মামলা-গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, বিভিন্ন দলের মধ্যে নির্বাচনী জোট গঠনের তোড়জোড় চলেছে, তখন বিরোধী দল তথা বিএনপির নেতা-কর্মীদের নতুন করে ধরপাকড় ও তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা উদ্বেগজনক। সরকারের পক্ষ থেকে বলা হয়, ২০১৪-১৫ সালে আন্দোলনের নামে নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর কারণেই বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং জনগণের জানমালের নিরাপত্তার জন্য এর বিকল্প ছিল না। ক্ষমতাসীনদের এই যুক্তি যদি মেনেও নিই, এখন তো সে রকম কোনো পরিস্থিতি নেই। বিএনপি নিয়মতান্ত্রিক বাজনীতিই করছে।

১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের ধরপাকড়ের খবর গণমাধ্যমে এসেছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দলের নেতা-কর্মীদের ধরপাকড়ের পাশাপাশি পুরোনো মামলাগুলো পুনরুজ্জীবিত করা হচ্ছে। কোনো কোনো স্থানে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতা ও নির্বাচন বানচালের অভিযোগ আনলেও সেটি বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। যেখানে নির্বাচনের তফসিলই ঘোষণা করো হয়নি, সেখানে বানচালের প্রশ্ন আসে কী করে? বিএনপির নেতারা এমন কোনো বক্তব্য দেননি, যাতে মনে হতে পারে তাঁরা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বরং তাঁরা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার দাবি জানিয়ে আসছেন। অনেকের মতে, প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় বিএনপির বড়সড় সমাবেশ দেখেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে উঠেছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের ওপর ক্ষমতাসীন দলের হামলার ঘটনাও ঘটছে।

নির্বাচন নিয়ে শুরু থেকেই ক্ষমতাসীন দলের মধ্যে স্ববিরোধিতা লক্ষ করা যাচ্ছে। তারা একদিকে বলছে বিএনপিসহ সব দলকে নিয়ে নির্বাচন করতে চায়, আবার বলছে বিএনপি নির্বাচনে না এলে তাদের কিছু করণীয় নেই। এ কথা ঠিক যে নির্বাচনে অংশ নেওয়া না-নেওয়া প্রতিটি দলের গণতান্ত্রিক অধিকার। ১৯৭০ সালের নির্বাচনে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টিও অংশ নেয়নি। তবে আওয়ামী লীগের নেতারা নিশ্চয়ই সেই নির্বাচন বর্জনের সঙ্গে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনকে মেলাবেন না। সরকারের নীতিনির্ধারকেরা যখন বলছেন, তাঁরা ২০১৪ সালের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না, তাহলে বিএনপির অংশগ্রহণ না করার প্রশ্ন আসে কেন? সরকার যদি নির্বাচন সামনে রেখে নতুন করে বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় করে, তার অর্থ দাঁড়ায় যেকোনো মূল্যে তাদের নির্বাচনে আসার পথ রহিত করা।

পঞ্চদশ সংশোধনীতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল হওয়ার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই নির্বাচন হবে, সেই সরকারের আকার যত ছোটই হোক না কেন। অতএব, নির্বাচন কমিশন নির্বাচন করবে, ক্ষমতাসীনদের কোনো দায় নেই—এ কথা বলার সুযোগ নেই। বিশেষ করে তফসিল ঘোষণার আগ পর্যন্ত সরকারের আচরণের ওপরই নির্ভর করছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষিত হবে কি না। নির্বাচন নিয়ে এমনিতেই বিরোধী দলের মধ্যে শঙ্কা ও সংশয় আছে। সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনের সময় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-হামলার ঘটনা ঘটেছে। এখন যদি সরকার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখে, পরিস্থিতি আরও নাজুক হবে। জনমনে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে।

যদি সরকার সত্যি সত্যি নির্বাচন সুষ্ঠু করতে চায়, তাহলে এখনই বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার অভিযান ও মামলা-হামলা বন্ধ করতে হবে। সংবিধান অনুযায়ী সব দলকে গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দিতে হবে। বিরোধী দলের হাত-পা বেঁধে কিংবা তাদের ঘরে বন্দী রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলা হাস্যকর হিসেবেই বিবেচিত হবে।