এত দিন বলা হয়েছিল, শুধু দুর্নীতি দমন কমিশনই নখদন্তহীন প্রতিষ্ঠান। কিন্তু এবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান তাঁর প্রতিষ্ঠানটির দন্ত না থাকার কথা অকপটে স্বীকার করলেন। তাহলে মানবাধিকার কমিশনটি চলছে কীভাবে? তারও জবাব দিয়েছেন তিনি। কমিশন চেয়ারম্যানের দাবি, ‘দাঁত না থাকতে পারে, তবে জিহ্বা আছে।’ বিভিন্ন ঘটনায় তাঁর জোরালো কণ্ঠও শুনতে অভ্যস্ত আমরা।
কিন্তু তাতে কি মানবাধিকার পরিস্থিতির ইতরবিশেষ উন্নতি হয়েছে? হয়নি। এমনকি ঝালকাঠিতে র্যাবের গুলিতে লিমন হোসেনের পা হারানোর ঘটনায় কমিশন চেয়ারম্যান প্রথমে সোচ্চার হলেও পরে আপসরফার পক্ষে অবস্থান নিয়ে কার্যত মানবাধিকার লঙ্ঘনকেই সমর্থন জুগিয়েছেন, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
দাঁত নেই, ব্যবহার হচ্ছে জিব আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সাল থেকে গত নভেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূতভাবে ৫৪৪ জন নিহত এবং ২৭৫ জন নিরুদ্দেশ হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু মানবাধিকার কমিশন কেবল যশোরের একটি ঘটনা তদন্ত করে সেখানে পুলিশের বন্দুকযুদ্ধের দাবিকে মিথ্যা প্রমাণ করেছে। তাদের এ তদন্ত প্রশংসনীয় হলেও তা যে সমুদ্রে গোষ্পদতুল্য, সে কথা বলার অপেক্ষা রাখে না।
সাড়ে চার বছর পর এসে লোকবলের অভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করা যাচ্ছে না বলে সংস্থাটি যেসব অজুহাত দেখাচ্ছে, তা–ও পুরোপুরি গ্রহণযোগ্য নয়। কমিশন চেয়ারম্যানের পুনর্নিয়োগই প্রমাণ করে যে তাঁর প্রতি সরকারের আস্থা আছে। তাহলে কেন তিনি সরকারের কাছ থেকে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় লোকবল আদায় করতে পারলেন না? এতে প্রমাণিত হয় যে প্রতিষ্ঠান নয়, ব্যক্তির প্রতিই সরকার আস্থাশীল।
এভাবে যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান চলে না, তা কমিশন চেয়ারম্যানও নিশ্চয়ই স্বীকার করবেন। তাঁর প্রতি সম্মান রেখেই বলব, মানবাধিকার কমিশনকে কেবল জিহ্বা ব্যবহার করলেই হবে না, মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নখদন্তও ব্যবহার করতে হবে। কেননা, দন্তের কাজ জিহ্বা দিয়ে চলে না।