যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানব পাচারবিষয়ক প্রতিবেদনে বাংলাদেশের মানব পাচার পরিস্থিতির যে চিত্র তুলে ধরা হয়েছে, তা উদ্বেগজনক। এই প্রতিবেদন যেদিন প্রকাশিত হলো সেদিনই আরেকটি খবরে বলা হয়েছে, ভারতে মানব পাচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার।
২৭ জুন প্রকাশিত যুক্তরাষ্ট্র সরকারের ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাচার প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি আগের চেয়েও খারাপ হয়েছে। এ কারণে পাচার রোধের দিক থেকে বাংলাদেশকে এক ধাপ নামিয়ে ‘দুই নম্বর ধাপের নজরদারিতে’ থাকা দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা খুবই দুঃখজনক।
মানব পাচার আমাদের বড় সমস্যাগুলোর একটি। অথচ সরকারের এ ব্যাপারে যতটা নজর দেওয়ার দরকার ছিল, ততটা নেই। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সরকার মানব পাচারবিষয়ক অপরাধের তদন্ত, মামলা পরিচালনা ও অপরাধীর দণ্ড দেওয়া ইত্যাদি বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি। ফলে মানব পাচার বেড়েই চলেছে। পাচার হওয়া মানুষদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। আবার, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের চিঠি অনুযায়ী, এসব নারী-শিশুর বেশির ভাগকেই ভারতে পাচার করা হচ্ছে। দুই প্রতিবেশী দেশের পাচারকারী চক্র বাংলাদেশের দরিদ্র নারী ও শিশুদের সরলতা ও অসচেতনতাকে পুঁজি করে তাদের বিক্রি করে দিচ্ছে ভারতের যৌনপল্লিগুলোতে। হাইকমিশনারের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে মানব পাচার রোধে আইন প্রয়োগের শিথিলতা ও সচেতনতার অভাব ভারতে মানব পাচারের পথ করে দিচ্ছে।
কাজেই মানব পাচার রোধে সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এখানে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে ও ভারতে বাংলাদেশের হাইকমিশনারের চিঠিতে মানব পাচার রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম গ্রহণসহ নানা সুপারিশ করা হয়েছে। সরকারকে ওই সব সুপারিশ অনুযায়ী কাজ করতে হবে।