মানুষ তো নয়, জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বজনহারা মানুষেরা, আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের স্বজনেরা ঘূর্ণিঝড়ে মারা যায়নি, তারা মারা গেছে টর্নেডোতে। এবং প্রিয় দেশবাসী, আপনারা জেনে খুশি হবেন যে, যে হাজারো দ্বিপদী বঙ্গোপসাগরে ছোট ছোট ট্রলার নিয়ে মাছ ধরতে গেছে, এখনো ফিরে আসেনি, তারা জেলে, কাজেই তারা মানুষ নয়। টর্নেডো সৃষ্টি হয় স্থলভাগে, সমুদ্রে নয়। সমুদ্রে যদি এই দুর্যোগ সৃষ্টি হতো, তা হলে তাকে আমরা বলতাম ঘূর্ণিঝড়। কিন্তু যেহেতু এই ঝড় সৃষ্টি হয়েছে ডাঙায়, কাজেই এটা ঘূর্ণিঝড় নয়, এটা টর্নেডো, গ্রীষ্মকালে হলে এটাকে বলা হতো কালবৈশাখী। কাজেই আপনাদের মধ্যে যাঁরা ঘরবাড়ি হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, হাত-পা হারিয়েছেন, তাঁরা আর মুখ গোমড়া করে থাকবেন না, আপনারা একটু হাসুন। গত পরশু টেলিভিশনে পর্দার নিচে দেখা গেল, লেখা দৌড়াচ্ছে, আবহাওয়া অফিস জানিয়েছে, গত ১১ অক্টোবর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়টি ঘূর্ণিঝড় ছিল না, ছিল টর্নেডো। এটা তারা বলতে গেল কেন? তাতে নিহতের কী লাভ? আহতের কী লাভ? আমার ধারণা, এটা তারা করেছে তথ্য অধিকার প্রতিষ্ঠার বাসনা থেকে, নাগরিকদের জানার অধিকার আছে, তারা কিসে মারা গেল, ঘূর্ণিঝড়ে নাকি টর্নেডোতে।তবে তাদেরও লাভ আছে। টর্নেডো হলে সেটার পূর্বাভাস দেওয়া যায় না। কারণ, সেটা হঠাৎ সৃষ্টি হয় আর হঠাৎই আঘাত হানে। সমুদ্রে নিম্নচাপ হলে সেটাকে অনুসরণ করা যায়, সেটার গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা যায়, আর পূর্বাভাস দিয়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা যায়।এবারের ঝড়টি এসেছে প্রেমের মতো, চুপিসারে, ভীরু পায়। সে যে এসেছিল বাতাস তা বলেনি। এসেছিল জানতে তা পারিনি।বিবিসি বাংলার খবরে অবশ্য শুনলাম অন্য কথা। আবহাওয়া অফিসেরই এক কর্তা বলছেন, কে বলেছে পূর্বাভাস দেওয়া হয়নি, সমুদ্রে লঘুচাপ ছিল, সেটা নিম্নচাপে পরিণত হয়েছে, এই খবর আমরা দিয়েছি। যেভাবে খবর দেওয়া হয়, সেইভাবেই দিয়েছি। আমরা বন্দরগুলোকে জানিয়েছি, আমরা ফ্যাক্স করেছি। আর উপদ্রুত এলাকার প্রশাসনিক কর্তা বলেছেন, না তো, কেউ তো আমাদের বলেনি ঝড় আসছে...বলার তো দরকার নেই। কারণ, যারা মারা গেছে, তারা তো মানুষ নয়। তারা জেলে। তারা মাঝি। তারা দলে দলে ভেসে গেলেই কি, হারিয়ে গেলেই কি। তারা পাঁচ শ জন ভেসে গেলেও আমাদের কিচ্ছু যায়-আসে না, তারা পাঁচ হাজার জন নিখোঁজ হলেও আমাদের নিরাপদ তন্দ্রায় সামান্য ব্যাঘাত ঘটে না। কোথাও কোনো খবর নেই। হাজার হাজার জেলে নিখোঁজ, প্রথম দিনের খবরে জানা গেল। তারা কি ফিরে এসেছে? এখনো নিখোঁজ কতজন? কারও কি কিছু এসে যায়?সব মানুষ মানুষ নয়। সব মৃত্যু মৃত্যু না। পাকিস্তানের সাহসী মেয়ে ১৪ বছরের মালালার খবর আমরা অনুসরণ করছি। মেয়েটিকে এখন যুক্তরাজ্যে নেওয়া হয়েছে, আমরা জানি। এটা আমরা জানি। কারণ, এটা আমরা জানতে চাই।কিন্তু যে জেলেরা ভেসে গেছে, তারা ফিরেছে কি ফেরেনি, তা আমরা জানি না। কারণ, আমরা জানতে চাই না। কারণ, যা কেউ জানতে চায় না, তা জানানোর গরজ সংবাদমাধ্যম বোধ করে না। ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় কবি নির্মলেন্দু গুণ ছিলেন আমেরিকায়। কবি অ্যালেন গিনসবার্গের সঙ্গে আমাদের কবি নিউইয়র্কের এক কবিতাপাঠের আসরে হাজির হলেন। সেদিনই আমেরিকার কাগজে বড় বড় করে বাংলাদেশের এই মহাদুর্যোগের খবর ছবিসহ ছাপা হয়েছে। ওই কবিতাপাঠের আসরে তাই বাংলাদেশের নিহত মানুষদের জন্য শোক প্রকাশ করে একটা বিবৃতি পাঠ করা হয়। এরপর আমেরিকার বিখ্যাত কবি গ্রেগরি করসোর সঙ্গে দেখা করতে এগিয়ে গেলেন নির্মলেন্দু গুণ। তিনি বসে বসে, নির্মলেন্দু গুণের ভাষায়, আন্তরিকভাবে মদ খাচ্ছিলেন। গ্রেগরি করসো গুণকে বললেন, তোমাদের দেশের মানুষের প্রাণহানি নিয়ে তুমি উদ্বিগ্ন হচ্ছ কেন। তোমাদের দেশ তো খুব ফার্টাইল। তারপর তিনি দুই আঙুল দিয়ে নারী-পুরুষের সঙ্গমের দৃশ্যটা ফুটিয়ে তুলে বললেন, তোমরা এই কাজ করবা আর হাজার হাজার মানুষের জন্ম দিবা।নির্মলেন্দু গুণের গিন্সবার্গের সঙ্গে বইয়ে এই কাহিনি পাবেন। তাঁর গদ্যসমগ্রের তৃতীয় খণ্ডে ৪১ পৃষ্ঠায় এই বিবরণটি আছে।তবে সেই বিবরণে এই কথা নেই যে ক্ষুব্ধ নির্মলেন্দু গুণ তাঁকে বললেন, তুমি নাকি চোর ছিলা, তুমি নাকি চুরি করে ধরা পড়ে জেল খেটেছ?গ্রেগরি করসো চোর ছিলেন, চুরি করে ধরা পড়েছেন, সেটা বড় কথা নয়, বড় কথা হলো, তিনি কথাটা যে মিথ্যা বলেননি, আজ এত দিন পরও তাই মনে হচ্ছে। উপকূলে একটা প্রচণ্ড ঝড় বয়ে গেল, ঘরবাড়ি হারিয়ে বহু মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে, ৩০/৩৫ জন মারা গেছে, কতজন নিখোঁজ, কতজন আর কোনো দিনও ফিরে আসবে না, তার কোনো খোঁজখবর নেই, কেউ এ নিয়ে সামান্য বিলাপ করেনি, কেউ একটা বিবৃতি দেয়নি, কেউ শোক করেনি, কোনো শোক প্রস্তাব গৃহীত হয়নি, ত্রাণকাজে ঝাঁপিয়ে পড়েনি কোনো সংগঠন, কোনো নেতানেত্রী ছুটে যাননি উপদ্রুত এলাকায়। কারণ তো ওই একটাই। ওরা তো মানুষ নয়, ওরা জেলে। ওরা মাঝি। কিংবা কারণ হয়তো এই, ওরা ঘূর্ণিঝড়ে মারা যায়নি, মারা গেছে টর্নেডোতে।কাজেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কীভাবে মরব। হে আল্লাহ, আমাদের তো মরতেই হবে, সেটা অপঘাতেই, আমাদের তুমি টর্নেডোতে মেরো না, জলোচ্ছ্বাসে কিংবা ঘূর্ণিঝড়ে মেরো, কিংবা মেরো লঞ্চডুবিতে। লঞ্চডুবিতে মারা গেলে আমাদের পরিবার অন্তত লাশপিছু একটা করে ছাগল পাবে। জলোচ্ছ্বাসে মারা গেলে অন্তত রেডিও টিভিতে হামদ-নাত প্রচারিত হবে, প্রধানমন্ত্রী ও বিরোধী নেত্রী বাণী দেবেন। কিন্তু এ কোন মাইর? কোথাও কোনো ক্রন্দন নাই, বিলাপ নাই, মসৃণ চাদরে সামান্য ভাঁজ নাই, কোনো ভ্রুতেই কোনো ক্ষেপ নাই, কোনো বাদ-প্রতিবাদ নাই?একমাত্র বিচলন দেখা গেল আবহাওয়া বিভাগের। তারা একবার বলে, পূর্বাভাস দিয়েছি, একবার বলে, দেব কী প্রকারে, এ তো টর্নেডো, ঘূর্ণিঝড় নয়। একটা তদন্ত কমিটিও গঠিত হয়েছে। পূর্বাভাস দিতে কোনো গড়িমসি হয়েছে, নাকি হয়নি, তার তদন্ত চলছে। এবং একদিক থেকে এও ভালো যে, এটা যে বিরোধী দলের ষড়যন্ত্র, সেটা এখনো কেউ বলে ফেলেনি।যাক বন্ধুরা, মনে কোনো গ্লানি রাখবেন না। হাত ধুয়ে ফেলুন। মার্কিন ওই কবির মতো বরং আমরা স্বাস্থ্যপান করি। খাই-দাই আর চকচকে ব্লেড দিয়ে দাড়ি কামাই। সুখী দেশের সুখী মানুষ আমরা, কয়েকটা জেলে পরিবারের দুর্দশা নিয়ে আমাদের সময় নষ্ট করার সময় কোথায়?আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।