আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ওপর যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা আলোচনার দাবি রাখে। সরকার এই প্রতিবেদনকে বরাবরের মতো অস্বীকার করতে পারে, কিন্তু তাতে দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে না। বরং সরকার যদি সংস্থাটির মূল্যায়ন ও সুপারিশ আমলে নিয়ে প্রতিকারের উদ্যোগ নেয়, তাহলে নাগরিকের স্বার্থ ও অধিকার সুরক্ষা হবে।এইচআরডব্লিউ প্রতিবছরই বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে। ২০১২ সালের ৬৬৫ পৃষ্ঠার প্রতিবেদনে বাংলাদেশসহ ৯০টি দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আলোচনা করতে গিয়ে সংস্থাটি কেবল অবনতির কথাই বলেনি, যেসব ক্ষেত্রে উন্নতি হয়েছে, তা-ও গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। যেমন ২০১২ সালে বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে বিচারবহির্ভূত হত্যার ঘটনা কমেছে। এটি অবশ্যই ইতিবাচক দিক। কিন্তু সেই সঙ্গে সংস্থাটি বিচারবহির্ভূত হত্যা বন্ধে সরকারের অঙ্গীকারের কথাও স্মরণ করিয়ে দিয়েছে। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং সমালোচকদের প্রতি উদার দৃষ্টিভঙ্গি পোষণের যে অঙ্গীকার সরকারের ছিল, তার বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছে এইচআরডব্লিউ।সংস্থার প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের যেসব উদাহরণ রয়েছে, সেগুলো দেশের জনগণের মধ্যেও ব্যাপকভাবে আলোচিত। অতএব, সমস্যাকে পাশ কাটানো বা অগ্রাহ্য করার সুযোগ নেই। মানবাধিকার সুরক্ষার পূর্বশর্ত আইনের শাসন প্রতিষ্ঠা এবং সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। আইন মেনে চলতে প্রত্যেক নাগরিক বাধ্য। আবার আইনের প্রয়োগকারীরা যাতে নিজেদের আইনের ঊর্ধ্বে না ভাবেন, সেই নিশ্চয়তা সরকারকেই দিতে হবে। লিমনের পা হারানোর জন্য দায়ী র্যাব সদস্যদের বিরুদ্ধে সরকার অদ্যাবধি কোনো ব্যবস্থা নেয়নি। বরং লিমনের বিরুদ্ধে মামলাগুলো সচল রয়েছে। এটি মানবাধিকারের কী রকম নজির? সাম্প্রতিক কালে নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার ঘটনাটিও উদ্বেগজনক। এ সহিংসতার বিরুদ্ধে দেশে যে আইনি সুরক্ষা আছে, তা যথেষ্ট বলেই মনে করে এইচআরডব্লিউ। কেন আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না বা অপরাধীদের বিচারের আওতায় আনা যাচ্ছে না, তা খুঁজে বের করার দায়িত্ব সরকারেরই।