সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ও ঢাকার অ্যাপোলো হাসপাতালে প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন মোহাম্মদ কামরুজ্জামানের গ্রুপ ‘ওএইচ পজিটিভ’। ‘বোম্বে’ নামে পরিচিত এই গ্রুপের রক্ত বিরল বললে কম বলা হবে; এটি এতই বিরল যে অনেক খুঁজেও বাংলাদেশে এ গ্রুপের রক্ত পাওয়া যায়নি। ফলে অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকেরা তাঁর অস্ত্রোপচার স্থগিত রাখতে বাধ্য হয়েছিলেন।
তবে সুসংবাদ হলো, অনেক অনুসন্ধান ও চেষ্টার পর কামরুজ্জামানের জন্য ‘বোম্বে’ গ্রুপের চার ব্যাগ রক্ত পাওয়া গেছে। ‘থিঙ্ক ফাউন্ডেশন’ নামে ভারতের মুম্বাই শহরের এক বেসরকারি সংস্থা চারজন রক্তদাতার কাছ থেকে চার ব্যাগ রক্ত সংগ্রহ করেছে এবং তা ইতিমধ্যে বাংলাদেশে আনা হয়েছে। স্বপ্না সাওয়ান্ত, কৃষ্ণানন্দ কোরি, মেহুল ভেলেকার ও প্রবীণ সিন্ধে—এই চার রক্তদাতার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। অশেষ কৃতজ্ঞতা মুম্বাইয়ের থিঙ্ক ফাউন্ডেশন ও তার প্রধান বিনয় শেঠির প্রতি, যিনি কামরুজ্জামানের জন্য রক্ত সংগ্রহের ব্যবস্থা করেছেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে রক্ত আনা-নেওয়ার কোনো আইনি বিধান না থাকা সত্ত্বেও উভয় দেশের সরকার বিশেষ বিবেচনায় ভারত থেকে বাংলাদেশে এই চার ব্যাগ রক্ত আনার অনুমতি দিয়ে মানবিক সহযোগিতার অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। কাজটি যে আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে এ জন্য আমরা উভয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত আশাবাদী যে কামরুজ্জামানের প্রয়োজনীয় অস্ত্রোপচার এখন সম্পন্ন হবে এবং তিনি সুস্থ হয়ে স্বজনদের কাছে ফিরবেন।
বাংলাদেশে ‘বোম্বে’ গ্রুপের রক্ত কামরুজ্জামানের মতো আরও কারও কারও শরীরে থাকা অসম্ভব নয়। সরকারি হাসপাতাল ও রক্ত সংগ্রহকারী ও দাতা সংস্থাগুলোর উচিত ‘ওএইচ পজিটিভ’ বা ‘বোম্বে’ গ্রুপের রক্তবাহক মানুষদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া। তাঁদের সম্পর্কে একটি ডেটা ব্যাংক তৈরি করা গেলে অতি বিরল এই গ্রুপের রক্ত বহনকারী মানুষদের জরুরি প্রয়োজনে বিশেষ উপকার হবে।