‘সমুদ্রজয়’ উদ্যাপনের পর ঢাকা আর বিশ্রাম নেওয়ার সুযোগ পেল না মিয়ানমার নিয়ে। বিস্মৃত রোহিঙ্গারা নাফ নদীর এ দেশীয় প্রান্তে আশ্রয় চেয়ে আবারও অমীমাংসিত দ্বন্দ্বের কথা মনে করিয়ে দিল। ‘আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি’, ঢাকার বিবৃতিগুলো ঐতিহাসিকভাবে এই শব্দাবলির মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার সে কড়া ভাষায় কথা বলার সুযোগটা হাতছাড়া করেনি। যাদের নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরক্তি, তারা রাষ্ট্রবিহীন মানুষ এবং একই সঙ্গে উদ্বাস্তুও বটে। কাজেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো বিপদগ্রস্ত রোহিঙ্গাদের আশ্রয় না দেওয়ার সঙ্গে বৈদেশিক সম্পর্ক বিনষ্ট হওয়ার আশঙ্কাটি অমূলক। আমরা মনে করি, ‘রাষ্ট্রবাদী’ চেতনার দাপটে রোহিঙ্গাদের বিষয়টি ভুলভাবে উপলব্ধি করা হয়েছে। সীমান্ত-জীবন সার্বভৌমত্বের আইনি কাঠামোর কেন্দ্রীয় ভাবনাগুলো বরাবরই অবজ্ঞা করে। এ সময়ে অস্বীকার করা কঠিন যে প্রান্তিক মানুষ নিয়মিতই এপার-ওপার করে অনানুষ্ঠানিক অর্থনীতির স্বাভাবিক কিংবা অবৈধিক কার্যক্রমে অংশ নেওয়ার তাগিদে। সে ক্ষেত্রে মানবিক বিপর্যয়ের প্রতিক্রিয়ায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভূমিকা এবং আচরণে সদয়ভাব থাকা কাম্য। বাংলাদেশের সীমান্ত-কূটনীতি নিয়ে ভিন্ন ভাবনা থাকার কথা। কেননা, বিষয়টি একই সঙ্গে আমাদের দেশীয় অর্থনৈতিক উদ্বাস্তু, সম্ভাব্য পরিবেশগত উদ্বাস্তু এবং অবৈধ বাংলাদেশি শ্রমিক আর অভিবাসীদের বিষয়ে আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের প্রত্যাশার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।এ পর্যন্ত অনেক যুক্তিই দেখানো হয়েছে সীমান্ত বন্ধ রেখে আশ্রয় না দেওয়ার পক্ষে: জনসংখ্যার সংকট, অর্থনীতির সংকট, ভাবমূর্তির সংকট—এ রকম আরও অনেক কিছুর। পলায়নরত রোহিঙ্গাদের ধন্যবাদ। তারা আমাদের সংকটগুলোর বিষয়ে আবারও সজাগ করে তুলল। এই যুক্তি অনুযায়ী, আমরা ধনী হলে আশ্রয় দেওয়ার কথা। অন্য ধনী দেশগুলোরও তা-ই দেওয়ার কথা। কিন্তু শরণার্থীদের অবস্থানগত পরিসংখ্যান তো সেটা বলে না। কাজেই সংকট অর্থনীতি বা অন্য কিছুর নয়। এটি আধুনিক রাষ্ট্রব্যবস্থার চরিত্র-সংকট। আধুনিক উদারতাবাদী রাষ্ট্র ব্যক্তিমানুষের বিশ্বজনীন মানবাধিকার স্বীকার করলেও তার নিজের অস্তিত্ব সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও নাগরিকতার ধারণার ওপর প্রতিষ্ঠিত। এই রাজনৈতিক আবহাওয়ায় উদ্বাস্তু কিংবা রাষ্ট্রবিহীন মানুষেরা তাই অনাকাঙ্ক্ষিত, অদ্ভুত ও অযৌক্তিক।অভিজ্ঞ ও শ্রদ্ধাভাজন সাবেক এক কূটনীতিক বলেছেন সমস্যাটা আমাদের না, ওদের। এমন বিশ্লেষণ রোহিঙ্গা সমস্যাটির আঞ্চলিক রূপকেই বরং অস্বীকার করে। আরেক সাবেক কূটনীতিক যা বললেন তার সারমর্ম হলো: রোহিঙ্গারা কোনো যন্ত্রণা ভোগ করেনি (প্রমাণসাপেক্ষ বিষয়) আর মিয়ানমারও জড়িত নয় (থাকবে কী করে, যেহেতু রোহিঙ্গারা ওই দেশের নাগরিকই নয়!)। এ ধরনের মন্তব্যে আমরা দুঃখ পেয়েছি, তবে বিস্মিত হইনি। দুই বছর ধরে আমাদের এই পার্শ্ববর্তী দেশের রাজনৈতিক পরিবর্তনের দিকে কতটুকু আগ্রহ আমরা দেখিয়েছি? যে অং সান সু চির ব্যাপারে এ দেশের মানুষের এত শ্রদ্ধা, তাঁর সঙ্গে সরকারিভাবে যোগাযোগ স্থাপনে আমরা কতটুকু সচেষ্ট হয়েছি? ১৯৫৫ সালের পর গত বছরের ডিসেম্বরে এই প্রথম কোনো মার্কিন সেক্রেটারি অব স্টেটস (হিলারি ক্লিনটন) মিয়ানমার সফর করলেন। ১৯৪৮ সালে দেশটি স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী (ডেভিড ক্যামেরন) মিয়ানমার সফর করলেন তিন মাস হলো। প্রায় ২৫ বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী (মনমোহন সিং) দেশটিতে পা রাখলেন মাত্র গত মাসেই। তাঁরা প্রত্যেকেই রাষ্ট্রপ্রধান আর সু চির সঙ্গে দেখা করেছেন, সম্পর্কের শর্ত-সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। আমরা অবশ্য নিজেদের নিয়েই ব্যস্ত। কারণ, ওরা বার্তা দিয়েছে, এ দেশের একটি ইসলামি দল রোহিঙ্গাদের উসকানি দিচ্ছে। রোহিঙ্গাদের বিষয়ে আমরা কি জেনোফোবিয়াতেই ভরসা খুঁজে পাচ্ছি? হেন কোনো দোষ নেই যা আমরা রোহিঙ্গাদের মধ্যে দেখি না। আবার একই সঙ্গে তাদের ব্যবহারও করেছি নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব-নিকাশ-কৌশলে। কূটনৈতিক চাপের ব্যবস্থা হিসেবে একাধিকবার ঠেলাঠেলিও করেছি সীমান্তে নিয়ে। নানাবিধ অপরাধচক্রও বেশ সক্রিয় এসব অধিকারবিহীন মানুষের অসহায়ত্বকে চূড়ান্তভাবে কাজে লাগানোর জন্য। এরই মধ্যে মুসলিম উম্মাহর কথা বলে ইসলামপন্থীদের ‘সেক্যুলার’ সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় আর বৌদ্ধধর্মের শান্তিবাণীর অসারতা প্রমাণে সচেষ্ট হতে দেখা গেছে। এক ঝোলা ষড়যন্ত্র-তত্ত্ব নিয়ে এবারও তারা যথারীতি হাজির। উপরন্তু, প্রধান বিরোধী দল যেরকম সময় অতিক্রান্ত করে আশ্রয় দেওয়ার কথা বলল, তাতে বোঝা গেল না এটা কি তাদের ‘দলীয়’ অবস্থান, নাকি ‘বিরোধী দলীয়’ বিবৃতি।অনেকেই বলছেন, মানবিকতা আর বাস্তবতার মধ্যে আমাদের কঠিন সিদ্ধান্তকেই বেছে নিতে হচ্ছে। এ ধরনের পর্যালোচনা যা কিনা নীতিশাস্ত্র আর বাস্তববাদের মধ্যে যোজন দূরত্বকে নির্দেশ করে, তা আন্তর্জাতিক সম্পর্কের কঠোরতম বাস্তববাদীকেও হতাশ করবে। কে বলেছে ‘মানবিক মূল্যবোধ’ কিংবা ‘আন্তর্জাতিক রীতি’ জাতীয় স্বার্থের চিন্তা-চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়? বরং জাতীয় স্বার্থের ধারণার পুনর্নিমিত প্রকল্পে নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। যদি বিশ্বাস করি আমাদের ‘জাতীয় মূল্যবোধের’ সঙ্গে (যেটা কিনা জাতীয় স্বার্থের আর পররাষ্ট্রনীতির অন্যতম উপাদান হিসেবে বিবেচিত হয়) মানবাধিকারের বিষয়টি জড়িত, তাহলে শরণার্থীর বিষয়ে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের নিজেদেরই আরও উদ্যোগী হওয়ার কথা।দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার যে কটি দেশে রোহিঙ্গাদের আশ্রয় দিতে হয়েছে, তাদের নিয়ে আমাদের বহুপক্ষীয় উদ্যোগ প্রয়োজন। শরণার্থীদের সীমান্তবর্তী অবস্থান রাষ্ট্রকে তার প্রান্তিক অঞ্চলে আরও ব্যাপক ও কার্যকরভাবে উপস্থিত হওয়ার সম্ভাবনা নিশ্চিত করে দেয় যার কৌশলগত সুবিধা রয়েছে। শরণার্থী-অধ্যুষিত এলাকাকে অনুন্নত রেখে নতুন শরণার্থীদের প্রবেশ অনুৎসাহিত করার যে নীরব কৌশলের ওপর আমরা নির্ভর করে এসেছি বহুদিন, তা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়, কার্যকরও নয়। এতে কেবলই অনুন্নত অঞ্চলের পিছিয়ে পড়া স্থানীয়দের সন্দিহান করে তোলে বহিরাগতদের সম্পর্কে আর আশঙ্কায় পড়ে এই ভেবে যে, তারা একটি অসম প্রতিযোগিতায় লিপ্ত হতে বাধ্য হয়েছে। আরও সব অদ্ভুত যুক্তি এসেছে সরকারি সিদ্ধান্তের সমর্থনে। যেমন, বলা হচ্ছে আশ্রয় দেওয়াটা মিয়ানমারকে প্রশ্রয় দেওয়ার শামিল। তাহলে কি পাকিস্তানকে প্রশ্রয় দেওয়ার জন্যই ভারত এক কোটি বাঙালিকে আশ্রয় দিয়েছিল একাত্তরে? মাত্র নয় মাসে যুদ্ধ শেষ হওয়ার সুফল অনেক। এখন আমরা নানা যুক্তি দিতে শিখেছি। বিংশ থেকে একবিংশ শতকের দক্ষিণ এশিয়ার ইতিহাস মূলত উদ্বাস্তু মানুষের ইতিহাস। ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীও কি ভুলে গেলেন নিজের অভিজ্ঞতার কথা? তিনিও রাজনৈতিক আশ্রয়-প্রার্থী ছিলেন—প্রথমে যুক্তরাজ্যে, পরে ভারতে।এই মার্চেই ‘৭১-এর বন্ধু’ হিসেবে ইউএনএইচসিআরকে মনোনীত করে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী এ কারণে যে সংস্থাটি সেই সময়ে অসাধ্য সাধন করেছিল। তারা শুধু এক কোটি শরণার্থীর দেখভালের কার্যক্রমই পরিচালনা করেনি, পরবর্তী সময়ে আটকে পড়া বাঙালিদের পাকিস্তান থেকে ফিরিয়ে আনার বিষয়টিও নিশ্চিত করেছিল নিজেদের তদারকিতে। শরণার্থী বিষয়ে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থান তার পররাষ্ট্রনীতির নৈতিক ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতার, যা কিনা বর্তমানের বাংলাদেশ থেকে যাওয়া অর্থনৈতিক অভিবাসী আর ভবিষ্যতের পরিবেশগত শরণার্থীদের উদ্দেশ্য করেই মূলত তৈরি, তার বিরুদ্ধে প্রতিবাদে উচ্চকিত হওয়াটা এ দেশের সাধারণের কাছে বিব্রতকর হয়ে দাঁড়াবে। অর্থমন্ত্রী কীভাবে তাঁর তিন বছর আগের দাবিটি পুনর্ব্যক্ত করবেন, যখন তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আগামী ৪০ বছরে বাংলাদেশ থেকে প্রায় দুই কোটি মানুষ পরিবেশগত উদ্বাস্তু হয়ে দেশ ছাড়তে ‘বাধ্য হবে’ আর এ কারণে ব্রিটেনসহ ধনী দেশগুলোর উচিত, সীমান্ত উন্মুক্ত করে বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়ার দায়িত্ব নেওয়া? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বছরের একটি বড় সময় ব্যয় করে মধ্যপ্রাচ্য আর দক্ষিণ-পূর্বের দেশগুলোতে অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার দেন-দরবারে। পরিস্থিতি যখন এ রকম, তখন অভিবাসী শ্রমিক, উদ্বাস্তু, শরণার্থী কিংবা বিদেশে অবৈধভাবে অবস্থানরত বিপুলসংখ্যক বাংলাদেশির বিষয়গুলো নিয়ে আমাদের কূটনৈতিক কার্যক্রমে একটি সংগতিপূর্ণ আচরণের ছাপ থাকা জরুরি। কাজেই যে ন্যায়পরায়ণ আচরণ আর অধিকারের দাবি নিয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাই, সে বিষয়গুলোর যৌক্তিক অংশীদার আমরাও হতে পারি।মুক্তচিন্তার সংস্কৃতি থেকে দীর্ঘকাল বঞ্চিত মিয়ানমারবাসীর জন্য সমসাময়িক রাজনৈতিক সংস্কার আর সীমিত আকারের মত প্রকাশের অধিকার যেন ঘৃণার স্বাধীনতা এনে দিয়েছে। এখন আরাকানবাসী প্রার্থনায় বসেছে, রোহিঙ্গারা যেন ‘তাদের’ ভূমি থেকে উচ্ছেদ হয়। আমরাও রোহিঙ্গাদের দেখছি কেবলই একটি অপরাধপ্রবণ জনগোষ্ঠী হিসেবে। ‘অনাকাঙ্ক্ষিত’ একটি গোষ্ঠীর অস্তিত্বের বিপদ উপলব্ধি করতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এবারও যদি আমরা ব্যর্থ হই আর আন্তর্জাতিক সমাজকে নিয়ে মিয়ানমারের রাষ্ট্রীয় আচরণে পরিবর্তন আনতে অক্ষম হই, তাহলে নিশ্চিতভাবেই মানবিক বিপর্যয় ঘটে যাবে, সেখানে যার প্রভাব থেকে আমাদের সীমান্ত মুক্ত থাকার সম্ভাবনা নেই। লেখকত্রয়: আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।