থাইল্যান্ডের গহিন অরণ্যে মানব পাচার চক্রের শিকার হওয়া বাংলাদেশি ও বর্মি রোহিঙ্গাদের গণকবর আবিষ্কার সারা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। থাইল্যান্ডের সামরিক সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। সেটা মাত্র দুই বছর আগের কথা। ইতিমধ্যে তার রায় বেরিয়েছে। আমরা থাই ফৌজদারি আদালতের দেওয়া ১৯ জুলাইয়ের রায়কে এশিয়ার মানব পাচারের বিরুদ্ধে একটি মাইলফলক রায় হিসেবে গণ্য করি।
এটা লক্ষণীয় যে বিচারে থাই সামরিক জান্তার অন্যতম শীর্ষস্থানীয় সহযোগী লেফটেন্যান্ট জেনারেল মানাসের ২৭ বছর, সাবেক রাজনীতিবিদ পাজজুবানের ৭৫ বছরের জেলসহ অর্ধশতাধিক ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন। এ ঘটনা নির্দেশ করছে, কোনো রাষ্ট্রব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা থাকলে অনির্দিষ্টকাল ধরে কোনো ঘটনার বিচারহীনতা চলতে পারে না। কেউ শক্তিশালী হলেই বিচার এড়িয়ে চলতে পারেন না। এমনকি ক্ষমতার ভরকেন্দ্রের অত্যন্ত ঘনিষ্ঠ কেউ অভিযুক্ত হলে তাঁকেও দোষী সাব্যস্ত করা চলে। কারণ, এ রকম সংবেদনশীল জঘন্য অপরাধের দায়ে পদস্থ ব্যক্তিদের বিচার হতে দেওয়াকে সার্বিকভাবে সরকারের মর্যাদাসংশ্লিষ্ট হিসেবে গণ্য করা চলে না। বরং বিচার করলেই সরকারের মর্যাদা বাড়ে।
ওই একই মানব পাচারের ঘটনার নিষ্ঠুর শিকার হয়েছিল উল্লেখযোগ্যসংখ্যক দরিদ্র বাংলাদেশি ও রোহিঙ্গা। সুতরাং, ওই চক্রের বাংলাদেশ ও মিয়ানমারের সন্দেহভাজন অশুভ সদস্যরা এখনো রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। মিয়ানমারে অং সান সু চি সরকার এ বিষয়ে কী করেছে, তা আমাদের জানা নেই। অথচ এ বিষয়ের সঠিক তদন্তে দুই প্রতিবেশীর মধ্যে যৌথ তদন্ত হওয়াটাই স্বাভাবিক প্রত্যাশা।
ঢাকায় এ বিষয়ে যে অগ্রগতির খবর বেরিয়েছে, তা আমাদের হতাশ করেছে। তদন্তকারী ও প্রসিকিউশনের অভ্যাসগত শিথিল ভূমিকায় আমরা ক্ষুব্ধ ও ব্যথিত। থাই আদালতের রায় আমাদের আত্মজিজ্ঞাসার মুখোমুখি করেছে। সেখানে এমনকি প্রধান তদন্তকারী রাঘববোয়ালদের চাপের মুখে দায়িত্ব ছেড়ে অস্ট্রেলিয়ায় পালিয়ে গিয়েছিলেন। কিন্তু তাতে তদন্ত থমকে যায়নি।
বাংলাদেশে তিন মামলার দুটির তদন্ত দুই বছরেও শেষ হয়নি। আবার অপর একটি মামলার তদন্ত শেষ হলেও বিচার শুরুর কোনো লক্ষণ নেই। এমনকি অভিযোগপত্রভুক্ত সাত আসামির চারজনকেই পুলিশ এখন পর্যন্ত ধরতে পারেনি।
আমরা আশা করব, থাইল্যান্ডের আদালতের রায় বাংলাদেশের কর্তৃপক্ষের ঘুম ভাঙাতে সহায়ক হবে। এ ক্ষেত্রে বিচারহীনতার যে দুর্ভাগ্যজনক নজির বর্তমানে চলছে, তার অবসান ঘটিয়ে উল্লিখিত মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করা হবে। থাইল্যান্ড যা করতে পেরেছে, তা বাংলাদেশও পারবে।