মারা পড়ছে বন্য প্রাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো দেশের জন্যই তার নিজস্ব বন্য প্রাণী জাতীয় সম্পদ। বস্তুত মানবসমাজ ও প্রাণিজগতের মধ্যে আছে এক নিবিড় সম্পর্ক। একটা ছাড়া অন্যটার টিকে থাকা অসম্ভব। কিন্তু আমাদের দেশের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাব্যক্তিরা বোধ হয় তা মনে করেন না। তা না হলে তাঁরা কীভাবে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্য প্রাণীদের অকাতরে মরতে দিচ্ছেন? কেন তাঁরা এই বন্য প্রাণী রক্ষায় কোনো পদক্ষেপ নিচ্ছেন না? শুধু একটি বিকল্প সড়ক ও বিকল্প রেলপথ এই প্রাণীদের জীবন বাঁচাতে পারে। কিন্তু সেটাই হচ্ছে না।

বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া ঢাকা-সিলেট রেলপথ এবং শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী। বন্য প্রাণীরা সড়কের এপাশ থেকে ওপাশে নিয়মিত আসা-যাওয়া করে। রাতের বেলাতেই বন্য প্রাণীর বিচরণ বেশি। তখন দ্রুতগামী যানবাহনের আঘাতে বেশির ভাগ বন্য প্রাণী মারা পড়ে। একইভাবে মৃত্যু হচ্ছে রেললাইনেও। রেলপথ ও সড়কপথে বছরে অন্তত ৪০ থেকে ৫০টি বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী মারা যাচ্ছে। বন্য প্রাণীদের এমন করুণ মৃত্যু কখনোই কাম্য হতে পারে না।

পরিবেশবিদ ও প্রকৃতিপ্রেমীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ২ জুলাই ‘লাউয়াছড়া জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্য এবং রাতারগুল জলজ বন’ সুরক্ষায় করণীয় বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় লাউয়াছড়া উদ্যানের প্রাণী রক্ষায় ভেতর দিয়ে চলে যাওয়া রাস্তা সরিয়ে বিকল্প সড়ক নির্মাণ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত ছিল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, চা-বাগান কর্তৃপক্ষ, বন বিভাগ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বিকল্প সড়ক নির্মাণের কার্যক্রম শুরু হবে। কিন্তু কোথায় কী? আড়াই বছর পেরিয়ে গেছে, এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এই ব্যর্থতায় ঝরে পড়ছে বন্য প্রাণী। প্রশ্ন হচ্ছে কেন এই উদাসীনতা? কেন এই গাফিলতি?

১ হাজার ২৫০ হেক্টরের চিরহরিৎ ও মিশ্র চিরহরিৎ লাউয়াছড়া বনটি ১৯৯৬ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। এই বনে উল্লুক, বানর, বিভিন্ন প্রজাতির সাপ, বনমোরগ, বনরুই, মায়া হরিণ, মেছো বাঘ, বন্য শূকর, অজগরসহ বিভিন্ন প্রজাতির প্রাণী আছে। এর মধ্যে কয়েকটি প্রাণী বিলুপ্তপ্রায়। কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগের ফলে লাউয়াছড়ায় বন্য প্রাণীর প্রজনন কিছুটা বেড়েছে। কিন্তু তাতে লাভ কী? বিকল্প সড়ক ও রেলপথের অভাবে তারা প্রতিনিয়ত মারা পড়ছে। বন্য প্রাণী রক্ষার জন্য লাউয়াছড়ায় দ্রুত বিকল্প যাতায়াতব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। মানুষের মতো বন্য প্রাণীরও স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করতে হবে।