মানবাধিকার পরিস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত বছরে দেশের মানবাধিকার পরিস্থিতির যে পরিসংখ্যান আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পর্যালোচনায় উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আসকের তথ্য অনুযায়ী ২০১৩ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ কিংবা ক্রসফায়ারে ৭২ জন মারা গেলেও ২০১৪ সালে মারা গেছে ১২৮ জন। একই সময়ে ৮৮ জনের গুম হওয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ১৩ জন, কারা হেফাজতে ৬০ জনের মৃত্যুর ঘটনা, নারী ও শিশু নির্যাতন, বিশেষ করে নারী ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ এবং সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়ে যাওয়াকে কোনোভাবেই স্বাভাবিক বলা যায় না।
দেশের মানবাধিকার চিত্র উদ্বেগজনকআইনের শাসনের প্রতি আস্থাশীল একটি দেশে প্রত্যেক মানুষের জান ও মালের হেফাজতের দায়িত্ব সরকারের এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর মাধ্যমেই তারা সেই দায়িত্ব পালন করে থাকে। দুষ্টের দমন ও শিষ্টের পালনই তাদের কর্তব্য। কিন্তু এর অর্থ এই নয় যে তারা যাকে অপরাধী হিসেবে সন্দেহ বা চিহ্নিত করবে, বিচারের আগেই তার ‘বিচার’ সম্পন্ন করবে। ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ, যে নামেই ডাকা হোক না কেন, প্রকৃতপক্ষে এটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। এতে বিচারব্যবস্থার প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনাস্থাই কেবল প্রকাশ পায় না, সেই বাহিনী নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করে, যা আইনের শাসনের অন্তরায়।
২০১৩ সালের রাজনৈতিক সহিংসতার জন্য প্রধানত বিরোধী দলকে দায়ী করা গেলেও সদ্য বিদায়ী বছরটির বেলায় তা খাটে না। শেষ মুহূর্তে কিছুটা উত্তাপ ছড়ালেও গোটা বছর তাদের কর্মসূচি মূলত হুমকি-ধমকির মধ্যেই সীমিত ছিল। সমস্যা
হলো, প্রথমত সরকার মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে—এটি স্বীকার করতে চায় না। কখনো স্বীকার করলেও সব দায় বিরোধী দলের ওপর চাপিয়ে আত্মপ্রসাদ লাভের চেষ্টা করে।
সত্য অস্বীকারের এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে না আসতে পারলে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন অলীক স্বপ্ন হয়েই থাকবে।