মালালা ইউসুফজাইকে এখন আমরা সবাই চিনি। আমরা তাঁকে ২০০৯ থেকে না চিনলেও অবশ্যই ২০১১ সাল থেকে চিনি। শিশুদের জন্য আন্তর্জাতিক শান্তি পুরস্কারের জন্য মালালা মনোনীত হয়েছিলেন ২০১১ সালে। আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত না হলেও পাকিস্তানের প্রথম জাতীয় শান্তি পুরস্কারে তাঁকে সম্মানিত করা হয় গত বছরের শেষে। ১৪ বছরের মালালা এখন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে। আশার কথা, তিনি এখন আশঙ্কামুক্ত। আমাদের প্রার্থনা, মালালা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই মালালার জন্য নতুন কিছু নয়, কিশোরী মালালা কয়েক বছর ধরেই সংগ্রাম করে আসছেন, তাঁর সংগ্রাম ও সাহসিকতার কারণেই আমরা তাঁকে চিনি। সেই সাহসিকতার জন্যই এই কিশোরী বীরকে আমরা সম্মানের সঙ্গে ‘আপনি’ বলে সম্বোধন করব। সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার জন্য স্কুলবাসে উঠেছিলেন সহপাঠীদের সঙ্গে সোয়াতে তাঁর নিজের গ্রাম মিঙ্গোরায়। কিন্তু তাঁর বাড়ি ফেরা হয়নি। তাঁকে হত্যার জন্য অপেক্ষা করছিল এক ঘাতক। যে ঘাতক মালালাকে চেনে না, তাঁরই সহপাঠীদের কাছে জানতে চেয়েছে কে মালালা। দেশের বাইরে, সারা পৃথিবীতে মালালার পরিচয় তাঁর কিশোরী মুখ, হূদয়কাড়া সরল হাসি আর ইস্পাতদৃঢ় সংকল্পের জন্য। কিন্তু তাঁকে হত্যার উদ্দেশ্যে যে ঘাতক নিষ্কম্প হাতে গুলি চালিয়েছে, যারা তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তারা তাঁকে চেনে না। কিন্তু ভীত ও সন্ত্রস্ত তাঁর সংকল্পের কারণে। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়ারও আগে এর দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তানের তালেবান গোষ্ঠী তাহরিক-ই-তালেবান পাকিস্তান।মালালাকে হত্যার চেষ্টা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। ২০১১ সালেই মালালার বিরুদ্ধে ফতোয়া জারি করেছে পাকিস্তানের তালেবান গোষ্ঠী। তাঁর অপরাধ কী? তাঁর অপরাধ ২০০৯ সালে পাকিস্তানের সোয়াত অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠার পর তালেবান মেয়েদের সব স্কুল বন্ধ করে দেয় এবং ঘোষণা করে যে মেয়েদের পড়ালেখার প্রয়োজন নেই। তাদের এ ঘোষণা কোনো নতুন বিষয় নয়, এই অর্থে যে তাদের পূর্বসূরি আফগানিস্তানের তালেবান ক্ষমতায় থাকাকালে মেয়েদের শিক্ষায়তনগুলো বন্ধ করে দিয়েছিল। আন্তর্জাতিক চাপের মুখে সোয়াতে পাকিস্তানি সেনাবাহিনী যখন অভিযান শুরু করে, সে সময়ই মালালা বিবিসি উর্দু বিভাগের ওয়েবসাইটে ছদ্মনামে একটা ডায়েরি লিখতে শুরু করেন। তিনি স্কুলে যেতে চান—ধর্মান্ধ শক্তির বিরুদ্ধে এক কিশোরীর এই সাহসী কণ্ঠস্বর সবাইকে চমকে দিয়েছিল, জুগিয়েছিল সাহস ও শক্তি। ২০১১ সালে যখন তাঁর বিরুদ্ধে তালেবানের ফতোয়া ঘোষণা হয়েছিল, তখন একটি ওয়েবসাইটে, একাধিক সাক্ষাৎকারেও মালালা বলেছিলেন, ‘আমি পড়ালেখা করব, করবই। ঘরে, স্কুলে, অন্য কোনো জায়গায়; কেউ তা বন্ধ করতে পারবে না।’ মালালা হয়ে উঠেছিলেন তাঁর সমবয়সীদের আদর্শ, কেননা এ বক্তব্য কেবল তাঁর জন্য ছিল না। পাকিস্তানের সরকারি কর্তাব্যক্তিরা, রাজনীতিবিদেরা যখন তালেবানের বিরুদ্ধে কথা বলতে হিসাব-নিকাশ করছিলেন, ভয় পাচ্ছিলেন, সেই সময় ১১ বছরের এক কিশোরী দৃঢ়চিত্তে বলতে পেরেছিলেন যে শিক্ষার দ্বার কারও জন্য বন্ধ করে দেওয়া যাবে না।তাঁর ওপর হামলা চালানোর পর তালেবানের প্রতিনিধি এহসানউল্লাহ এহসান মালালার অপরাধের একটা তালিকা দিয়ে বলেছেন, ‘মালালা বয়সে কম হলে কী হবে সে তালেবানের বিরুদ্ধে কথা বলেছে, সে পশ্চিমাপন্থী। সে বলেছে ওবামা তাঁর আদর্শ। সে পশতুন এলাকায় পশ্চিমা সংস্কৃতি প্রচার করছিল।’ এসব অভিযোগের পেছনে যে যুক্তিই তালেবান হাজির করুক না কেন, এগুলো যে কোনো ধর্মের ভিত্তিতে নয়, তা বোঝার জন্য ধর্মবিশেষজ্ঞ হতে হয় না। কূপমণ্ডূকতাই কেবল এমন ধরনের কার্যক্রমের ভিত্তি। মনে রাখা দরকার যে পাকিস্তানে তালেবান নামের এই ধর্মান্ধ গোষ্ঠী এক দিনে গড়ে ওঠেনি। তাঁদের উৎস অবশ্যই আফগানিস্তানে। আর আফগানিস্তানের এই তালেবান গোষ্ঠীর জন্মের ইতিহাস যাঁরা জানেন, তাঁদের মনে আছে যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পৃষ্ঠপোষকতায় যখন তাদের উত্থান ঘটেছিল, তখন ক্ষমতায় ছিল নির্বাচিত বেনজির ভুট্টোর সরকার। কিন্তু তাই বলে তালেবানরা নারী অধিকার ভূলুণ্ঠিত করতে আফগানিস্তানে পিছপা হয়নি, পাকিস্তানেও হয়নি। পাকিস্তানি সমাজের ভেতরে যে এ ধরনের শক্তির প্রতি সমর্থন রয়েছে, তা বিভিন্ন ঘটনায় প্রমাণিত হয়েছে। পাকিস্তানের প্রচলিত বৈষম্যমূলক ব্লাসফেমি আইনের বিরোধিতা করার অপরাধে পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরকে প্রাণ দিতে হয়েছে। প্রাণ দিতে হয়েছে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী দেশের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী শাহবাজ ভাট্টিকে। হত্যাকারীদের বিচারের বদলে পাকিস্তানিরা বীরের মর্যাদা দিয়েছে। সালমান তাসিরের হত্যাকারী মুমতাজ কাদরিকে যখন আদালতে হাজির করা হয়, তখন হাজার হাজার মানুষ ফুলের পাপড়ি ছড়িয়ে তাঁকে সংবর্ধনা দিয়েছিল। তাঁকে পাকিস্তানের ধর্মীয় নেতারা বীর বলে বর্ণনা করেছিলেন। তাঁর সমর্থনে করাচিতে যে সমাবেশ হয় তাতে ৫০ হাজার মানুষ যোগ দিয়েছিল। গত মাসে আরেক কিশোরী ১৪ বছর বয়সী রিমশা মশিহকে যখন ব্লাসফেমি আইনে মিথ্যাভাবে অভিযুক্ত করা হয়, তখন পাকিস্তানি সমাজের একাংশ সেই অভিযোগের সঙ্গে একমত হয়েছিল। কিন্তু আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে পাকিস্তানে এ ধরনের সামাজিক-রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে ধীরে ধীরে। পাকিস্তানের রাজনৈতিক শক্তিগুলো এ ধরনের সংকীর্ণতা ও সহিংসতাকে আশ্রয় দিয়েছে প্রথমে তাদের বিদেশনীতির বিবেচনায়, তারপর তাদের আশু অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থের বিবেচনায়। দেশের সংখ্যালঘুদের জাতিগত অধিকারের দাবিকে মোকাবিলায় ধর্মীয় পরিচয়কে যখন অগ্রাধিকার দেওয়া হয়েছে, সহিষ্ণুতার বদলে সহিংসতাকে উসকানি দেওয়া হয়েছে, তখনই সমাজে তালেবানের মতো শক্তি সৃষ্টি হওয়ার, তাদের প্রসারের সুযোগ তৈরি হয়েছে। এসব উপাদান একত্র হলে অন্যত্র ভিন্ন ফলাফল হবে, এমন আশা করার কারণ নেই। রাষ্ট্রীয় আনুকূল্য, সমাজের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন, অসিষ্ণুতার সংস্কৃতির প্রসার, ধর্মের সংকীর্ণতাকে মেনে নেওয়ার মধ্যেই আছে এ ধরনের শক্তির বিকাশের সুযোগ। মালালার ওপর হামলার পর গোটা পাকিস্তানে যে প্রতিবাদের ঝড় উঠেছে, তা আশাবাদী করে তোলে। কিন্তু পাকিস্তানের অতীত ইতিহাস বলে, এর দীর্ঘমেয়াদি কোনো ফল হয় না। পাকিস্তানি রাজনীতিবিদেরা এ নিয়ে খুব বেশি দূরে যাওয়ার সাহস যে দেখান না, তার কারণ সমাজের ভেতরে বিরাজমান ধর্মান্ধ শক্তির প্রতিপত্তি, প্রকৃত শিক্ষার অভাব। সম্ভবত এ কারণেই মালালা ২০১১ সালে পাকিস্তানের সর্বোচ্চ শান্তি পুরস্কার পাওয়ার পর এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর স্বপ্ন হলো একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা, যার লক্ষ্য হবে শিক্ষার প্রসার। শিক্ষা প্রসারের স্বপ্ন মালালা পূরণ করতে পারবেন কি না আমরা জানি না। আমাদের আশা, তাঁর সেই স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেবে। শিক্ষা বলতে কেবল প্রথাগত শিক্ষাকেই বোঝায় না, যে শিক্ষা মানবিকতার উদ্বোধন ঘটায় না, তা মানুষকে আলোকিত করতে পারে না, সমাজকে তো নয়ই।মালালার পিতা-মাতা তাঁর নাম রেখেছেন আরেক সাহসী নারী মালালাই আন্নার নামে, তিনি পশতু ভাষার এক লোককবি। শুধু তা-ই নয়, এক অসম সাহসী যোদ্ধাও বটে। ব্রিটিশদের বিরুদ্ধে আফগানদের স্বাধীনতার লড়াইয়ে যোগ দিয়েছিলেন তিনি ১৯ বছরেরও কম বয়সে ১৮৮০ সালে। তাঁর সাহসিকতা তাঁকে পশতুনদের মধ্যে লোককথায় পরিণত করেছে। আফগানিস্তানের ইতিহাসের এই নন্দিত নারী যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছিলেন কিন্তু তাঁর আত্মদান অনুপ্রাণিত করেছে হাজার হাজার মানুষকে, শত বছর ধরে। মালালা ইউসুফজাইও তাঁর লড়াইয়ের সূচনা করেছেন কিশোর বয়সেই। এখন তাঁর লড়াই মৃত্যুর বিরুদ্ধে। কিন্তু তাঁর লড়াই ধর্মান্ধতা, কূপমণ্ডূকতার বিরুদ্ধেই। মালালা ইউসুফজাই, জাতিগতভাবে-ভাষাগতভাবে আপনার এবং আমাদের পার্থক্য থাকলেও, বয়সের হিসাবে আপনি আমাদের অনেকের চেয়ে কনিষ্ঠ হলেও, অন্ধত্বের বিরুদ্ধে মানবিকতার এ লড়াইয়ে আপনি পথপ্রদর্শক। আপনাকে অভিবাদন। ইলিনয়, ৯ অক্টোবর ২০১২আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।