বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে (এইচএনডিপি) বাংলাদেশের এক ধাপ এগিয়ে যাওয়া নিঃসন্দেহে আনন্দের খবর। সুশাসন, মানবাধিকারসহ বিভিন্ন সূচকে বাংলাদেশ পিছিয়ে থাকলেও এই অগ্রগতির অন্তর্নিহিত শক্তির উৎস মানুষ। বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী, মেধাবী ও সৃজনশীল। অনুকূল পরিবেশ পেলে তারা যে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে, ইউএনডিপির মানব উন্নয়ন সূচকই তার প্রমাণ। গত কয়েক বছরের সূচক বিশ্লেষণ করলে দেখা যায়, মানুষের আয়ুষ্কাল, শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি তিন খাতেই বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো। যেখানে আশির দশকে প্রবৃদ্ধির হার ছিল তিন শতাংশ বা এর কাছাকাছি, সেখানে নব্বইয়ের দশকে ৫ শতাংশ এবং বর্তমানে ৬ শতাংশে উন্নীত হওয়া কম সাফল্যের কথা নয়। একই সময়ে বাংলাদেশে মানুষের গড় আয়ু ও শিক্ষার হারও বেড়েছে উল্লেখযোগ্য হারে। জাতিসংঘ মানব উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপির) মানব উন্নয়ন সূচক (এইচডিআই) অনুযায়ী, ২০১২ সালে বিশ্বের ১৮৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬, আগের বছর যা ছিল ১৪৭। অন্যদিকে নিম্ন পর্যায়ভুক্ত দেশগুলোর গড় এইচডিআই মান যেখানে ৪৬১, সেখানে বাংলাদেশের ৫৫৮ অর্জনও গুরুত্বপূর্ণ বলেই মনে করি। তবে এখানে সন্তুষ্ট থাকার কারণ নেই। ভারতের নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রায়ই বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নের প্রশংসা করেন। স্বীকার করতে হবে নারী শিক্ষা, মাতৃস্বাস্থ্য, শিশুমৃত্যুর হার হ্রাস ইত্যাদি ক্ষেত্রে আমরা ভারতের চেয়ে এগিয়ে আছি। কিন্তু পিছিয়ে আছি প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আইনের শাসন প্রতিষ্ঠায়। এর কারণ মূলত প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতা এবং রাজনৈতিক অস্থিরতা। উন্নত বিশ্বের কথা বাদ দিলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে অনেকটা পিছিয়ে আছে। বরাবরের মতো এবারও দক্ষিণ এশিয়ার মানবসম্পদ উন্নয়নের শীর্ষে আছে শ্রীলঙ্কা। মালদ্বীপ, ভারত ও ভুটানের অবস্থান যথাক্রমে ১০৪, ১৩৬ ও ১৪০তম। সেখানে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুগলবন্দী হয়ে ১৪৬তম স্থানে থাকার যুক্তি নেই। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আন্তর্জাতিক কোনো কোনো মহল ধাঁধা বলে উল্লেখ করেছে। সেই ধাঁধাকে টেকসই উন্নয়নে নিয়ে যাওয়ার দায়িত্ব রাষ্ট্রপরিচালকদেরই। মানবসম্পদ উন্নয়নের জন্য সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং জনশক্তির যথাযথ প্রশিক্ষণ যেমন জরুরি, তেমনি রাজনৈতিক স্থিতিশীলতাও অপরিহার্য। অথচ আমাদের সংঘাতময় রাজনীতি অর্থনীতির গতিকেই কেবল থামিয়ে দিচ্ছে না, মানুষের কর্মশক্তিকেও করে তুলেছে ভঙ্গুর ও দুর্বল। শিক্ষা থেকে শুরু করে উৎপাদনশীল প্রতিটি খাতে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। রাজনৈতিক নেতৃত্বকেই এখন সংকট উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। মালদ্বীপ ও শ্রীলঙ্কা মানবসম্পদ উন্নয়নে মধ্য শ্রেণীর দেশে উন্নীত হতে পারলে বাংলাদেশ পারবে না কেন?