এপিএস বা একান্ত সহকারী সচিব নামের যে পদটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনপ্রশাসনে চালু আছে, সেই পদটি যে মহাক্ষমতাধর, তা-ই প্রমাণ করলেন ওমর ফারুক নামের এক ব্যক্তি। ইতিহাসের ওমর ফারুক নাম করেছিলেন নিজের সবকিছু জনগণকে দান করে, আর এই ওমর ফারুক নাম করেছেন মানুষের পকেট হাতিয়ে টাকার পাহাড় বানিয়ে। সম্মান জানানোর জন্য মন্ত্রীদের নামের আগে যদি মাননীয় বলা হয়, তাহলে করিৎকর্মা এপিএসদের নামের আগে মহামান্য শব্দ ব্যবহারই যথার্থ বলে মনে করি।‘বাঁশের চেয়ে কঞ্চি দড়’ বলে বাংলা ভাষায় একটি কথা চালু আছে। বর্তমান প্রশাসন তো বটেই, পুরো দেশটাই চলছে উল্টো নিয়মে। এখানে মন্ত্রীর চেয়ে প্রতিমন্ত্রী ক্ষমতাবান, প্রতিমন্ত্রীর সচিব বেশি দাপট দেখান, সচিবের চেয়ে একান্ত সচিবের কদর বেশি। আর সবার ওপরে এপিএস বা সহকারী একান্ত সচিব।আমরা উত্তরাধিকার সূত্রে যে প্রশাসনিক কাঠামো পেয়েছি, সেটি ব্রিটিশদের তৈরি। ব্রিটেনের প্রশাসনিক কার্যবিধি অনুযায়ী, মন্ত্রীর সহকারী একান্ত সচিবের দায়িত্ব হলো তিনি সব সময় মন্ত্রীর সঙ্গে থাকবেন, মন্ত্রীর বৈঠকের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেবেন, তাঁর দিনের কার্যসূচি ঠিক করবেন। এবং এই একান্ত সচিবেরা আসবেন সিভিল প্রশাসন থেকে। সেখানে আমলাতন্ত্রের উঁচু পদে যেতে সবাইকে এপিএস, পিএস হয়ে যেতে হয়। কিন্তু আমাদের দেশে মন্ত্রীরা প্রশাসন থেকে এপিএস নেওয়ার চেয়ে রাজনৈতিক দলের কর্মীদের নিয়োগেই বেশি উৎসাহী, যাকে বলে মাসতুতো ভাই। উভয়ে উভয়কে রক্ষা করবেন।শুনেছি, অধুনা বাংলাদেশে কোনো কোনো মহাক্ষমতাধর কার্যালয়ে অফিস সহকারীরাও এখন মহাক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠেছেন। তাঁরাই পরামর্শ দেন, অফিসের শীর্ষ ব্যক্তি কাকে সাক্ষাতের অনুমতি দেবেন, কাকে দেবেন না।রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব ওমর ফারুক যে সোমবার মধ্যরাতে ৭০ লাখ (মতান্তরে ৩০ লাখ) টাকা নিয়ে ধরা পড়েছেন, তা এখন ‘টক অব দ্য কান্ট্রি’। আমি মনে করি, সরকারের একটি ছোট্ট ভুলের কারণেই এমনটি হয়েছে। কয়েক দিন আগে সরকার নয়টি নতুন ব্যাংকের অনুমোদন দিয়েছে, এর মধ্যে অন্তত একটি ওমর ফারুক সাহেবের নামে থাকলে মধ্যরাতে টাকা নিয়ে এই নাটক মঞ্চায়নের প্রয়োজন হতো না। টাকা রাখার মতো বিশ্বস্ত ব্যাংক পাননি বলেই তিনি জিপ নিয়ে নির্দিষ্ট গন্তব্যে রওনা হয়েছিলেন। আর তাঁর সেই জিপের অবিশ্বস্ত চালক কিনা বিজিবির সদর দপ্তরে ঢুকে পড়েছেন। সবকিছু ফাঁস করে দিয়েছেন। চালক পাগল হোন আর মাতাল হোন, তাঁকে সালাম জানাই। এ দেশে এই রকম পাগলের সংখ্যা বাড়লে ভদ্রবেশী চোরেরা সামলে চলত।এপিএসের টাকা নিয়ে নানা গুজব বাতাসে ভেসে আসছে। কেউ বলছেন মন্ত্রীকে উপঢৌকন দেওয়ার জন্য এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। কেউ বলেন মন্ত্রীকে ফাঁসাতে। দুই ক্ষেত্রেই এপিএস ‘নায়ক’। কজনের বুকের পাটা আছে ৭০ লাখ টাকা নিয়ে দলবলসহ রাতের ঢাকায় হাওয়া খেতে ঘুরে বেড়ায়।এ ব্যাপারে যে তদন্ত কমিটি সরকার গঠন করেছে। কিন্তু তা দুর্নীতিবাজকে ধরতে না বাঁচাতে, তা বলা মুশকিল। দুর্নীতি দমন কমিশন স্বেচ্ছায় ঘটনা তদন্তের দায়িত্ব নিয়েছে, তাতেও আমরা আশ্বস্ত হতে পারছি না। নখদন্তহীন দুদক যে নখদন্তধারী এপিএসের টাকার রহস্য উদ্ঘাটন করতে পারবে, তা মানুষ বিশ্বাস করে না। এ পর্যন্ত দুদক ক্ষমতাসীন কারও দুর্নীতি তদন্ত করতে পারেনি। ক্ষমতা হারানোদের দুর্নীতি নিয়ে কিছুদিন টানাটানি করলেও মামলা ফয়সালা হওয়ার আগেই সরকারকে বিদায় নিতে হয়।বাংলাদেশে এপিএসরা বড়ই ভাগ্যবান। তাঁদের নিয়ে যত আলোচনা হয়, জনপ্রশাসনের শীর্ষ আমলাদের নিয়েও তা হয় না। অনেক মন্ত্রণালয়ে নাকি মন্ত্রীর পিএসরাও এপিএসের ভয়ে তটস্থ থাকেন। কারণ, রাজনৈতিক সরকারের তাঁরা রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত। জনপ্রশাসনে সাধারণত ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনদের এসিআর লেখেন। কিন্তু রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত এপিএসরাই পিএসদের এসিআর লেখেন। অর্থাৎ, তাঁর গোপন প্রতিবেদনের ওপরই নির্ভর করে মন্ত্রীর সঙ্গে পিএসের থাকা না-থাকা, অন্যত্র বদলি হওয়া।বাংলাদেশে এপিএসদের দৌরাত্ম্য এবারই প্রথম দেখা যায়নি। কয়েক মাস আগে নরসিংদীর পৌর চেয়ারম্যান লোকমান হোসেন হত্যায় জড়িত বলে মামলা হয়েছিল টেলিযোগাযোগমন্ত্রীর এপিএস মাসুদুর রহমান মুরাদের বিরুদ্ধে। তিনিও রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত। অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার এপিএস এখন একাধিক মামলার আসামি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহের হোসেনের এপিএস এলাকায় টেন্ডারবাজিতে জড়িয়ে পড়েছিলেন। আমাদের দেশে সৎ মন্ত্রীর অত্যন্ত ‘অসৎ’ এপিএস রাখার একাধিক উদাহরণ থাকলেও অসৎ মন্ত্রীর একজন সৎ এপিএস রাখার নজির নেই।এপিএসকে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়া হয়, জনগণের ট্যাক্সের অর্থে তাঁরা গাড়ি-বাড়িসহ অন্যান্য সুযোগ পান, কিন্তু যেহেতু রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত সেহেতু কোনো জবাবদিহি নেই। তাঁরা পিএসকে, সচিবকে মানেন না। কেননা তাঁরা জানেন তাঁদের খুঁটি কোথায়।বর্তমান আওয়ামী লীগ ও সাবেক বিএনপির আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিরা হলেন ও ছিলেন প্রধানমন্ত্রীর এপিএস। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস সালাহউদ্দিন আহমদ নাকি চাকরিকালে এতটাই অর্থ ও বিত্তের মালিক হয়েছিলেন, বিএনপি ক্ষমতা ত্যাগের সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দেন এবং পরের বার সাংসদ নির্বাচিত হন।আমলা থেকে সাংসদ, ব্যবসায়ী থেকে সাংসদ হওয়ার হিড়িক পড়েছে। এখন যাঁরা এপিএস পদে থেকে দাপট দেখাচ্ছেন, আমরা হলফ করে বলতে পারি, আগামী বার তাঁরা কেউ পিএস বা সচিব হবেন না, মন্ত্রী হবেন এবং অনুগত কাউকে এপিএস করবেন। অতএব, এপিএস জিন্দাবাদ। সোহরাব হাসান: কবি, সাংবাদিক। [email protected]