মানুষ দিন দিন আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হয়ে যাচ্ছে; সবাই শুধু নিজেকে নিয়েই ব্যস্ত; অন্যের দুঃখকষ্ট, বিপদ-আপদে কারও কিছু এসে যায় না; কারও প্রতি সহায়তার হাত বাড়িয়ে কেউ আর আগের মতো এগিয়ে আসে না; চোখের সামনে বিপন্ন মানুষকে দেখে পাশ কেটে চলে যায়—এই রকমের অনেক হতাশার কথা শোনা যায়। কোনো সমাজে এ রকম হতাশা এমনি এমনি আসে না; হতাশার কিছু কারণ অবশ্যই থাকে। যে কথাগুলো ওপরে বলা হলো, সেগুলো একেবারে অসত্য নয়।
কিন্তু শ্রীমঙ্গলের ২২ বছরের যুবক আবদুল কাদির একটি কাজ করেছেন, যা এই হতাশার মধ্যে আশা জাগায়। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিকশা চালান। এক সন্ধ্যায় একটি চা-বাগানের পাশের রাস্তা দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন, রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে আছে একটি কিশোর। ওই পথ দিয়ে অনেক মানুষই চলাচল করেছে এবং অচেতন কিশোরটিকে ওইভাবে পড়ে থাকতে দেখেছে, কিন্তু কেউই তার কাছে এগিয়ে যায়নি। সম্ভবত ‘ঝামেলা’ এড়াতে সবাই নিজ নিজ পথে চলে গেছে।
কিন্তু রিকশাচালক আবদুল কাদিরের মনে সহানুভূতি জেগেছিল। তিনি কিশোরটির কাছে এগিয়ে যান, নিজের বাসায় নিয়ে যান তাকে, সেবাযত্ন করেন, চিকিৎসার ব্যবস্থা করেন। তিন দিন পর কিশোরটির জ্ঞান ফিরে এলে আবদুল কাদির তার কাছে বৃত্তান্ত শুনতে পান।
এই কিশোরের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার একটি গ্রামে। সে ঢাকায় থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করে। ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিল, ছুটি শেষে ২২ জুন ঢাকায় ফেরার জন্য রওনা দেয়। সিএনজিচালিত একটি অটোরিকশায় উঠেছিল সে। সেটিতে আগে থেকেই কয়েকজন যাত্রী ছিল। কিন্তু তারা যে যাত্রীবেশী দুর্বৃত্ত, কিশোরটি তা বুঝতে পারেনি। অটোরিকশার ভেতরে বসেই একটা সময়ে সে চেতনা হারায়।
কিশোরটি ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়েছিল। তারা তার টাকাপয়সা ও ব্যাগ কেড়ে নিয়ে তাকে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গেছে।
এ রকম অপরাধের ঘটনা প্রায়ই ঘটে। কোনো ঘটনার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, কোনোটা হয় না। এই কিশোরের ঘটনাটির খবর প্রথম আলোয় গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। সেটা তার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার কারণে যতটা নয়, তার চেয়ে বেশি তার প্রতি এক দরিদ্র রিকশাচালকের সহানুভূতি ও সেবাশুশ্রূষার কারণে। আবদুল কাদির কিশোরটিকে সুস্থ করে তোলার পর তার কাছ থেকে তার বাবার ফোন নম্বর নিয়ে তাঁকে ফোন করে যা ঘটেছে, তা বলেন। বাবা আবদুল কাদিরের বাড়িতে গিয়ে ছেলেকে ফিরে পান, তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন।
আমরা আবদুল কাদিরকে আন্তরিক ভালোবাসা জানাই। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, মানুষ মানুষের জন্য।