মানুষকে ফুঁসে উঠতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশে সাধারণ মানুষের জন্য বেঁচে থাকার পথ খুব বেশি নেই, কিন্তু মরার পথ বিস্তর। বহুতল ভবনধসে জীবন্ত সমাধি তার একটি।’ মন্তব্যটি মার্কিন সাংবাদিক মিশেল চেনের। ইন দিজ টাইমস সাপ্তাহিকে সাভারের রানা প্লাজায় ছয় শতাধিক পোশাকশ্রমিকের নির্মম মৃত্যু প্রসঙ্গে তাঁর এই মন্তব্য।মোটেই ভুল কিছু তিনি বলেননি। বাংলাদেশের গরিব শ্রমিক দুমুঠো অন্ন জুটবে এই আশায় মৃত্যুর সঙ্গে বাজি রেখে এসব পোশাক কারখানায় কাজ নেন। তাঁদের গড়পড়তা আয় মাত্র ৪০ ডলার। যে জামা বা প্যান্ট তাঁদের হাতে তৈরি হয়ে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট স্টোরে বিক্রির জন্য আসে, তার প্রতিটির দাম অনেক ক্ষেত্রেই ৪০ ডলারের বেশি বৈ কম নয়। বাংলাদেশ যে এখন মাঝারি আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখছে, তা এই পোশাকশ্রমিকদের দুর্বল কাঁধে বন্দুক ঠেকিয়েই। অথচ তাঁদের জীবনের নিরাপত্তার মতো মৌলিক অধিকারটুকু আমরা নিশ্চিত করতে পারিনি। পোশাকমালিকদের একটাই লক্ষ্য—আরও বেশি মুনাফা। শ্রমিককে যত কম বেতন দেওয়া যায়, তাঁদের দেখভালে যত কম ব্যয় করা যায়, লাভের বখরা তত বেশি। অন্যদিকে সরকার ভাবছে, শ্রমিকের ন্যূনতম বেতন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তর আইন করা হয়েছে। অতএব তাদের দায়দায়িত্ব শেষ।বাংলাদেশে প্রায় পাঁচ হাজার পোশাক কারখানা আছে, যার অধিকাংশই কোনো না-কোনোভাবে ঝুঁকির সম্মুখীন। এই তথ্যটি দিয়েছেন মার্কিন ভাষ্যকার ও নাগরিক অধিকারকর্মী স্কট নোভা। গত সপ্তাহে এ দেশের পাবলিক টেলিভিশন পিবিএসের সঙ্গে আলাপ প্রসঙ্গে স্কট জানিয়েছেন, এসব পোশাক কারখানা যেকোনো সময় ধসে পড়তে পারে, অগ্নিকাণ্ডসহ ছোট-বড় নানা দুর্ঘটনার শিকার হতে পারে। সে কথা জানা সত্ত্বেও বাংলাদেশি পোশাকমালিকেরা বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার একটা বড় কারণ এখানে শ্রমিক অধিকার রক্ষার কোনো সাংগঠনিক ব্যবস্থা নেই। অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিক ইউনিয়ন গঠন নিষিদ্ধ। ফলে একজোট হয়ে শ্রমিকেরা তাঁদের নিরাপত্তাহীনতার প্রতিবাদ জানাবেন, তার সুযোগও কার্যত নেই। তা ছাড়া প্রতিবাদ করতে গেলে চাকরি খোয়ানোর ভয় আছে। ভয় আছে গুম-খুনের। আমিনুল ইসলাম নামের এক শ্রমিক ইউনিয়ন নেতা দুই বছর আগে খুন হয়েছেন, এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ঢাকা গিয়ে তার খোঁজখবর নিয়েছেন, তার পরও নয়। এই পোশাকশিল্প আমাদের সোনার ডিম দেওয়া হাঁস। এ কথা জেনে আমাদের উচিত তাকে আদর-যত্নে লালন করা। কিন্তু ঈশপের গল্পের লোভী কৃষকের মতো আমাদের পোশাক কারখানার মালিকেরা সে হাঁসে ফাঁস বসিয়ে এখনই যতটা সম্ভব মাল হাতড়াতে চান। শ্রমিক মরুক তাতে ক্ষতি নেই, নগদ পাওনা এখনই চাই। তাঁদের সঙ্গে এককাট্টা হয়েছেন বিদেশি আমদানিকারকেরা। সবচেয়ে কম মূল্যে তৈরি পোশাক কেনা যায় বাংলাদেশেই। ফলে চীন, ভিয়েতনাম বা শ্রীলঙ্কা ছেড়ে তাঁরা ভিড় জমিয়েছেন বাংলাদেশে। কে মরল, কে বাঁচল, এ নিয়ে তাঁদের কোনো মাথাব্যথা নেই। লাভের বখরা মিললেই হলো। বিশ্বের প্রধান খুচরা বিক্রেতা ওয়াল-মার্ট। তারা বাংলাদেশের পোশাকশিল্পের অন্যতম প্রধান আমদানিকারক। ওয়াল-মার্টের বিক্রি করা জামা-জুতায় বিদেশি শ্রমিকদের রক্তের দাগ রয়েছে—এই অভিযোগের মুখে নানারকম নামকাওয়াস্তে ব্যবস্থা গ্রহণের কথা তারা ঘোষণা করেছে। যেসব কারখানার মালিক শ্রমিকদের নিরাপত্তা ও ন্যূনতম মজুরি নিশ্চিত করতে ব্যর্থ হবেন, তাঁদের কাছ থেকে কাপড় কেনা বন্ধ করে দেবে, এমন কথাও ওয়াল-মার্ট বলেছে। কিন্তু সত্যি সত্যি এ দুই ক্ষেত্রে কি অগ্রগতি হয়েছে, তার খতিয়ান চেয়ে শেয়ারহোল্ডাররা দাবি তুললে ওয়াল-মার্ট সে দাবি কোনো আলোচনা ছাড়াই বাতিল করে দেয়। ‘আমরা দুর্ঘটনা রোধে নানারকম ব্যবস্থা নিয়েছি, সে জন্য কারখানার মালিকদের বাড়তি অর্থও ঋণ হিসেবে বরাদ্দ করেছি’, এই ছিল ওয়াল-মার্টের যুক্তি। সেসব ব্যবস্থা নেওয়ার ফলে বাংলাদেশে পোশাকশিল্প খাতে কী পরিবর্তন হয়েছে, তা নিয়ে ওয়াল-মার্টের শেয়ারহোল্ডাররা অতিরিক্ত তথ্য দাবি করে ভোটাভুটির দাবি তুলেছিলেন। ওয়াল-মার্টের ব্যবস্থাপনা পরিষদ সে দাবিও প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে কেন্দ্রীয় সরকারি দপ্তর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে অভিযোগ করা হলে তারা ওয়াল-মার্টের দাবিই সমর্থন করেছে। সব রসুনের গোড়াই যে এক জায়গায়! নামকাওয়াস্তে কাগুজে ব্যবস্থা গ্রহণের বদলে যা সবচেয়ে বেশি দরকার, তা হলো বাংলাদেশ থেকে আমদানি করা পোশাকসামগ্রীর ক্রয়মূল্য বাড়ানো। অথচ সে পথে ওয়াল-মার্ট বা ওল্ড নেভির মতো প্রধান আমদানিকারকেরা এগোতে নারাজ। তবে যে কাজটিতে তারা টাকা ঢালতে দুই পায়ে খাড়া, তা হলো নিজেদের স্বার্থরক্ষায় লবিং প্রতিষ্ঠান নিয়োগ। উদ্দেশ্য, একদিকে সাধারণ ক্রেতাদের কাছে সত্য-মিথ্যা উগরে দেওয়া, অন্যদিকে আইনপ্রণেতারা যাতে কোনো নেতিবাচক ব্যবস্থা না নেন, তা নিশ্চিত করা। এসব লবিং গ্রুপের একটি হলো ওয়ার্ল্ডওয়াইড রেসপনসিবল অ্যাক্রেডিটেড প্রোডাকশন বা র‌্যাপ। এই সংগঠনের নিজস্ব দাবি অনুসারে তাদের কাজ হলো পোশাক কারখানায় শ্রমিকদের নিরাপত্তা সুরক্ষিত হয়েছে কি না, সে ব্যাপারে মালিক ও আমদানিকারকদের কাছে সনদ বা সার্টিফিকেট দেওয়া। বিদেশি আমদানিকারকদের পক্ষ হয়েই তারা এই কাজটি করে থাকে। আগুন লাগলে বা ভবনধসের সম্মুখীন হলে কীভাবে জীবনরক্ষা সম্ভব, সে বিষয়ে আমদানিকারকদের অর্থানুকূল্যে শ্রমিকদের বিশেষ প্রশিক্ষণের কাজও তারা পালন করে থাকে। এই সংগঠনের প্রধান আভেডিস সেফেরিয়ান দাবি করেছেন, তাঁদের চেষ্টার ফলে বাংলাদেশের পোশাকশ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। শ্রমিকেরা এখন জানেন আগুন লাগলে কী করা উচিত, কী করলে তাঁরা বিপদ থেকে রক্ষা পাবেন। রানা প্লাজায় এমন দুর্ঘটনা তাহলে ঘটল কীভাবে—তার ব্যাখ্যায় র‌্যাপ জানিয়েছে, সেখানে যে পাঁচটি পোশাক কারখানা রয়েছে, তার মাত্র একটির জন্য তারা নিরাপত্তা সনদ দিয়েছিল, কিন্তু তার মেয়াদও ইতিমধ্যে ফুরিয়ে গেছে। পিবিএসের যে অনুষ্ঠানের কথা গোড়াতে উল্লেখ করেছি, সেখানে বিদেশি আমদানিকারকদের পক্ষে ভদ্রলোকের সে সাফাই শুনে স্কট নোভা পাল্টা মন্তব্য করেছেন, মূল ভবনটাই যখন হুমকির সম্মুখীন, তখন আগুন থেকে বাঁচার পথ বাতলালে কী কাজ হবে? আগুন ডিঙিয়ে, ভেঙে পড়া ছাদ এড়িয়ে অক্ষত অবস্থায় হাজার হাজার শ্রমিক নিরাপদে বেরিয়ে আসবেন, তেমন প্রশিক্ষণ সম্ভবত এখনো আবিষ্কৃত হয়নি। সবাই এ কথা মানেন, বাংলাদেশে ইমারতবিধি (বিল্ডিং কোড) বা শ্রমিক নিরাপত্তা বিষয়ে বিস্তর আইন রয়েছে। কিন্তু সে কেবল কাগুজে আইন। আইন মানতে বাধ্য করা যাঁদের দায়িত্ব, তাঁরা সবাই হয় নিজেরাই মালিক, অথবা মালিকপক্ষের পকেটে। বিদেশিরা সে কথা জানেন। তাই বাংলাদেশ সরকারের ওপর নির্ভর না করে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ প্রয়োগের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনের পক্ষ থেকে প্রচার-আন্দোলন শুরু হয়েছে। এদের মুখ্য দাবি দুটি। এক. শ্রমিক অধিকার ও নিরাপত্তা এবং ন্যূনতম বেতন নিশ্চিত করতে ব্যর্থ কারখানা থেকে পণ্য আমদানি স্থগিত রাখতে হবে। দুই. নিরাপত্তা সুরক্ষার প্রশ্নে কারখানা কর্তৃপক্ষ ও আমদানিকারকদের মধ্যে বর্তমানে যে ঐচ্ছিক চুক্তি সম্পাদনের ব্যবস্থা রয়েছে, তার জায়গায় আইনত প্রয়োগযোগ্য চুক্তি সম্পাদন করতে হবে। তাদের এই আন্দোলনের ফলে চারদিকে এ নিয়ে কথা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এ নিয়ে কথা উঠেছে, বিশেষ শুনানিও অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এ তো গেল বিদেশের কথা। তারা নিজেদের স্বার্থরক্ষা করবে, আমাদের শ্রমিকদের স্বার্থ নয়। দেশের ভেতর আমরা নিজেরা কী করছি? শ্রমিক অধিকার নিশ্চিত করার ব্যাপারে কারও কোনো মাথাব্যথা আছে কি? রপ্তানিভিত্তিক প্রতিষ্ঠান, এই যুক্তিতে পোশাক কারখানাই শ্রমিক ইউনিয়নের অধিকার খর্ব করা হয়েছে। যুক্তি দেখানো হয়েছে, বিদেশি বিনিয়োগ পেতে হলে এ ছাড়া অন্য পথ নেই। রাজনীতিবিদ বলুন, কি শ্রমিকনেতা বলুন, আমরা সবাই ৪০ বছর ধরে বাজার অর্থনীতির গরু রাস্তার মাঝখানে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে হাততালি দিয়েছি। আমরা এখন চীনকেও টেক্কা দিই, এমন কথা বলে কেউ কেউ বুকে চাপড় দিচ্ছি। আমাদের বৈদেশিক মুদ্রার মজুত আগের সব রেকর্ড ভেঙে ফেলছে বলে দেশে-বিদেশে সেমিনার দিয়ে বেড়াচ্ছি। অথচ শ্রমিক ইউনিয়ন গঠনের মতো মৌলিক অধিকার কেড়ে নিয়ে দেশের সবচেয়ে অধিকারবঞ্চিত মানুষদের কার্যত মধ্যযুগীয় দাস বানিয়ে রেখেছি, এ নিয়ে কারও টুঁ শব্দ নেই। রাজনৈতিক দলের নয়, মূলধারার বুদ্ধিজীবীদেরও নয়। মার্কিন নাগরিক অধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, রানা প্লাজার ভবনে ফাটল ধরেছে, এ কথা শ্রমিকেরাই প্রথম জানান। তা সত্ত্বেও মালিকপক্ষের চাপের কারণে তাঁদের কাজে যোগ দিতে হয়। সেখানে কোনো শ্রমিক ইউনিয়ন থাকলে তারা এ ব্যাপারে মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারত। ‘কিন্তু তেমন কোনো সংগঠন না থাকায় শ্রমিকেরা তাদের বিপদ ঠেকাতে পারেনি, কেবল সে বিপদের আগাম সংকেতটুকুই জানাতে পেরেছে।’এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার। শুধু মুখের কথায়, পত্রিকায় কলাম লিখে, মোমবাতি জ্বালিয়ে সে পরিবর্তন হবে না। মানুষকে ফুঁসে উঠতে হবে।হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।