মানিকগঞ্জে গ্যাস-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌরসভার বাসিন্দারা জ্বালানি গ্যাসের সংকটে নিরুপায় হয়ে গত মঙ্গলবার বিক্ষোভ করতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের যে সংঘর্ষ বেধেছিল, তা কোনোভাবেই অনিবার্য ছিল না। পুলিশ কেন বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করতে গেল, আর বিক্ষোভকারীরাই বা কেন সহিংস হয়ে উঠলেন—এই সাধারণ প্রশ্নের উত্তর মেলা কঠিন। তবে এর একটা ব্যাখ্যা নিশ্চিতভাবেই এমন যে, এ দেশে যেকোনো বিষয়ে প্রতিবাদ-বিক্ষোভ জানানো কিংবা দাবি আদায়ের চেষ্টায় বলপ্রয়োগের মানসিকতা যেমন প্রবল, তেমনি প্রবল বলপ্রয়োগের মাধ্যমেই প্রতিবাদী-বিক্ষুব্ধ জনতাকে দমন করার প্রবণতা। এটা সত্যিই দুঃখজনক।
মানিকগঞ্জ পৌর এলাকায় জ্বালানি গ্যাসের তীব্র সংকট চলছে দীর্ঘ দুই বছর ধরে। ঢাকার আশপাশে বিভিন্ন এলাকায় ঘুষের বিনিময়ে বিপুলসংখ্যক বাসা-দোকানপাটে অবৈধ লাইন দিয়ে যখন তিতাস গ্যাসের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারী নিজেদের পকেট ভারী করছেন, তখন মানিকগঞ্জ পৌর এলাকার বৈধ গ্রাহকেরা নিয়মিত গ্যাস পাচ্ছেন না। এহেন পরিস্থিতিতে পৌরবাসী নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি অবশ্যই জানাতে পারেন এবং তিতাস কর্তৃপক্ষের কর্তব্য তাঁদের দাবি আমলে নিয়ে গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা করা। কিন্তু তা করা হয়নি বলেই মানিকগঞ্জ পৌরবাসী ক্ষুব্ধ হয়ে অবশেষে তিতাস গ্যাসের স্থানীয় কার্যালয় ঘেরাও করতে চেয়েছেন।
গ্যাসের সংকট, দুর্ভোগে মানিকগঞ্জ পৌরবাসীএটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বিরোধী বিএনপি-জামায়াতেরও ব্যাপার নয়। এটা মানিকগঞ্জ পৌরসভার সব গ্যাস গ্রাহকের ন্যায্য দাবি এবং এই দাবি আদায়ের নেতৃত্বে রয়েছে স্বয়ং মানিকগঞ্জ পৌরসভার মেয়র, যিনি সরকারপন্থী ব্যক্তি হিসেবেই পরিচিত। সুতরাং এই ঘটনায় পুলিশের বাড়াবাড়ি করার কোনো যুক্তি ছিল না। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত বিদ্যুতের দাবিতে কানসাট আন্দোলনের মতো ঘটনাগুলোর কথা স্মরণে রাখা।
এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আমাদের মনে হয়, তাতে সমস্যার সমাধান হবে না। গ্যাস সরবরাহ বাড়ানোর মধ্য দিয়েই কেবল মানিকগঞ্জ পৌরবাসীর ক্ষোভ প্রশমিত হতে পারে।