মানব উন্নয়ন সূচকে অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) গত মঙ্গলবার ২০২০ সালের যে মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, এক বছরের ব্যবধানে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে। বিশ্বের ১৮৫টি দেশের মধ্যে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৩৫তম, এ বছর আমরা উঠে এসেছি ১৩৩তম অবস্থানে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার অন্য দুই প্রধান দেশ ভারত ও পাকিস্তান উভয়েই দুই ধাপ করে পিছিয়ে গেছে।

এটা অবশ্যই আনন্দের বিষয় যে মানব উন্নয়ন সূচকে ধীরে হলেও আমাদের অগ্রগতি হচ্ছে। বিশেষত, আমরা যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের অবস্থানের তুলনা করে অগ্রগতির দেখা পাই, তখন স্বাভাবিকভাবেই আনন্দ বোধ করি। অবশ্য এক বা দুই বছরের সূচকে সামান্য কিছু এগোনো–পেছানোর তথ্য থেকে ধারাবাহিক ও টেকসই অগ্রগতির নিশ্চয়তা মেলে না। আমাদের এবারের অবস্থান দুই ধাপ এগোনোর পরও দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশ আগের মতোই রয়ে গেছে পঞ্চম অবস্থানে। ভারত দুই ধাপ পেছানোর পরও বাংলাদেশের চেয়ে এগিয়েই রয়েছে, এবার তাদের অবস্থান হয়েছে ১৩১তম। বাংলাদেশের তুলনায় আরও এগিয়ে আছে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। বিশেষত শ্রীলঙ্কা ও মালদ্বীপের অবস্থান বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে: তারা আছে যথাক্রমে ৭২তম ও ৯৫তম অবস্থানে।

ইউএনডিপির এই মানব উন্নয়ন প্রতিবেদনটি প্রণীত হয়েছে কোভিড–১৯ মহামারি আঘাত হানার আগের বছরের তথ্য–উপাত্তের ভিত্তিতে। আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি পাওয়া যাবে আগামী বছর, যখন মহামারির আঘাতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি, কর্মসংস্থান, খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা পরিস্থিতিসহ সার্বিক জীবনমানের ওপর ভিত্তি করে সূচকগুলো নির্ধারিত হবে। কোভিড–১৯ মহামারির কারণে আয়, শিক্ষা ও স্বাস্থ্য—মানব উন্নয়নের এই তিন সূচকই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুতরাং মানব উন্নয়ন সূচকে গত এক বছরের অগ্রগতির চিত্রটি আমাদের জন্য আনন্দদায়ক হলেও তা ক্ষণস্থায়ী। আমাদের সামনে অপেক্ষা করছে অনেকগুলো বড় চ্যালেঞ্জ। অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে ক্ষয়ক্ষতিও দ্রুত কাটিয়ে ওঠার জোরালো উদ্যোগ নিতে হবে। সে জন্য প্রথম দৃষ্টি দিতে হবে হারানো কর্মসংস্থান ফিরে পাওয়া এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির দিকে। কারণ, কর্মসংস্থান সমস্যার সমাধান না হলে মানুষের আয় বাড়বে না, আর আয় না বাড়লে জীবনমানের উন্নতি সাধন সম্ভব হবে না।

সমস্যা হলো, কোভিড–১৯ মহামারির অবসান ঘটেনি। বরং শীত শুরুর পর থেকে মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। অর্থনীতি পুনরুদ্ধারে যে গতির সূচনা ঘটেছিল, বিশেষত রপ্তানি খাতে তা আবারও কিছুটা বাধার মুখে পড়ে গেল। তা ছাড়া যে বিপুলসংখ্যক মানুষ কর্মসংস্থান হারিয়েছে, তাদের একটি ক্ষুদ্র অংশই এখন পর্যন্ত তা ফিরে পেয়েছে। নতুন কর্মসংস্থানের জন্য যে মাত্রায় বিনিয়োগ প্রয়োজন, সেখানেও অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে। অথচ মানুষের আয়–রোজগারের পথ উন্মুক্ত ও বিস্তৃত না হলে মানব উন্নয়নের অন্য ক্ষেত্রগুলোতে উন্নয়ন সম্ভব হবে না। শিক্ষার ক্ষেত্রে যে বিরাট ক্ষতি হয়েছে তা কীভাবে পূরণ হবে, তা এক গভীর প্রশ্ন। মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনো খুলে দেওয়া সম্ভব হয়নি। এই দুর্যোগময় সময়ে দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলোর শিশুশিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়ার মাত্রা কত ব্যাপক হতে পারে, তা বিবেচনায় রেখে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। আর স্বাস্থ্য খাতের যে দুর্বলতা ও ভঙ্গুরতা এই কোভিডকালে দৃশ্যমান হয়েছে, সেখানে আমাদের অনেক কিছু করণীয় আছে। আমাদের হাসপাতালের শয্যাসংখ্যার অপ্রতুলতার তুলনায় চিকিৎসকের অপ্রতুলতা অনেক বেশি; স্বাস্থ্য খাতে অর্থের ঘাটতির তুলনায় ব্যবস্থাপনা, দক্ষতা, দায়িত্বশীলতা ও নৈতিকতার ঘাটতি অনেক বেশি। এই দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। নইলে আগামী দিনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা অত্যন্ত দুরূহ হবে।