আট বাংলাদেশি নাগরিককে সৌদি আরবের রাস্তায় প্রকাশ্যে শিরশ্ছেদ করার দৃশ্যের চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। যাঁরা বিদেশে যান, তাঁদের একটা স্বপ্ন থাকে, তাঁদের পরিবারেরও স্বপ্ন থাকে যে ছেলে পরিবারের সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে। কেউ ভাবে না তরতাজা তরুণেরা লাশ হয়ে ফিরবে। তাঁরা সেখানে অপরাধ করতে যাননি, তাঁদের চেহারায় লেখা নেই যে তাঁরা অপরাধী। তাঁরা গিয়েছিলেন ভাগ্য ফেরাতে।আজকে যেখানে মৃত্যুদণ্ড কমে আসছে পৃথিবীতে, সেখানে প্রকাশ্যে শিরশ্ছেদ করা চরম অমানবিকতা। আমরা মনে করি না যে সৌদি আরব বর্বর দেশ। সেখানেও কৃষ্টি আছে, সভ্যতা আছে। কিন্তু সেখানে কার্যকর রয়েছে রাজতন্ত্র। সৌদি আরবে গণতন্ত্র দরকার শুধু ওই দেশের জন্যই নয়, আমাদের লোকদের নিরাপত্তার জন্যও।সরকার বলেছে, তারা আইনজীবী নিয়োগ করেছিল, চেষ্টা করেছিল বাংলাদেশিদের বাঁচাতে। এসব কাজে ওখানে অনেক অর্থ খরচ করার প্রয়োজন হয়, আইনজীবী ও দোভাষী নিয়োগ দিতে হয়। আমরা জানতে চাই, সরকার কাদের নিয়োগ করেছিল এবং কী পরিমাণ অর্থ খরচ করেছিল। জানতে চাই, এ ধরনের ঘটনা মোকাবিলায় কী প্রস্তুতি আমাদের আছে? যাঁরা এত টাকা দেশে পাঠাচ্ছেন, তাঁদের জন্য সরকার কতটা করছে? পাশাপাশি অন্য দেশ এ রকম অবস্থায় কী করে, কত খরচ করে তা নিয়ে গবেষণা করে প্রকৃত চিত্র জানা গেলেই প্রতিকারের পথও জানা যাবে।বাংলাদেশ থেকে সেখানে শ্রমিক যায় কাফালা-ব্যবস্থায়। এই পদ্ধতিতে এক ব্যক্তি আটজনকে এবং কোম্পানি হলে যত দরকার তত মানুষকে স্পনসর করতে পারে। এভাবে ভিসার জিম্মি হয়ে পড়েন আমাদের মানুষেরা। সৌদি মন্ত্রী বলেছেন, ৭০ শতাংশ ভিসা কালোবাজারে বিক্রি হয়। তার মানে লোক নেওয়ার পুরো চক্রের মধ্যেই দুর্নীতি আছে এবং তার শিকড় সৌদি আরব থেকে আমাদের রিক্রুটিং এজেন্সি পর্যন্ত ছড়ানো।কাফালাপদ্ধতি রাখা হয়েছিল বেদুইন সংস্কৃতির অতিথিপরায়ণতার চিহ্ন হিসেবে। কিন্তু কাফিলরা টাকার বিনিময়ে ভিসা বিক্রি করে। এভাবে ভিসা কিনে শ্রমিকেরা বিপদেও পড়েন। অনেক সময় গিয়ে দেখেন কাজ নেই। তখন অপরাধী চক্র এঁদের ব্যবহার করে। জীবিকার সংকটের কারণেও অনেকে ফাঁদে পড়ে যান। বাংলাদেশ থেকে সৌদিতে অভিবাসন-প্রক্রিয়ার সঙ্গে এই অপরাধ-প্রক্রিয়া জড়িত হয়ে গেছে। একে ঠিক করা না গেলে আরও অনেকের গায়েই অপরাধীর তকমা লাগবে। তাই সবার আগে ভিসা বিক্রির প্রক্রিয়া বন্ধ করতে হবে।শ্রমিকদের পাঠানোর আগে এখন ভাসা-ভাসা কিছু ধারণা দেওয়া হয়। আমাদের গ্রামের মানুষ জানে না, যে দেশে যাচ্ছে সেখানকার সত্যিকার বাস্তবতা। কী করতে হবে আর কী করতে হবে না, তা জানলে অনেকেই সতর্ক হবে। আর ওখানে বঞ্চিত হলে যাতে দেশে এসে বিচার চাওয়ার ব্যবস্থা করা যায়, সেই পথ দেখাতে হবে। তাই সরকারকে দ্রুতই আট বাংলাদেশির ঘটনা সম্পর্কে সবকিছু জানানো দরকার, যাতে সচেতনতা কার্যক্রম আরও ভালোভাবে করা যায়। বিদেশে লোক পাঠানোর আগে এক সপ্তাহ হোক বা দুই সপ্তাহ হোক, প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে। কিছুদিন আগেই ইন্দোনেশীয় এক গৃহকর্মী বাড়ির মালিক দ্বারা নিপীড়িত হতে হতে তাঁর মালিককে খুন করেন। রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করলেও তাঁর শিরশ্ছেদ ঠেকাতে পারেনি। ইন্দোনেশীয় সরকার সঙ্গে সঙ্গে সৌদি আরবে নারী কর্মী পাঠানো বন্ধ করে। তারা অভিযোগ তোলে যে বিচার ঠিক হয়নি। এ রকম ঘটনায় ফিলিপাইনও সৌদি আরবে নারী গৃহপরিচারিকা পাঠানো বন্ধ করে। এখন সৌদি আরবে আর কেউ নারীদের পাঠায় না বলেই তারা বাংলাদেশি মেয়েদের প্রতি আগ্রহী হচ্ছে। এখানে এই অবস্থায় আমরা দর-কষাকষি করতে পারি যে দুই দেশের আইনের কিছু জিনিস বিবেচনায় না নিলে, অপরাধের প্রতিকার না করলে, আমরা লোক পাঠাব না।বৈশ্বিক অভিবাসন ফোরামের চতুর্থ সম্মেলন এবার সুইজারল্যান্ডে হচ্ছে। আমরা এবার সেখানে এই বিষয়কে তুলে ধরে সৌদি আরবে শিরশ্ছেদ শাস্তি বন্ধের দাবি তুলতে পারি। বলতে পারি, অন্য রাষ্ট্রের নাগরিকদের বেলায় এই আইন প্রয়োগ করতে হলে দুই দেশের আইনকেই বিবেচনায় নিতে হবে। আমাদের এই দুঃখজনক ঘটনাকে অ্যামনেস্টিসহ অনেক মানবাধিকার সংস্থা গুরুত্বের সঙ্গে নিয়েছে। আন্তর্জাতিকভাবে আমরা যদি জোটবদ্ধ চাপ দিই, সব রাষ্ট্র যদি লোক পাঠানো বন্ধ করে, তাহলে তাদের অবস্থা খারাপ হবে। এই কাজে বাংলাদেশকেই গ্লোবাল ফোরামগুলোকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমিকদের দুরবস্থার কথা তুলে ধরার জন্য কাজে লাগাতে হবে। সেই সম্মেলনে আমরা নিহত শ্রমিকদের কারও পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারি।এই ঘটনায় কতগুলো মানুষের প্রাণও গেছে, আবার মধ্যপ্রাচ্যে আমাদের ভাবমূর্তিও নষ্ট হয়েছে। অনেকে ভাবছে যে আমরা অপরাধীদের পাঠাচ্ছি। এটা সম্পূর্ণ ভুল কথা। এই ভাবমূর্তির সংকট কাটানোয় সেখানকার মিডিয়ায় জোরেশোরে বক্তব্য দেওয়া উচিত। এমনকি আল-জাজিরা টিভিতে এ ধরনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে একটা অনুষ্ঠান স্পনসর করা যায়। বলতে হবে যে আসল সমস্যা তোমাদের কাফালাপদ্ধতির। বাংলাদেশের সাধারণ মানুষ এর শিকার।এদিকে আমাদেরও বায়োমেট্রিক পদ্ধতি প্রয়োগ করে ক্রিমিনাল রেকর্ড থাকা কাউকে বিদেশ যেতে দেওয়া যাবে না। অল্প কয়েকজনের জন্য পুরো অভিবাসী কমিউনিটির বদনাম হতে দেওয়া যাবে না। এটা রাষ্ট্রের দায়িত্ব। এটাও বলা দরকার যে যাঁদের মৃত্যুদণ্ড হয়েছে, তাঁদের কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। রাষ্ট্র হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে বিদেশে আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার। এ রকম ঘটনায় ব্রিটিশ নাগরিক কিন্তু ক্ষমা পেয়েছে। সৌদি আরবের কেউ যদি এই অপরাধ করত, তাহলে একটা খুনের জন্য আটজনের মৃত্যুদণ্ড হতো? এক অপরাধে দুই রকম বিচার হতে পারে কখনো? আইনকে তো আইনই হতে হবে। অভিবাসন যদি আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হয়েই থাকে, তাহলে দূতাবাসগুলোকে কেবল ভিসা প্রসেসিংয়ে ব্যস্ত রাখলে চলবে না। ফিলিপাইন তাদের দূতাবাসের একটা বিভাগে ভিসা-কাজ করে এবং বাইরে আরেকটা বিভাগ রাখে শ্রমিক-কল্যাণের জন্য। আমাদেরও সেটা করতে হবে। লেবার অ্যাটাশের পাশাপাশি ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করতে হবে, যিনি থাকবেন প্রবাসী শ্রমিক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। এঁদের কাজ হবে শ্রমিকদের দক্ষতা বাড়ানো, বিকল্প কাজ খুঁজে নেওয়া এবং আইনি ও অন্যান্য সমস্যায় সহযোগিতা দেওয়া। দূতাবাসগুলোকে কেবল দূতাবাস হলেই চলবে না, তাদের কল্যাণ ও সেবাদান প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করতে হবে। এই ওয়েলফেয়ারগুলো দেশে ও বিদেশে দুখানেই হতে হবে। তাসনিম সিদ্দিকী: অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়; চেয়ারম্যান, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু)।