আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সাধারণভাবে থানা-পুলিশের। কিন্তু স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে সরকারি দলের লোকজন এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন। সরকারি দল আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের লোকজন সাম্প্রতিক সহিংসতার সময় এ ধরনের কোনো ইতিবাচক ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন। অথচ এখন দেখা যাচ্ছে, এই সহিংসতা নিয়ে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের বাণিজ্য ভালোই চলছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে সহিংসতার ঘটনায় এজাহার থেকে নাম প্রত্যাহারের নামে টাকাপয়সা কামাইয়ের পথে নেমেছেন আওয়ামী লীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা। আর মামলায় আসামি করার ভয় দেখিয়ে একই কাজ করতে শুরু করেছে পুলিশ।জামায়াতের নেতা সাঈদীর মামলার রায় ঘোষণার পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সহিংস ঘটনায় এ পর্যন্ত ২৮টি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশের চার সদস্যকে পিটিয়ে হত্যা, রেলস্টেশন ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার মতো ঘটনাগুলোও রয়েছে। এই মামলাগুলোতে আসামি করা হয়েছে প্রায় ৬০ হাজার ব্যক্তিকে। পুলিশের লোকজন মামলায় নাম অন্তর্ভুক্তির ভয় দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ আদায় করছে বলে অভিযোগ উঠেছে।আর এই যখন পরিস্থিতি, তখন আওয়ামী লীগের স্থানীয় নেতারাই বা বসে থাকবেন কেন! তাঁরা শুরু করেছেন তদবির-বাণিজ্য। দলের প্যাডে বিভিন্ন লোকের নাম বাদ দেওয়ার জন্য থানায় লিখিত সুপারিশ করছেন। আর এর পেছনে রয়েছে টাকাপয়সার লেনদেন। দুই পক্ষের এই অপকর্মের কারণে গুরুত্বপূর্ণ এই মামলাগুলো যে দুর্বল হয়ে পড়বে, তাতে সন্দেহ নেই। তবে দায়ী ব্যক্তিদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। কাউকে এ ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ নেই। আমরা মনে করি, স্থানীয় আওয়ামী লীগ ও পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন সরকারি দলের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ ও পুলিশের উচ্চপর্যায়ের নজরদারি।