মায়ের ভাষা অবিমিশ্র, অন্য ভাষা মিশিয়ে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫৭ সালের ২০ ফেব্রুয়ারি—একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসের এক দিন আগে। ঢাকার পুরোনো শহর এলাকার পাটুয়াটুলীতে আমরা কাজ করছি সওগাত কার্যালয়ে। আমি তখন বাংলা সাহিত্য পত্রিকা প্রকাশনার প্রবাদপুরুষ মোহাম্মদ নাসিরউদ্দীনের মাসিক সাহিত্য পত্রিকা সওগাত ও মহিলা সাপ্তাহিক বেগম-এর সম্পাদনা কাজে নিয়োজিত। হঠাৎ দারোয়ান দৌড়ে এসে খবর দিল, জগন্নাথ কলেজের একদল ছাত্র সওগাত কার্যালয়ের প্রবেশপথের মুখে টাঙানো সাইনবোর্ড ভাঙতে যাচ্ছে। নাসিরউদ্দীন সাহেব দ্রুত এগিয়ে গেলেন, সঙ্গে আমরাও। জগন্নাথ কলেজের পেছনের গেট ইসলামপুর-পাটুয়াটুলী রাস্তার ওপর। সেখান থেকে এসেছে ৫০-৬০ জন ছাত্রের একটি দল বাংলায় সাইনবোর্ড লেখার দাবি নিয়ে এবং একই সঙ্গে দোকানপাট, অফিস-আদালতের ইংরেজিতে লেখা সাইনবোর্ড অপসারণের জন্য। পুরান ঢাকার নবাবপুর আর পাটুয়াটুলী-ইসলামপুরেই সব বড় বড় দোকান ও নানা প্রতিষ্ঠান। সেগুলোর বেশির ভাগ অবাঙালিদের এবং তার সাইনবোর্ড ইংরেজিতে লেখা। সওগাত ও বেগম-এর সাইনবোর্ডের ওপর বড় বড় করে বাংলায় লেখা ছিল ‘সওগাত ও বেগম কার্যালয়’, কিন্তু নিচে অপেক্ষাকৃত ছোট করে লেখা ইংরেজিতে। ছাত্রদের মধ্যে নেতা গোছের দু-তিনজন এগিয়ে এসে উত্তেজিত কণ্ঠে নাসিরউদ্দীন সাহেবকে জানাল, ‘আপনার সাইনবোর্ডে ইংলিশ লেখা আছে, এই সাইনবোর্ড ইমিডিয়েটলি রিমুভ করতে হবে।’ নাসিরউদ্দীন সাহেব হেসে বললেন, ‘খুব ভালো কথা, বাংলা চালু করো, কিন্তু তোমাদের এই কথাও তো পুরোটা বাংলায় বলতে পারলে না—বললে “সাইনবোর্ড ইমিডিয়েটলি রিমুভ করতে হবে।”’ ১৯৫০ সালের আন্দোলনকারী ছাত্ররা এখনকার বিক্ষোভকারী ছাত্রদের মতো মারমুখী ছিল না। নাসিরউদ্দীন সাহেবের কথায় তারা লজ্জা পেল এবং সওগাত-এর সাইনবোর্ড ভাঙবে না, এই প্রতিশ্রুতি জানিয়ে বলল, এখন থেকে তারা চেষ্টা করবে পুরোপুরি বাংলায় কথা বলার—ইংরেজি মিশিয়ে নয়। নাসিরউদ্দীন সাহেবের জীবনাবসান ঘটে নব্বইয়ের দশকে ১০৫ বছর বয়সে। আমৃত্যু তিনি চেষ্টা চালিয়েছেন তাঁর পত্রিকার মাধ্যমে ব্যবহারিক জীবনের সর্বত্র বাংলা প্রচলনের দাবি তুলে ধরার। এর প্রায় ৩০ বছর পরের আরেকটি ঘটনা। ওয়াশিংটনে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে আসা আমাদের বার্তা বিভাগের দুজন কর্মকর্তাকে আমি শোনাচ্ছিলাম বাংলা ভাষার সমৃদ্ধি ও প্রসারের কথা। বলেছিলাম—বাংলা বিশ্বের পঞ্চম বৃহত্তম ভাষা এবং গোটা বাংলাদেশের ও ভারতের তিনটি রাজ্যের মানুষ কথা বলে এই ভাষায়—আর এই ভাষার একজন কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে। বিশ্ববিখ্যাত ফরাসি রমাঁ রোলাঁরও নোবেল বিজয়ের এক বছর আগে। বার্তা বিভাগের দুই কর্মকর্তা বললেন, ‘তোমাদের ভাষা এত সমৃদ্ধ, ভালো কথা—কিন্তু লক্ষ করলাম, তোমরা নিজেদের মধ্যে কথা বলার সময় বেশির ভাগ শব্দ ব্যবহার করছ ইংরেজি—এসব শব্দ কি তোমাদের ভাষায় নেই?’ এই প্রশ্নের কী জবাব দেব! আসলে একটু আগেই একজন আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে দেরিতে আসার জন্য ক্ষমা প্রার্থনা করে বলছিলেন, ‘কী করব—এ রকম ওয়াস্ট ট্রাফিক জ্যাম, তার ওপর ননস্টপ রেইন, রাস্তায় ভিজিবিলিটি একেবারেই নেই, তার ফলে গাড়ি স্পিড নিতে পারছিল না।’ এবং এমনি আরও কথা, যার ৫০ শতাংশই ছিল ইংরেজি শব্দ। আমাদের সমস্যা এখানেই। ভাষা আন্দোলনের শহীদদের চরম ত্যাগের বিনিময়ে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। তা ছাড়া ভাষা আন্দোলনের যে দুটি লক্ষ্য—রাজনৈতিক ও সাংস্কৃতিক—তার একটি অর্থাৎ রাজনৈতিক লক্ষ্য অর্জিত হয়েছে বহুপ্রতীক্ষিত স্বাধীনতালাভের মধ্য দিয়ে। কিন্তু বায়ান্নর একুশে ফেব্রুয়ারির দীর্ঘ ৬০ বছর পরও অর্জিত হয়নি ভাষা আন্দোলনের প্রত্যাশিত সাংস্কৃতিক লক্ষ্য। জীবনের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এখনো সম্ভব হয়নি—সম্ভব হয়নি উচ্চশিক্ষার সব ক্ষেত্রে বাংলার সার্বিক প্রয়োগ। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান—কোথাও প্রত্যাশিতভাবে বাংলার প্রচলন নেই। কিন্তু কেন? তার মুখ্য কারণ—বাংলায় উচ্চশিক্ষার প্রয়োজনীয় বইপুস্তক নেই; বাংলায় বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞান ইত্যাদির যুগোপযোগী পরিভাষা তৈরি করা হয়নি এবং বাংলা ভাষাকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করে তোলার জন্য যথার্থ গবেষণার উদ্যোগ নেই। প্রশ্ন হচ্ছে, এ দায়িত্ব কার? সহজ ভাষায় আমাদের মতো সাধারণ মানুষের ধারণা, এই দায়িত্ব প্রতিবছর একুশে ফেব্রুয়ারি এলে সভা-সমিতি-অনুষ্ঠানে পণ্ডিত সমাজের, যাঁরা বাংলা ভাষার প্রসারে উচ্চকণ্ঠ হন—তাঁদের, রাষ্ট্র পরিচালনার কর্তৃত্ব যাঁদের ওপর ন্যস্ত—তাঁদের এবং বাংলা ভাষার সার্বিক উন্নয়নের প্রচেষ্টা পরিচালনার লক্ষ্যে যে প্রতিষ্ঠানের জন্ম, সেই বাংলা একাডেমীর।একই সঙ্গে বাংলা ভাষার সুষ্ঠু প্রয়োগ, শুদ্ধ বানান ও উচ্চারণ—এসব অতিগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে চিন্তাভাবনার প্রয়োজন। বাংলাদেশের অনেক বেতার-টেলিভিশনেই বাংলায় যে উচ্চারণ পরিবেশিত হয়, তা কখনো কখনো রীতিমতো বিব্রতকর ও হাস্যকর হয়ে পড়ে। এ ছাড়া বাংলাদেশের বেশ কিছু পত্রপত্রিকায় বাংলা বাক্যগঠন, বানান, শব্দ প্রয়োগ—এসব বিষয়ে প্রায়ই বড় রকমের শৈথিল্য লক্ষ করা যায়। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রথম দিকের কর্ণধার বন্ধু জামিল চৌধুরী এ ক্ষেত্রে বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছিলেন। ১৯৭০ দশকের শেষ দিকে তিনি যেমন সচেষ্ট হয়েছিলেন আমাদের প্রখ্যাত শিল্পীদের কণ্ঠ-সংগীত রক্ষার জন্য ‘শ্রোতার আসর’ প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামোফোনের দীর্ঘ-বাদন ডিস্ক রেকর্ড চালু করার, তেমনি পরবর্তীকালে রচনা করেছেন শুদ্ধ বাংলা উচ্চারণ ও ব্যাকরণের কয়েকটি অতিপ্রয়োজনীয় গ্রন্থ। এই উদ্যোগ অনুসরণ করে বাংলা একাডেমী অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে।বাংলা ভাষার সার্বিক উন্নয়নের ত্রুটির কারণেই আমাদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার জন্য সম্পূর্ণভাবে নির্ভর করতে হয় ইংরেজির ওপর। সম্ভবত, এ কারণে বাংলাদেশে এখন দিন দিন গজিয়ে উঠছে একের পর এক ইংরেজি মাধ্যমের শিক্ষালয়। তার ওপর সমাজের শিক্ষিত ও বিত্তশালী গোষ্ঠীর অনেকেই মনে করে, বাংলা অপেক্ষাকৃত দুর্বল ভাষা, আন্তর্জাতিক সমাজে প্রবেশ করতে গেলে বাংলায় চলবে না এবং এ কারণে তারা তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য বিপুল অর্থ ব্যয় করে বিদেশে পাঠানোর পক্ষপাতী।ওয়াশিংটনে ভয়েস অব আমেরিকায় যোগ দেওয়ার সাত বছর পর ১৯৮৩ সালে প্রথম সুযোগ পেয়েছিলাম ঢাকায় যাওয়ার। সে সময় বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক ও পরে রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁর বাড়িতে রাতের খাবারে যোগ দেওয়ার। সেখানে আমন্ত্রিত অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশের স্বাধীনতার পর শুরুর দিকের বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক গভর্নর (তাঁকে বিব্রত না করার জন্য নাম প্রকাশ না করাই ভালো)। বাংলাদেশের সরকারি ফাইলপত্রে বাংলা প্রচলনের প্রশ্নে কথাবার্তার একপর্যায়ে তিনি হঠাৎ করেই বলে বসলেন, ‘একুশে ফেব্রুয়ারি একটি অমিনাস ডে’ অর্থাৎ অশুভ দিন। কারণ, এর ফলে ছেলেমেয়েরা ইংরেজি ভুলতে বসেছে। তাঁর এ কথায় ভয়ানক রেগে গেলেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। তিনি অত্যন্ত নম্র স্বভাবের এবং তাঁকে কখনোই ক্রুদ্ধ হতে দেখিনি। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে বললেন, ‘একুশে ফেব্রুয়ারি অশুভ দিন হলে আপনি গভর্নর হলেন কী করে? কারণ, একুশের পথ ধরেই তো বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশ স্বাধীন না হলে আপনি কোথায় থাকতেন?’ পরে অবশ্য সাবেক গভর্নর ক্ষমা প্রার্থনা করেছিলেন।আরেকটি ঘটনা। ওয়াশিংটনে ভয়েস অব আমেরিকায় আমার এক সহকর্মীর বাড়িতে এ রকম এক অনুষ্ঠানে খাবার টেবিলে বাংলাদেশ থেকে বেড়াতে আসা তাঁর একজন অতিথি কথায় কথায় বলে ফেললেন, ‘বাংলা ভাষা নিয়ে হইচই বন্ধ করে বাংলাদেশের ছেলেমেয়েদের ঢালাওভাবে ইংরেজি শেখার ব্যবস্থা না করলে দেশের উন্নতির সম্ভাবনা নেই।’ তাঁর এই বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন যিনি, তিনি বাঙালি নন, একজন পাঞ্জাবি নারী। তিনি বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যকার প্রয়াত সাঈদ আহমেদের সহধর্মিণী ও ঢাকার বিখ্যাত ‘কারিকা’র প্রতিষ্ঠাতা পারভীন আহমেদ। তিনি পরিষ্কার বাংলা বলেন এবং বাংলা সংস্কৃতিকে ভালোবাসেন মনেপ্রাণে। পারভীন আহমেদ ঢাকা থেকে আসা অতিথিকে প্রশ্ন করলেন, ‘তবে বাংলাদেশ চেয়েছিলেন কেন?’ তারপর বললেন, তিনি দীর্ঘকাল জাপানে থেকেছেন এবং সেখানে দেখেছেন, জাপানিরা মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় লেখাপড়া করে না; সরকারি-বেসরকারি দপ্তরের কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, ব্যাংক-দোকানপাট পরিচালনা করে না। অথচ জাপানিরা এখন গোটা এশিয়ায়, এমনকি বিশ্বব্যাপী সবচেয়ে সমৃদ্ধ জাতি। বিগত ২৫-৩০ বছরে আমার এশিয়া, আফ্রিকা, ইউরোপের বেশ কটি দেশ ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছে। চীন ও জাপানে দেখেছি, সর্বস্তরের মানুষ তাদের মাতৃভাষা চীনা বা জাপানি ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করে না। অথচ এই দুটি দেশের ব্যবসা-বাণিজ্যে ইউরোপ-আমেরিকার উপস্থিতি অনেক বেশি। তেমনি মিসর ও আরব বিশ্বের অন্যান্য অঞ্চলে দেখেছি আরবি ভাষার প্রচলন। প্যারিসে আমি আট দিন ছিলাম। সেখানে পাতালরেলে, বাসে ও ট্যাক্সিতে চলাচলের সময়, দোকানপাটে কেনাকাটায় কিংবা রেস্তোরাঁয়—অর্থাৎ সর্বত্রই ফরাসি ছাড়া অন্য কোনো ভাষায় লোকজনকে কথা বলতে শুনিনি। এসব দেশের মানুষ জীবনের সর্বত্র মাতৃভাষার প্রচলনের মধ্য দিয়ে সমৃদ্ধির শিখরে আরোহণের প্রচেষ্টায় সফল হয়েছে।বাংলাদেশে কেন সম্ভব নয়? কবে আসবে বাংলাদেশের সর্বস্তরের এই সচেতনতা? বায়ান্নর ভাষাসংগ্রামের ৬১ বছরে এসে এই জিজ্ঞাসা।সৈয়দ জিয়াউর রহমান: সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক সিনিয়র এডিটর।