মানব পাচার বন্ধে সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসী সমস্যা তথা মানব পাচার বন্ধে থাইল্যান্ড সরকার ২৯ মে ১৫টি দেশের যে সম্মেলন আহ্বান করেছে, তা অত্যন্ত সময়োপযোগী। এর মধ্যে যেসব দেশ থেকে অভিবাসীরা গেছে, এবং যেসব দেশে তারা আশ্রয়প্রার্থী, সেসব দেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশও রয়েছে। যখন ক্ষুধার্ত ও বিপন্ন মানুষগুলো বিভিন্ন দেশের উপকূলে ভাসছে, তখন এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করি।
সম্প্রতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সংখলা প্রদেশের একটি জঙ্গলে ৩০টি গণকবরের সন্ধান পাওয়ায় বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী সমস্যাটি বিশ্বসম্প্রদায়ের নজরে আসে। ইতিমধ্যে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি বিভিন্ন দেশ এই সমস্যার দ্রুত সমাধানের তাগিদ ও সহায়তার আশ্বাস দিয়েছে। এই প্রেক্ষাপটে থাইল্যান্ড আহূত এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের ব্যাপারে মিয়ানমারের প্রতিক্রিয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছ, তারা সম্মেলনে যোগ না–ও দিতে পারে। তাদের এই মনোভাব অগ্রহণযোগ্য।
তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সম্মেলনে মিয়ানমারের যোগদানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। বলা বাহুল্য, দক্ষিণ–পূর্ব এশিয়ার এই অভিবাসী সমস্যার মূলে রয়েছে রোহিঙ্গা–সংকট, যদিও উল্লেখসংখ্যক বাংলাদেশি তাদের সঙ্গে যুক্ত হয়েছে। মিয়ানমার সরকারের বৈরী ও নিষ্ঠুর আচরণের কারণেই রোহিঙ্গারা দেশত্যাগে বাধ্য হচ্ছে। কয়েক লাখ রোহিঙ্গার বোঝা বহন করতে হচ্ছে বাংলাদেশকেও।
এ অবস্থায় মিয়ানমারের উপস্থিতি ছাড়া থাইল্যান্ড আহূত সম্মেলন কোনো সুফল দেবে বলে মনে হয় না। অতএব আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে চাপ দিয়ে দেশটিকে সম্মেলনে হাজির হতে বাধ্য করা।
একই সঙ্গে সমুদ্রে ভাসমান ও বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশি অভিবাসীদের উদ্ধারে বাংলাদেশ সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পরিচয় বহনকারী এই বিপন্ন মানবসন্তানদের আমরা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। এ ব্যাপারে জোরালো কূটনৈতিক প্রয়াসের বিকল্প নেই।