২৯ এপ্রিল জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে সর্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতির (ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ) আওতায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনা হতে যাচ্ছে। এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সংস্থা ও এনজিও কর্তৃক প্রস্তুতকৃত ২৭টি বিকল্প প্রতিবেদন জমা পড়েছে। এই প্রতিবেদনগুলোর ভিত্তিতে মানবাধিকার কাউন্সিল একটি একক সংকলনও তৈরি করেছে। উল্লেখ্য যে সর্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতি (ইউপিআর) জাতিসংঘ মানবাধিকার ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়া একটি নতুন পদ্ধতি। এই পদ্ধতির মূল লক্ষ্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটানো এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা—তা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, তার বিরুদ্ধে সোচ্চার হওয়া। এই পুনর্বীক্ষণের ক্ষেত্রে মূলত তিনটি প্রতিবেদনকে বিবেচনায় নেওয়া হয়—সরকার কর্তৃক প্রস্তুতকৃত রাষ্ট্রীয় প্রতিবেদন, জাতিসংঘ ও এর সহযোগী সংস্থা কর্তৃক প্রেরিত তথ্যের ভিত্তিতে মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয় কর্তৃক প্রস্তুতকৃত প্রতিবেদন এবং জাতীয় মানবাধিকার কমিশন, বেসরকারি সংস্থা ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয় কর্তৃক প্রস্তুতকৃত প্রতিবেদন। উল্লেখ্য, বাংলাদেশের মানবাধিকার কমিশন এই বছরই প্রথমবারের মতো সর্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতিতে (ইউপিআর) তাদের প্রস্তুতকৃত প্রতিবেদন জমাদানের মাধ্যমে এই প্রক্রিয়ায় অংশ নিতে যাচ্ছে। ১৯টি মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের সমন্বয়ে হিউম্যান রাইটস ফোরাম, বাংলাদেশ গঠিত হয়। তারা নিজেদের এবং অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করে। এই প্রতিবেদন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে জমাদানের মাধ্যমে ২০০৯ সালে তারা প্রথম ইউপিআরে অংশগ্রহণ করে। ফোরামের মূল লক্ষ্য হলো, এই পদ্ধতিকে কার্যকরভাবে ব্যবহার করে দেশের মানবাধিকার সম্পর্কিত ইস্যুগুলো তুলে ধরা, এই ইস্যুগুলোতে সরকারের অবস্থান জানা, মানবাধিকার রক্ষায় সরকারের কাছ থেকে কার্যকর অঙ্গীকার আদায় করা এবং তা বাস্তবায়নে সরকারের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ চালিয়ে যাওয়া আর এভাবে সরকারের সঙ্গে সম্পৃক্ততা ও যোগাযোগের মাধ্যমে জাতীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটানো। ২০০৯ সালে ইউপিআরে প্রতিবেদন প্রদান ছাড়াও ফোরামের প্রতিনিধিরা মূল অধিবেশনে অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে গৃহীত অন্যান্য রাষ্ট্রের সুপারিশগুলো জাতীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য সরকারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ চালিয়ে যান। এই সুপারিশগুলো কতটুকু বাস্তবায়িত হচ্ছে তার ওপর ভিত্তি করে ফোরাম প্রতিনিধিরা মধ্যবর্তীকালীন প্রতিবেদন তৈরি করেন। দ্বিতীয় পর্বের ইউপিআরে অংশ নিতে ইতিমধ্যে ফোরাম ২০০৯ থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনা করে একটি প্রতিবেদন পেশ করেছে। এই প্রতিবেদনের উল্লেখযোগ্য দিকগুলো গত বছরের নভেম্বর মাসে গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়েছিল। ইউপিআরের প্রাক্কালে সেই প্রতিবেদনটি আবারও গণমাধ্যম-কর্মীদের মাঝে বিতরণ করা হয়।এবারকার মূল অধিবেশনটি অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল ২০১৩ জেনেভায়। তবে মূল অধিবেশনের আগেই যাঁরা এই প্রক্রিয়ার আওতায় প্রতিবেদন জমা দিয়েছেন, তাঁরা সেখানে উপস্থিত হবেন এবং বিভিন্ন ইস্যুভিত্তিক আলোচনায় অংশ নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাঁরা জেনেভায় অবস্থানরত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সভা করে তাঁদের ইস্যুগুলো তুলে ধরবেন এবং তাঁরা কী ধরনের পরামর্শ রাষ্ট্রকে দিতে পারেন সে সম্পর্কে অবহিত করবেন। এই প্রতিনিধিদের কাছে যাঁরা যত বেশি সময়োপযোগী ও কার্যকর সুপারিশ তুলে ধরতে পারেন, তাঁদের বক্তব্য ততটাই গ্রহণযোগ্যতা পাবে। পরবর্তীকালে এই প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের জন্য মূল অধিবেশনে সেই পরামর্শগুলো উত্থাপন করবেন। ইউপিআরের পদ্ধতি অনুযায়ী, সরকারের কাছে যেসব পরামর্শ গ্রহণযোগ্য বলে মনে হয়, তারা সেগুলো গ্রহণ করে অন্যথায় যথাযথ কারণ দেখিয়ে প্রত্যাখ্যান করে। এবারকার অধিবেশনের উল্লেখযোগ্য দিক হচ্ছে, বাংলাদেশ সরকারকে গত অধিবেশনে যেসব পরামর্শ দেওয়া হয়েছিল এবং সরকার যেগুলো গ্রহণ করেছিল সেগুলোর অগ্রগতি কতটুকু হয়েছে, তা উঠে আসবে। এই অধিবেশনের সার্বিক আলোচনার ভিত্তিতে আগামী ২ মে ২০১৩ একটি চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হবে মানবাধিকার কাউন্সিলে।ইতিমধ্যে ঢাকায় বিদেশি দূতাবাসের কূটনীতিক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং দেশের বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সঙ্গে ফোরাম তাদের প্রতিবেদনটি নিয়ে মতবিনিময় করেছে। সেই আলোচনা থেকে বোঝা যায়, এবারকার ইউপিআর সেশনে পূর্ববর্তী অধিবেশনে আলোচিত বিষয়গুলো ছাড়াও যে বিষয়গুলো প্রাধান্য পেতে পারে সেগুলো হলো—রোহিঙ্গা শরণার্থী ইস্যু, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া, শ্রমিক অধিকার, নারী অধিকার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রভৃতি। এবারকার অধিবেশনে অংশ নেওয়ার জন্য ২০ এপ্রিল হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের পক্ষ থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল জেনেভা গিয়েছে। তারা সেখানে ২ মে পর্যন্ত অবস্থান করবে। এই প্রতিনিধিদলে রয়েছেন ফোরামের আহ্বায়ক সুলতানা কামাল, সদস্য সারা হোসেন, ইফতেখারুজ্জামান, জাকির হোসেন, শাহীন আনাম, সঞ্জীব দ্রং, খুশী কবির, সালেহ আহমেদ প্রমুখ।আমরা আশা করছি, এবারকার অধিবেশনে বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে অন্যান্য দেশ থেকে বাংলাদেশ সরকারের কাছে বেশ কিছু উল্লেখযোগ্য পরামর্শ আসবে এবং আমাদের সরকারও সেই পরামর্শগুলো সঠিকভাবে বিবেচনা করবে। পরিস্থিতি বিবেচনায় এবারকার অধিবেশনটি বেশ গুরুত্বপূর্ণ। ২০০৯ সালে যখন প্রথম এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়, তখন মহাজোট সরকার কেবল ক্ষমতা গ্রহণ করেছে। কিন্তু বর্তমানে সরকার তার মেয়াদের শেষ পর্যায়ে আছে। এবারকার অধিবেশনে তাই সরকারের গত চার বছরের শাসনামলের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনা হবে। পাশাপাশি গতবারের অধিবেশনে সরকার যে অঙ্গীকারগুলো করেছিল, তা বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা করা হবে।সুলতানা কামাল: আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং সাবেকতত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।