একটি শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রেলের নিম্নপদস্থ কর্মচারী বাদল মিয়া (৫৮)। যুগে যুগে সাধারণ মানুষের যেসব অসাধারণ অবদান মানবতা নামক প্রাচীন ধারণায় বিশ্বাস ফিরিয়ে আনে, বাদল মিয়ার অবদান তেমনই। একটি শিশুকে চলন্ত ট্রেনের সামনে দেখে চকিত সিদ্ধান্ত নিয়ে ঝাঁপিয়ে তাকে সরিয়ে দিলেও, নিজে আর সরে যেতে পারেননি। আমরা অপরের জীবন বাঁচাতে প্রাণ উৎসর্গকারী বাদল মিয়ার স্মৃতির প্রতি অভিবাদন জানাই; সহমর্মিতা জানাই তাঁর পরিবারের সদস্যদের।
গত শুক্রবার দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেলগেটের কাছে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন একদল রেল কর্মচারী। এক নারীসহ এক শিশু তখন রেললাইন পার হচ্ছিলেন। কিন্তু নারীটি পেরোতে পারলেও শিশুটি দাঁড়িয়ে থাকে ট্রেনের গতিপথের ওপর। গত শনিবারের প্রথম আলো জানাচ্ছে, দৃশ্যটি দেখামাত্র ঝটিকা গতিতে এসে বাদল মিয়া শিশুটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজেকে বাঁচানোর সুযোগ তিনি আর পাননি।
বাদল মিয়ার মতো মানুষেরা হিসাব করে অপরের উপকার করেন না। অন্য মানুষের বিপদে সাড়া দেওয়া মানুষের প্রজাতিগত সহজাত প্রবৃত্তি। কিন্তু মালিন্যভরা জটিল সমাজে এই গুণ অনেকেই হারিয়ে ফেলেন। অপরের বিপদ উপেক্ষা করে চলাই এখন আমাদের আত্মরক্ষার নীতি। কিন্তু বাদল মিয়াদের মতো নিম্নবর্গের মানুষের মধ্যে, তরুণদের অনেকের মধ্যে এই চিরায়ত মানবিক গুণটি ঝলসে উঠলে বোঝা যায়, মানুষের মৃত্যু হলেও মানব রয়ে যায়। বাদল মিয়া প্রাণ বিসর্জন দিয়ে শুধু এক মানবসন্তানকেই বাঁচালেন না, জাগিয়ে রাখলেন ‘মানবের’ সত্যিকার মানবতাকে।
আট সন্তানের জনক বাদল মিয়া চরম দরিদ্রই ছিলেন। রেলের জমিতে ঝুপড়িঘর বানিয়ে থাকতেন। তিনিই ছিলেন বিশাল পরিবারটির একমাত্র উপার্জনকর্তা। রেল কর্তৃপক্ষের উচিত বাদল মিয়ার সাবালক সন্তানদের চাকরি দিয়ে পরিবারটির জীবিকার স্থায়ী সুরাহা করা। পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়াও সবার পক্ষ থেকে সরকারের কর্তব্য। পাশাপাশি কুড়িলের ওই রেলগেট সে সময় বন্ধ ছিল কি না; রেলের প্রহরীরা মানুষ চলাচল বন্ধে গাফিলতি করেছিলেন কি না, তার তদন্ত হতে হবে। এ ঘটনা আমাদের জানিয়ে গেল, ট্রেন চলাচলের সময় সব রেলগেট বন্ধ রাখা কতটা জরুরি।