকে দিয়ে নিজের ব্যবহারের জন্য আরেকটি নতুন পাজেরো বা আরও বেশি দামের গাড়ি কেনেন। শিক্ষকদের পরিবহনের জন্য কেনা গাড়ি ব্যক্তিগত সচিবকে দিয়ে তাঁরা আত্মপ্রসাদ লাভ করেন (উদাহরণ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।২. উপাচার্য বিশ্ববিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠান ভাবেন। কন্যা, শ্যালিকা, ভাই ও ভায়রা—সবার কর্মসংস্থান করেন এবং দ্রুত পদোন্নতি ঘটান (উদাহরণ: রোকেয়া বিশ্ববিদ্যালয়)। তাঁদের এসব আত্মীয়স্বজন যদি এতই যোগ্য ও মেধাবী হবেন, তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন না কেন?৩. আদালতের আদেশ লঙ্ঘন করে তাঁরা অবৈধ নিয়োগকৃত ব্যক্তিদের পাইকারি পদোন্নতি দিয়ে রাষ্ট্রের অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ করে দেন (উদাহরণ: জাতীয় বিশ্ববিদ্যালয়)।৪. উপাচার্যগণ নিয়ম ও বিধি লঙ্ঘন করে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করেন। মেধাবীদের বাদ দিয়ে অপেক্ষাকৃত কম মেধাবীদের নিয়োগ দেন দল ভারী করতে (প্রায় সব কটি বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে, ঘটছে)। ৫. উপাচার্য নিজের বাসভবনকে বিশ্ববিদ্যালয়ের অতিথিশালা ঘোষণা করে বিরাট অঙ্কের অর্থ আদায় করেন (উদাহরণ: নোয়াখালী বিশ্ববিদ্যালয়)।৬. বিভিন্ন শিক্ষা কার্যক্রম বন্ধ, অপ্রয়োজনে ৬২ কোটি টাকা ব্যয়ে নির্মিত মিডিয়া সেন্টার নির্মাণ। উপাচার্যের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছে (উদাহরণ: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।আমাদের উপাচার্যগণ সহকর্মী শিক্ষকদের সঙ্গে সদ্ভাব রাখার চেয়ে সরকার-সমর্থক ছাত্রসংগঠনটির নেতা-কর্মীদের সঙ্গে সদ্ভাব রাখতে বেশি উৎসাহী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ যখন ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে ছাত্রলীগকে ব্যবহার করেছেন, তখন তারাও উপাচার্যের কাছ থেকে সব ধরনের অন্যায় আবদার আদায় করে নেবে, সেটাই স্বাভাবিক। সাধারণ ছাত্রছাত্রীরা এদের হাতে জিম্মি হয়ে পড়েছেন। রাষ্ট্রে যেমন প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার আধার, তেমনি উপাচার্যগণও বিশ্ববিদ্যালয়ে নিজেকে চার বছরের জন্য সর্বময় ক্ষমতার অধিকারী মনে করেন। নিজেদের সুবিধামতো তাঁরা সিন্ডিকেট ও সিনেটের বৈঠক ডাকেন, অসুবিধা হলে কখনোই বৈঠক ডাকেন না।বিএনপির আমলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়ম নিয়ে আওয়ামী লীগ সোচ্চার ছিল। সোচ্চার ছিলেন তাদের সমর্থক শিক্ষকেরা। কিন্তু গত চার বছরে সরকার এ পর্যন্ত একটি দুর্নীতি ও অনিয়মের ঘটনারও বিচার করেনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক কর্মকর্তার চাকরি গেছে আদালতের নির্দেশে। সেখানে সরকারের বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ভূমিকা ছিল না।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল: ‘শিক্ষাঙ্গন সন্ত্রাস, সেশনজটমুক্ত করা হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাঙ্গনকে দলীয়মুক্ত করা হবে।’ আওয়ামী লীগ আমলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দুর্নীতি কমেছে—এ দাবি কেউ করবেন না। বরং উচ্চশিক্ষালয়গুলো দুর্নীতি ও দলীয়করণের চাপে ন্যুব্জ হয়ে পড়েছে।তিন.গত শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবং গত বৃহস্পতিবার রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগ নামধারী যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, তার জন্য কেবল সংগঠনটিই দায়ী নয়; দুটি স্থানেই উপাচার্যদ্বয় আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রলীগের নেতা-কর্মী ও ক্যাডারদের লেলিয়ে দিয়েছেন। রংপুরে ছাত্রলীগের যে তিন কর্মী গ্রেপ্তার হয়েছেন, তাঁদের নিয়ে উপাচার্য আবদুল জলিল মিয়া শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে লিফলেট বিলি করেছেন বলে অভিযোগ আছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন চার মাস ধরে। এর মধ্যে দফায় দফায় উপাচার্যের পেটোয়া বাহিনী তাঁদের মারধর করেছে। একদিকে শিক্ষকদের ধর্মঘট, অন্যদিকে ছাত্রলীগের সন্ত্রাসী—দুই পক্ষের চিপায় পড়ে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনা লাটে উঠতে বসেছে। বাধ্য হয়ে তাঁরা রাজপথে নেমেছেন। উপাচার্য এম আলাউদ্দিন ও সহ-উপাচার্য কামালউদ্দিনকে সরিয়েও সরকার পরিস্থিতির উন্নতি করতে পারেনি। এখন কোষাধ্যক্ষ ও ছাত্র-উপদেষ্টার পদত্যাগ চাইছেন আন্দোলনকারী শিক্ষকেরা।যেখানেই উপাচার্যরা জনরোষের (এখানে জনরোষ না বলে সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের রোষ বলাই শ্রেয়) কবলে পড়েন, সেখানেই লাঠি, হকিস্টিক ও চাপাতি নিয়ে ছাত্রলীগের ক্যাডাররা তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেন। এমন ঘটনা ঘটেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা উদ্ধার পান না। জাহাঙ্গীরনগরে শরীফ এনামুল কবির থাকতে পারেননি। বুয়েটে উপাচার্য পদত্যাগ না করলেও সহ-উপাচার্য হাবিবুর রহমান অপসারিত হয়েছেন।অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। নবাগত ব্যক্তিরা কি পূর্বসূরিদের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে ফের ছাত্রলীগকে লেলিয়ে দেবেন, নাকি মো. আনোয়ার হোসেনের মতো সবাইকে নিয়ে চলার চেষ্টা করবেন, সেটাই দেখার বিষয়। তিনি ওয়াদা করেছিলেন, উপাচার্য পদে নির্বাচন করবেন এবং নির্বাচিত ছাত্র সংসদ উপহার দেবেন। তিনি প্রথম ওয়াদাটি পালন করেছেন। কিন্তু জাকসু নির্বাচন দিতে পারেননি। ডিজিটাল গণতান্ত্রিক সরকারের আমলেও দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হয়নি; নিকট ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নেই। এমনকি প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনির্বাচিত অবস্থায় কাটিয়ে দিলেন প্রায় চার বছর। ডাকসু নির্বাচন নিয়ে এর আগে অনেক কথা বললেও দায়িত্ব নেওয়ার পর সেই অর্থে কোনো উদ্যোগ নেননি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা কি মনে করেন, ছাত্রলীগ নামধারীদের দিয়ে শিক্ষকদের মার খাইয়ে, লাঞ্ছিত ও রক্তাক্ত করে ক্ষমতায় থাকা যাবে? প্রশাসনিক দায়িত্ব নেওয়ার আগে তাঁরা তো ওই বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষক হয়ে শিক্ষককে অপমান ও লাঞ্ছিত করার কাজটি তাঁরা কীভাবে করতে পারছেন? এরপর তাঁরা সহকর্মী শিক্ষকদের মুখ দেখাবেন কী করে? এই উপাচার্যরা কখনো সন্ত্রাসী-হামলাকারীদের পৃষ্ঠপোষক, কখনো হুকুমদাতা। তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি মামলা হওয়া উচিত। বুয়েটের আন্দোলনের সময়ে দেখেছি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সময়ও প্রত্যক্ষ করছি, যেসব শিক্ষক আন্দোলন করছেন, তাঁদের জামায়াত-শিবির বলে কালিমালিপ্ত করা হচ্ছে। এটি কিসের আলামত?আমরা অতীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পেয়েছি বিচারপতি আবু সাঈদ চৌধুরী, আবুল ফজল, মোজাফফর আহমেদ চৌধুরী, জিল্লুর রহমান সিদ্দিকী, আবদুল হালিম চৌধুরীর মতো আইনজীবী-শিক্ষাবিদকে। তাঁরা নীতির প্রশ্নে ছিলেন ইস্পাতকঠিন দৃঢ়, শিক্ষকদের স্বার্থ রক্ষায় আপসহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শামসুল হক স্বৈরাচারী এরশাদ সরকারের অন্যায় আদেশ না মেনে পদত্যাগ করেছিলেন। আর এখনকার উপাচার্যরা চাকরি নেওয়ার জন্য যতটা আনুগত্য দেখান, চাকরি রক্ষার জন্য আরও বেশি তোয়াজ-স্তুতি করেন (ব্যতিক্রম অবশ্যই আছে)। তাঁদের ধ্যান-জ্ঞান হয়ে ওঠে ক্ষমতাসীনদের কীভাবে খুশি করা যায়। যত আন্দোলন হোক, যত অপমান হোক, তাঁরা মেয়াদের শেষ দিন পর্যন্ত পদ আঁকড়ে থাকতে চান। দুর্ভাগ্য যে, অনেক যোগ্য, দক্ষ ও মেধাবী শিক্ষকও উপাচার্য পদে বসে নীতি-আদর্শের কথা ভুলে যান। তাঁদের আগের ও পরের অবস্থানকে মেলানো যায় না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০১০ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছিল: ‘দেশের কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেশন আশঙ্কাজনকভাবে পিছিয়ে পড়েছে। অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এই সেশনজটের কারণে একদিকে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদেরও প্রচুর অপচয় ঘটছে।’ ইউজিসির ২০১১ সালের প্রতিবেদনেও আশার আলো নেই; বরং পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেশনজটে শিক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা বাড়ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের অনার্স কোর্স শেষ হতে ছয়-সাত বছর লেগে যায়। পরীক্ষা দেওয়ার পর ফল পেতেও মাসের পর মাস শিক্ষার্থীদের অপেক্ষা করতে হয়। সেসব নিয়ে উপাচার্য কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাথাব্যথা নেই। তাঁদের পদ-পদবি, গাড়ি-বাড়ি ঠিক থাকলেই হলো। কেউ কেউ হয়তো ভবিষ্যতে শিক্ষাবিষয়ক উপদেষ্টা কিংবা ইউজিসির চেয়ারম্যান হওয়ারও খোয়াব দেখছেন।মাছের পচন ধরে মাথা থেকে। আমাদের উচ্চশিক্ষার পচনটি মাননীয় উপাচার্যদের থেকেই শুরু হলো।সোহরাব হাসান: কবি, সাংবাদিক। [email protected]