দুর্দমনীয় বন্যার প্লাবনে যখন মানুষের গৃহস্থালি ভেসে যায়, ডুবে যায় রাস্তাঘাট, ভেঙে পড়ে বাঁধ, তখন ত্রাণপ্রার্থী মানুষের প্রসারিত হাত আর ক্ষুধিত-তৃষ্ণার্ত মুখগুলো দেখে মনে হয় তারা কত অসহায়। বিপন্নদশায় তারা পড়ে ঠিকই, কিন্তু মুষড়ে পড়ে না, হাত-পা গুটিয়ে বসেও থাকে না। যুগ যুগ ধরে প্রকৃতির এই প্রবল বিরুদ্ধতার মুখেই সে দাঁড়িয়ে আছে। সে জানে, এভাবেই তাকে টিকে থাকতে হয়।
দেশজুড়ে বন্যা চলছে। উত্তর ও মধ্যাঞ্চলের পর প্লাবিত হয়েছে দক্ষিণের নিম্নাঞ্চল। গত ৩১ জুলাই রাতে ফরিদপুরের চরভদ্রাসনের পদ্মা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০০ ফুট ধসে যায়, বাঁধভাঙা পানি ঢুকে পড়ে আশপাশের লোকালয়ে। কিন্তু মানুষ বসে থাকে না। ১৪ বছরের কিশোর থেকে শুরু করে ৬২ বছরের প্রৌঢ় পর্যন্ত কোমর বেঁধে লেগে পড়েন বাঁধ রক্ষার কাজে। প্রথমআলোর প্রতিবেদক প্রত্যক্ষ করেন বিপন্ন মানুষের সংঘবদ্ধ সেই উদ্যোগ। বালুর বস্তা মাথায় নিয়ে ছুটছেন তাঁরা। বাঁশ কেটে, বেড়া বেঁধে, ভেঙে যাওয়া বাঁধের অংশটিতে সৃষ্টি হওয়া ফুট দশেক গভীর গর্তে বস্তার পর বস্তা বালু ফেলে বাঁধটিকে রক্ষা করার সেই দৃশ্য বাংলাদেশের মানুষের িচরন্তন সংগ্রামের ছবি মূর্ত করে তোলে। যুগ যুগ ধরে গ্রামবাংলার মানুষ এ রকম সংঘবদ্ধভাবেই প্রকৃতির বৈরিতা মোকাবিলা করে আসছে।
এসব মানুষের প্রবল প্রাণশক্তি ও অফুরান আশাবাদের বিপরীতে আমরা দেখতে পাই প্রশাসনিক শিথিলতা কিংবা সংবেদনহীনতা। বন্যার্ত মানুষের জন্য সমাজের সামর্থ্যবান অংশের বিকারহীনতাও বড্ড পীড়াদায়ক। সমাজের বিভিন্ন অংশেরও কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। সংবাদমাধ্যম দিনের পর দিন তাগিদ দিয়ে চলেছে, যে ত্রাণ তৎপরতা চলছে তা যথেষ্ট নয়; ত্রাণের পরিমাণ বাড়ানো জরুরি, প্রয়োজন বিশুদ্ধ পানি ও কিছু ওষুধপথ্য। কিন্তু বন্যাদুর্গত এলাকাগুলোতে এসবের ঘাটতি মেটানো হচ্ছে না।
অবিলম্বে ত্রাণ তৎপরতা বাড়ানো হোক। বন্যার্ত মানুষের পুনর্বাসনের পরিকল্পনাও এখনই শুরু করা প্রয়োজন।