মামলা প্রত্যাহারের দাবি অযৌক্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারেক মাসুদের মতো খ্যাতিমান চলচ্চিত্রকার ও মিশুক মুনীরের মতো গণমাধ্যম ব্যক্তিত্বকে হারানো আমাদের দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তারেক মাসুদের আদম সুরত, মাটির ময়না, মুক্তির গান, অন্তর্যাত্রা ও রানওয়ে–এর মতো চলচ্চিত্রগুলো আমাদের চলচ্চিত্রশিল্পকে সমৃদ্ধ করেছে। মাটির ময়না চলচ্চিত্র বাংলাদেশের জন্য আন্তর্জাতিক খ্যাতি নিয়ে এসেছে। তাদের হারানোর ক্ষতি কোনো কিছুর বিনিময়েই পূরণ হওয়ার নয়।

তবে এ  ক্ষেত্রে বিচার ও ক্ষতিপূরণ চাওয়ার আইনি বিধান রয়েছে। সেই বিধান মেনেই দুই পরিবারের পক্ষ থেকে ১৩ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হবে যে পরিবার দুটি ক্ষতিপূরণ পাবে কি না। আইনি পথে মোকাবিলার উদ্যোগ না নিয়ে মামলা প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া আইনকে অস্বীকারের শামিল।

 পরিবহন ধর্মঘট জনজীবনে দুর্ভোগ ডেকে আনে। ক্ষুদ্র স্বার্থ আদায়ের জন্য জনগণকে জিম্মি করা অনৈতিক। আমরা আশা করব, শুভবুদ্ধির পরিচয় দিয়ে খুলনা বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘট প্রত্যাহার করে নেবে।