মানুষই লড়বে অপশক্তির বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন সকাল থেকেই শাহবাগে জমায়েত। আস্তে আস্তে বাড়ে রোদ, বাড়ে জমায়েত, জোরালো হয় স্লোগানের শব্দ। একটি রায়ের জন্য অপেক্ষা করছে পুরো দেশ। সবার চোখ টিভির দিকে। একসঙ্গে এত মানুষ টেনশন নিয়ে, দুরু দুরু বুক নিয়ে বসে আছে একটি রায় শোনার অপেক্ষায়। সবার চোখ টিভির সামনে। কারও কারও মোবাইলে। ল্যাপটপ হাতে অনেকেই। মধ্যদুপুরে এক বাঁধভাঙা আওয়াজ দিয়ে উল্লাসে ফেটে পড়ল শাহবাগের উত্তপ্ত তারুণ্য। আনন্দে অনেকের চোখেই অশ্রু, একে-ওকে জড়িয়ে ধরছে সবাই। আনন্দ মিছিলে ভেসে যাচ্ছিল সবাই। আট-দশজনের মতো বেলা তিনটার দিকে আনন্দ আর প্রাপ্তি বুকে জড়িয়ে মিছিল শেষে যখন ফিরে আসছি শাহবাগের দিকে, তখনই সহকর্মী শান্তনু মজুমদারের ফোন। চিন্তিত গলা। নোয়াখালীর রাজগঞ্জে কয়েকটি হিন্দু বাড়িতে হামলা হয়েছে। মন্দির ভাঙচুর হচ্ছে। হঠাৎ করেই মনে হলো, সব আনন্দকে কে যেন গলা টিপে হত্যা করল। চেষ্টা করতে লাগলাম পুরো খবর জানার। ১.১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পরপরই নোয়াখালীর রাজগঞ্জে মিছিল বের করে জামায়াত-শিবিরের কর্মীরা। সেই মিছিল থেকেই রাজগঞ্জ বাজারের মন্দির, ঠাকুরবাড়ির সামনের মন্দির ও বাইন্নাবাড়ির মন্দির ভাঙচুর করা হয়। হামলা ও ভাঙচুর চালানো হয় আটটি হিন্দু বাড়িতে। তারা মন্দির ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি। বাড়িতে বাড়িতে আগুন লাগিয়েছে। অনেকেই পাশের মুসলিম বাড়িগুলোতে আশ্রয় নিয়েছেন। রাতে বাড়িতে ফেরার চেষ্টা করলেও ভয়ে, আতঙ্কে পুরো রাত কেটেছে তাঁদের। খবর আরও আসতে থাকে। আক্রান্ত হয়েছেন বাঁশখালীর হিন্দুরা। সেখানকার দক্ষিণজলদির ২০টি হিন্দু ঘর পুড়িয়ে দেওয়া হয়। হামলা ও আগুনে আহত হন ১৬ জন, যার মধ্যে দুজন মারা যান। আরও চারজন লড়ছেন মৃত্যুর সঙ্গে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিবমন্দিরে শীতলা দেবীর প্রতিমা ভেঙে ফেলা হয়। এখানেই শেষ নয়, রোববার রাত সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের গোয়ারীমান্দ্রা মণিপাড়া কালীমন্দিরে আগুন দেওয়া হয়েছে। সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর যে তাণ্ডব শুরু করেছে জামায়াত-শিবির, তার মধ্যে দক্ষিণ চট্টগ্রাম, নোয়াখালী, বাগেরহাট, বরিশাল, গাজীপুরের পর মুন্সিগঞ্জের মন্দির ভাঙচুর করা হলো। এই সাম্প্রদায়িক হামলার শিকার বেড়েই চলছে। দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ উত্তর মহেশপুর গ্রামে ১২টি সংখ্যালঘু কৃষক পরিবারের বাড়ি ও খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পত্রিকান্তরে জানা যায়, রাত ১২টার পর গ্রামের সব কৃষক যখন ঘুমিয়ে ছিলেন, তখনই লাগানো হয় আগুন। কত ভয়ংকর এই হামলা! বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুরা আজ আছে বিপন্ন অবস্থায়। ভাবছে, এই বুঝি তার ঘরটিতে আগুন লাগানো হবে, জীবন নিয়ে টানাহ্যাঁচড়া করতে হবে। বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা এই আতঙ্কের বীজটি দৃঢ় করতে সহায়তা করেছে। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশের জন্ম হলেও এ দেশের মাটিতেই নিত্যই চলছে সাম্প্রদায়িকতার চাষবাস, এক ঐতিহাসিক বসবাস। এই ইতিহাসের ফয়সালা অনেক আগেই হওয়া প্রয়োজন ছিল। ’৭১ পার করে ২০১৩ সালে এসেও কি আমরা সেই ১৯৪৭-এর ভূত মাথা থেকে তাড়াতে পারছি না। তা না হলে একজন যুদ্ধাপরাধীর বিচারের রায়ের সঙ্গে হিন্দু বাড়িঘরে আগুন লাগানোর সম্পর্ক কী? মন্দিরে হামলা চালানোর প্রয়োজন কী? প্রতিমা ভাঙচুরের সম্পর্ক কী? সম্পর্ক আছে বলেই এ দেশে রামুর মতো ঘটনা ঘটতে পারে, ঘটতে পারে রাজগঞ্জ, বাঁশখালী ও কুমিল্লার মতো ঘটনা। আর আমরা কেবল টেলিফোনে আমারই কোনো প্রতিবেশী কিংবা বন্ধুর কান্না শুনি, তার আক্রান্ত হওয়ার খবর পাই, আর শুনি আতঙ্কে নির্ঘুম রাত্রি জাগার খবর, নিরাপদ আশ্রয়ের আশায় ছোটাছুটির খবর, জীবন নামক অতি গুরুত্বপূর্ণ বিষয়টি নিমেষেই গুরুত্বহীন হয়ে যাওয়ার সংবাদ। ২.অনেক রাজনৈতিক সিদ্ধান্তকেই অমীমাংসিত রেখেই এ দেশ বড় হয়েছে, হচ্ছে। আর এই অমীমাংসিত বিষয়গুলো বাংলাদেশের জন্য কাল হচ্ছে দিন দিন। ইসলাম রাষ্ট্র ধর্ম হওয়ার পর থেকেই রাষ্ট্রীয়ভাবে এ দেশের ধর্মীয় সংখ্যালঘুদের সবচেয়ে বেশি অনিরাপদ করা হয়েছে। যার কারণে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এ ধরনের স্লোগানের সঙ্গে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মতাদর্শিক সংঘর্ষ তৈরি হয় কিন্তু এতে সুযোগ পায় অন্যরা, যারা ধর্মকে ব্যবহার করতে চায়, যারা সাম্প্রদায়িকতা ছড়াতে চায়। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তৈরি হওয়া শাহবাগীদের আন্দোলন দমাতে প্রথম থেকেই ছড়ানো হচ্ছিল সাম্প্রদায়িক উসকানি। আর সেই উসকানিতেই পুড়েছে হিন্দু বাড়িঘর। ঘরছাড়া হয়েছে, জীবনছাড়া হয়েছে মানুষ। বিভিন্ন জেলায় ঘোষিত হয়েছে ১৪৪ ধারা। জামায়াত-শিবিরের তাণ্ডবে ভীত মানুষ, বিশেষ করে সংখ্যালঘুরা। কিন্তু এটি হঠাৎ করে ঘটা কোনো ঘটনা নয়। এটি পরিকল্পিত। এটি এ দেশের মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত। যারা এ দেশ চায়নি, যারা পাকিস্তানের অখণ্ডতা চেয়েছে, এখনো যারা এ দেশের মাটিতে পাকিস্তানের পতাকা নিয়ে মিছিল করে, বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলে, শহীদ মিনার আক্রান্ত করে, তারাই তো ঘটাবে সাম্প্রদায়িক হামলা। সাম্প্রদায়িকতা শুধু ঢাকার বাইরে নোয়াখালীতে নয়, বাঁশখালীতে, মুন্সিগঞ্জে, গাজীপুরে, বাগেরহাটে কিংবা বরিশালে নয় কিংবা কুমিল্লাতে নয়, আমাদের আশপাশের অনেকের মধ্যেই আছে, সংকটকালেই শুধু মুখোশহীন মুখটি বেরিয়ে আসে। কিন্তু এই সাম্প্রদায়িকতা ঠেকাবে কে? এর উত্তর একটিই। আমাদেরকেই রুখতে হবে। পাড়ায় পাড়ায় তৈরি করতে হবে জনগণের টহল। প্রশাসনিক সহায়তার বাইরেও সবাইকে থাকতে হবে সচেষ্ট। এ দেশ যদি আমরা সবার জন্য নিরাপদ করে গড়ে তুলতে না পারি, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বলে আর কোনো কিছু থাকবে না। যেকোনো দল বা গোষ্ঠীর মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবার ঐকমত্য হওয়া প্রয়োজন। স্বাধীনতাবিরোধীরা অনেক কর্মকাণ্ডের সঙ্গে সামম্প্রদায়িকতার মতো বিষ সারা দেশে ছড়িয়ে দেবে, এটাই স্বাভাবিক। তবে আমরা বিশ্বাস করি, করতে চাই, বাংলাদেশের মানুষ লড়বে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে।জোবাইদা নাসরীন: শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।[email protected]