মানব পাচার প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার বাঁচাও আন্দোলন ও কক্সবাজার সিভিল সোসাইটি—এই দুটি নাগরিক সংগঠন গত বৃহস্পতিবার কক্সবাজার সমুদ্রসৈকতজুড়ে ৮০ কিলোমিটার দীর্ঘ এক মোটর শোভাযাত্রা করেছে সমুদ্রপথে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। বাংলাদেশ থেকে কাঠের নৌকা ও বিদেশি জাহাজে করে সমুদ্রপথে বিভিন্ন দেশে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করতে গিয়ে অনেক মানুষের মর্মান্তিক মৃত্যু সাম্প্রতিক সময়ে আলোচিত বিষয়।এ ধরনের অবৈধ বিদেশযাত্রা কক্সবাজার উপকূলীয় জলসীমা থেকে বেশি ঘটছে বলে কক্সবাজারের নাগরিক সমাজের বিশেষ উদ্বেগ বোধগম্য বিষয়। এটা প্রতিরোধের লক্ষ্যে তাদের সংগঠিত উদ্যোগ অবশ্য জাতীয় গুরুত্ব বহন করে। কেননা, সমুদ্রপথে মানব পাচার একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। কক্সবাজার সমুদ্র উপকূলে বৃহস্পতিবারের শোভাযাত্রার ফাঁকে ফাঁকে ছয়টি প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নিয়েছিল প্রায় পাঁচ হাজার মানুষ। এ থেকেই বোঝা যায়, সমস্যাটির গুরুত্ব কত ব্যাপক।দেশে কর্মসংস্থানের তীব্র সংকটের কারণে অনেক বেকার যুবক কাজের আশায় বিদেশে যাওয়ার চেষ্টা করেন; সচেতনতার অভাবে দালালদের খপ্পরে পড়ে নানা প্রলোভনের শিকার হয়ে অবৈধ পথে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জলযানে করে সমুদ্রপথে পাড়ি জমান। কাঠের নৌকা বা ট্রলারে অতিরিক্ত যাত্রী বোঝাই করে সমুদ্র পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে গত কয়েক মাসে। যাঁরা সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া পৌঁছেন, তাঁদের অনেকেই বৈধ কাগজপত্রের অভাবে সেসব দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে কারাগারে আশ্রয় পান। এসব দেশের কারাগারগুলোতে এ রকম বাংলাদেশি বন্দীর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে।সমস্যাটি অতিশয় গুরুতর: কোনো পরিবারের একমাত্র উপার্জনক্ষম পুরুষ সদস্য সঞ্চিত সব অর্থ খরচ করে এমন বিপজ্জনক ও অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করে সমুদ্রে ডুবে মারা গেলে অথবা বিদেশে গিয়ে শেষ পর্যন্ত কারাগারে নিক্ষিপ্ত হলে পুরো পরিবারটিই বিপন্ন হয়। দারিদ্র্য ঘোচাতে গিয়ে প্রাণের ঝুঁকি নেওয়া কিংবা পুরো পরিবারের জন্য অসহায় পরিস্থিতি ডেকে আনা কোনোভাবেই ঠিক নয়। কিন্তু এ বিষয়ে সচেতনতার অভাব প্রকট, উপরন্তু দালালগোষ্ঠীর তৎপরতা প্রবল। তাই সচেতনতা সৃষ্টির পাশাপাশি মানব পাচারকারী দালালদের কঠিন হাতে দমন করার উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। মানব পাচারকারী দলগুলোর বিরুদ্ধে সামাজিক প্রচারণা প্রয়োজন কিন্তু তা যথেষ্ট নয়, আইনের আওতায় এনে তাদের এমন কঠোর শাস্তির দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে এই অবৈধ ও বিপজ্জনক ব্যবসায় উৎসাহ কমে যায়। সমুদ্র উপকূলে টহলরত কোস্টগার্ডের সদস্যরা নজরদারি করেন, অনেক ডুবন্ত মানুষকে তাঁরা উদ্ধার করেছেন। তাঁদের নজরদারি আরও বাড়ানো সম্ভব হলে কাঠের নৌকায় করে মানব পাচারের প্রবণতা নিশ্চয়ই হ্রাস পাবে।