গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসকদের দায়িত্ব দেশের খেটে খাওয়া মানুষের চিকিৎসা করে তাদের ঋণ শোধ করা। এই নৈতিক অবস্থান বহু আগে থেকেই স্বীকৃত। তবু নতুন করে এ কথা বলতে হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতের বিদ্যমান দুরবস্থার কারণে। চিকিৎসা পেশার মূল লক্ষ্য আর্তমানবতার সেবা, শ্রেণী-বর্ণ-জাতি-পেশানির্বিশেষে রোগাক্রান্ত ব্যক্তির সুচিকিৎসা করা। কিন্তু জনসেবার মানসিকতার স্থলে ব্যক্তিগত ব্যবসার মানসিকতাই আজ প্রধান হয়ে উঠছে।সাম্প্রতিক কালে চিকিৎসা পেশার মর্যাদা নানাভাবে ক্ষুণ্ন হয়েছে। চিকিৎসকেরা নিজেরা এ জন্য অনেকাংশে দায়ী। অনেক সময় তাঁরা মফস্বলে যেতে চান না; দিনের পর দিন অনেকে কর্মস্থলে গরহাজির থাকেন। সরকারি হাসপাতালগুলোতে রোগীদের প্রতি তাঁদের অবহেলা, এমনকি অর্থবিত্তহীন রোগীদের প্রতি নিষ্ঠুরতার খবরও পাওয়া যায়। অনেক চিকিৎসক কর্মস্থলে না গিয়ে ব্যস্ত থাকছেন প্রাইভেট প্র্যাকটিসে। চিকিৎসার মতো মহান পেশায় এ অবস্থা তো চলতে পারে না।স্বাস্থ্য খাতের দুরবস্থার পেছনে আরও বহু কারণ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালের মানোন্নয়ন এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করার ক্ষেত্রেও সরকার বা কর্তৃপক্ষের উদাসীনতা। হাসপাতাল ব্যবস্থাপনার দুরবস্থা প্রধানমন্ত্রীর সেদিনের অনুষ্ঠানের সময়ও স্পষ্ট হয়েছে। সেই অনুষ্ঠানের কারণে শত শত চিকিৎসাপ্রার্থীকে সহ্য করতে হয়েছে দুর্ভোগ। এমনটা কেন হবে? প্রধানমন্ত্রীর বক্তব্যে যেখানে উঠে এসেছে খেটে খাওয়া মানুষের সুচিকিৎসা পাওয়ার অধিকারের কথা, সেখানে কেন চিকিৎসাপ্রার্থীদের ঘণ্টার পর ঘণ্টা প্রতীক্ষায় রাখা হলো? সুচিকিৎসা পাওয়ার অর্থ তো সময়মতো চিকিৎসা পাওয়াও।তা ছাড়া, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা পাওয়ার জন্য সেবাপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনতে হয়। এটা কমিয়ে আনতে হলে চিকিৎসকের সংখ্যা বাড়াতে হবে।বর্তমানে সরকার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এটা প্রশংসনীয়; কিন্তু এর সুফল পেতে হলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা জরুরি। বিদ্যমান ব্যবস্থায় চিকিৎসকের ব্যক্তিগত নৈতিক বোধের ওপর জোর দেওয়া হয়। বিষয়টি উপলব্ধি করে চিকিৎসকের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।আমাদের হাসপাতালগুলোর সার্বিক সেবার মান আশাব্যঞ্জক নয়। এ অবস্থার পরিবর্তন করতে চিকিৎসাব্যবস্থার আধুনিকায়নে সরকারের মনোযোগ বাড়াতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে স্বাস্থ্য খাত নিয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে। এখন কাজ হলো তা বাস্তবে রূপদান করতে উদ্যোগী হওয়া।