মালালা, হামিদ মির আমরা তোমাদের পাশে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামিদ মির পাকিস্তানি সাংবাদিক। বেসরকারি টিভি চ্যানেল জিয়ো টিভির নির্বাহী সম্পাদক, জনপ্রিয় কলাম লেখক ও অনুষ্ঠান উপস্থাপক।মালালা ইউসুফজাই ১৪ বছরের এক কিশোরী। স্কুলছাত্রী। বাড়ি পাকিস্তানের পাকতুনখাওয়া প্রদেশের সোয়াত অঞ্চলে। দুজনের মধ্যে পেশা ও পদবিতে কোনো মিল নেই। তবে একটি মিল আছে। দুজনই তালেবান নামের এক দুর্ধর্ষ সন্ত্রাসী গোষ্ঠীর নিশানা হয়েছেন।২০০৯ সালে সোয়াত অঞ্চলে তালেবান জোর করে মেয়েদের স্কুল বন্ধ করে দিলে মালালা ইউসুফজাই প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করেছিলেন তার বাবাও। তাতে কাজ হয়নি। এরপর মালালা বিবিসির উর্দু ভাষার ব্লগে মেয়েদের পড়াশোনার অধিকার চেয়ে প্রচার চালায়। জনমত তৈরি করে। সে লিখেছিল, ‘পড়াশোনা আমার মৌলিক অধিকার। সেই অধিকার কেউ কেড়ে নিতে পারে না।’এরপর দুই পক্ষের সমঝোতায় সেখানে মেয়েদের স্কুল আবার চালু হলেও তালেবান সন্ত্রাসীরা বিষয়টিকে পরাজয় মনে করে এবং প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। ৯ অক্টোবর ২০১২ আরও অনেক সতীর্থের সঙ্গে স্কুলবাসে বাড়ি ফিরছিল মালালা। বাস্তায় বন্দুকধারী তালেবান বাসের কাছে এসে জিজ্ঞেস করে, মালালা কে? সহপাঠীরা মেয়েটিকে দেখিয়ে দিলে তালেবান সন্ত্রাসী খুব কাছ থেকে গুলি করে। গুলিটি মাথায় লাগলেও সে প্রাণে বেঁচে যায়। পাকিস্তান তো বটেই, বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রতিবাদের ঝড় ওঠে। একটি ১৪ বছরের কিশোরীকে লেখাপড়া শেখার জন্য গুলিবিদ্ধ হতে হয়েছে। মালালা এখন যুক্তরাজ্যের রানি এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। ১৪ বছরের মেয়েটি এখন সাহস আর নারীশিক্ষার অধিকারের প্রতীকে পরিণত হয়েছে। বিশ্বের নামকরা মানবাধিকার সংগঠনগুলো তাকে পুরস্কৃত করেছে।অন্যদিকে সাংবাদিক হিসেবে হামিদ মির বরাবর অন্যায়ের বিরুদ্ধে এবং মানবাধিকারের পক্ষে সোচ্চার। প্রতিবাদী ভূমিকার কারণেই পাকিস্তান সরকার, প্রভাবশালী মহল তাঁকে সন্দেহের চোখে দেখে। ড্রোন বোমা ফেলে মানুষ মারার প্রতিবাদ করায় আমেরিকা তাঁকে অপছন্দ করে। বেলুচিস্তানে সেনাবাহিনীর নির্মম নির্যাতনের খবর ফাঁস করে দেওয়ায় সেনাবাহিনী বৈরী ভাবে। অনেক বছর আগে গোপন আস্তানা থেকে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নেওয়ার কারণে পাকিস্তানের অনেকেই মনে করতেন, ইসলামি মৌলবাদীদের সঙ্গে হামিদ মিরের সখ্য আছে। কিন্তু সম্প্রতি মালালার ঘটনায় সেই ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। মালালার মতো তিনিও তালেবানের নিশানা হয়েছেন। গত ২৬ নভেম্বর সন্ত্রাসীরা হামিদ মিরকে হত্যা করার উদ্দেশ্যে তাঁর গাড়ির নিচে বোমা পেতে রাখে। তিনি জিয়ো টিভির অফিসে যাওয়ার পথে কিছু কেনাকাটা করতে একটি দোকানে গেলে সন্ত্রাসীরা গাড়ির নিচে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক রেখে যায়। অপর একজন গাড়িচালক বিষয়টি দেখতে পেয়ে তাকে জানান। পরে নিরাপত্তাবাহিনীর সদস্যরা এসে বিস্ফোরকটি উদ্ধার করেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, এই বিস্ফোরক দিয়ে শুধু গাড়ি উড়িয়ে দেওয়াই সম্ভব ছিল না, বহুতল ভবনেরও ক্ষতি করা যেত।জেনারেল পারভেজ মোশাররফের আমলে হামিদ মির নানা চাপের মধ্যে ছিলেন। তাঁর জিয়ো টিভির অফিসে একবার সেনা অভিযান চালিয়ে অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে দিয়েছিলেন। পাকিস্তানের ক্ষমতাসীন ও বিরোধী দলের অনেক চাঁইয়ের সঙ্গেই তাঁর ব্যক্তিগত সুসম্পর্ক আছে। কিন্তু সাংবাদিকতার নীতির প্রশ্নে তিনি কাউকে ছাড় দেননি, দিচ্ছেন না। তাঁর বাবাও ছিলেন সাংবাদিক, পরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। জেনারেল জিয়াউল হকের স্বৈরশাসনের বিরোধিতা করায় তাঁকে বিষ প্রয়োগে হত্যা করা হয় বলে অভিযোগ আছে। হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস পাকিস্তানের তিন সঙ্গী। এর থেকে দেশটি এখনো বের হয়ে আসতে পারল না।কে বা কারা বোমা পুঁতে হত্যাচেষ্টা চালাতে পারে, সে সম্পর্কে হামিদ মির কোনো ধারণা দেননি। এক্সপ্রেস রিভিউ পত্রিকার ভাষ্যমতে, তাকফিরি দেওবন্দ সন্ত্রাসীরা (তালেবান, সিপাহি-এ সাহাবা) সাম্প্রতিক কালে হামিদ মিরের কঠোর সমালোচনা করছে। কিছুদিন আগে মির ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের একটি সাক্ষাৎকার নেন। এতে খেপে যায় সিপাহি-এ সাহাবার অনুসারীরা। তাঁরা মনে করেন, ‘শিয়া মুসলমান, বিশেষ করে ইরানি শিয়ারা ইসলামের শত্রু।’ সেই শত্রুর সাক্ষাৎকার নিয়েছেন হামিদ মির। এ ছাড়া তিনি তাঁর টিভি অনুষ্ঠানে শিয়া ও সুন্নি ধর্মীয় নেতাদের একত্রে বসিয়ে অনুষ্ঠান করেছেন। এত বড় অন্যায় তাঁরা কীভাবে মেনে নেন? ঘটনার পর হামিদ মির বলেছেন, ‘এটি ছিল আমার এবং পাকিস্তানি সাংবাদিক সমাজের প্রতি সতর্কবার্তা। তারা চায়, আমরা যাতে সত্য কথা না বলি। কিন্তু আমি তাদের বলতে চাই যে আমাদের মুখ বন্ধ করা যায় না।’ গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা বলেছেন, মালালার খবর প্রচার করার পর তালেবান নেতারা যে সাংবাদিকদের ওপর আক্রমণ চালাতে আত্মঘাতী বোমাবাজদের নিয়োগ করেছিলেন, সেই বার্তা তাঁদের হাতে আছে।তালেবান সন্ত্রাসীদের হাতে মালালা গুলিবিদ্ধ হওয়ার পর হামিদ মির ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, ‘রাজনৈতিক মতপার্থক্যের কারণে একটি স্কুলবালিকার ওপর হামলা করার অধিকার কারও নেই। আক্রমণকারীরা ইসলামের বদনাম করেছে।’২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি হামিদ মির তাঁর এক অনুষ্ঠানে মালালার সঙ্গে কথাও বলেছিলেন। এরপর ‘অসুস্থ লোকগুলো’ তাঁকে এই বার্তা পাঠিয়েছিল যে পরবর্তীকালে এ ধরনের চেষ্টা হলে ওই কিশোরীর জীবন কেড়ে নেওয়া হবে; যার চেষ্টা হয়েছিল গত ৯ অক্টোবর।গণমাধ্যমগুলো মালালার ওপর গুলিবর্ষণের ঘটনা যেভাবে প্রচার করেছে, তাতে তালেবান ভীষণ ক্ষুব্ধ হয়েছে। পাকিস্তানে প্রায় সব পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেল তালেবানের এই সন্ত্রাসী হামলার সমালোচনা করেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমও সমালোচনা করেছেন। পাঞ্জাবের নিহত গভর্নর সালমান তাসিরের পুত্র শাহরিয়ার তাসির টুইটারে অভিযোগ করেছেন, ‘তালেবান একটি কিশোরীর ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে।’ রাবিল আরিফ নামের একজন লিখেছেন, বিভিন্ন মতের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় নেতাদের উচিত নয় কি তালেবানের এই বর্বরোচিত হামলার প্রতিবাদে এগিয়ে আসা? হামিদ মির তখন টুইটারে লিখেছেন, ‘গণমাধ্যমের জন্য পাকিস্তান অত্যন্ত ভয়ংকর দেশ। কিন্তু আজ পাকিস্তানিরা প্রমাণ করেছে যে তারা অত্যন্ত সাহসী জাতি, কেউ তাদের মনোবল ভাঙতে পারবে না।’পাকিস্তানি ধর্মীয় নেতাদের অনেকেই ব্যক্তিগত আলাপে তালেবানের এই নৃশংস হামলার সমালোচনা করলেও জনসমক্ষে কেউ বলেন না। কিন্তু হামিদ মির অকুতোভয়। ভয়ংকর বিপদের আশঙ্কার কথা জানিয়ে তাঁকে এক বন্ধু অনুরোধ করেছিলেন এসব বিষয়ে চুপ থাকতে। জবাবে হামিদ মির বলেছিলেন, ‘এসব বিষয়ে নীরব থাকলে সারা জীবনই তাঁকে অপরাধবোধে ভুগতে হবে।’ এ প্রসঙ্গে মেক্সিকান নারী সাংবাদিকদের সেই চিরায়ত উক্তির কথা মনে পড়ে। তিনি সেখানকার মাদক ব্যবসায়ীদের হুমকির জবাবে বলেছিলেন, ‘কেউই মরতে চায় না। কিন্তু নীরবে বেঁচে থাকা হলো আরেকভাবে মৃত্যুকে কাছে ডাকা।’‘আমরা সন্ত্রাসবাদকে পরাস্ত করব।’ গত সোমবার হামিদ মিরের হত্যাচেষ্টার কথা শুনে ব্রিটেনের হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী মালালা তাঁর সঙ্গে টেলিফোন আলাপে এই বাক্যটি উচ্চারণ করেছিল। মির জানিয়েছেন, ‘মালালা ইউসুফজাই ও তার বাবা যুক্তরাজ্য থেকে আমাকে টেলিফোন করে তাদের সংহতি জানান। মালালা বলল, ‘ইনশা আল্লাহ আমরা সন্ত্রাসীদের পরাস্ত করব।’হামিদ মিরের হত্যাচেষ্টার নিন্দা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফসহ অনেক রাজনৈতিক নেতা। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিক হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিলে পাঁচ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু তালেবান সম্পর্কে এখনো পাকিস্তান সরকারের অবস্থান পরিষ্কার নয়। একদিকে তারা তালেবানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, অন্যদিকে সেনাবাহিনী ও আইএসআইয়ের একাংশ তাদের মদদ দিচ্ছে। এই স্ববিরোধিতাই পাকিস্তানকে ধ্বংসের কিনারে নিয়ে এসেছে। আমাদের কাছে হামিদ মিরের আরেকটি পরিচয় আছে। তিনি বাংলাদেশের পক্ষে নিরলস যুদ্ধ করে আসছেন। সেই যুদ্ধ হলো ১৯৭১ সালে পাকিস্তানিরা যে বাংলাদেশে গণহত্যা ও গণধর্ষণ চালিয়েছিল, তার জন্য ক্ষমা প্রার্থনার। হামিদ মির কেবল তাঁর লেখনীতে বা টিভির টক শোতেই এ কথাগুলো বলেননি, পাকিস্তান সরকার যাতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চায়, সেই উদ্দেশ্যে জাতীয় পরিষদে প্রস্তাব তোলার পক্ষে জনমত গড়ে তুলছেন। এ ব্যাপারে তিনি বিভিন্ন দলের নেতা-মন্ত্রী, পাকিস্তান জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। কাউকে কাউকে রাজি করিয়েছেন।গত ২৩ নভেম্বর প্রথম আলোতেই শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী নিয়ে একটি হূদয়গ্রাহী নিবন্ধ লিখেছেন, যাতে তিনি পাকিস্তানিদের ক্ষমা চাওয়ার দাবির কথা পুনর্ব্যক্ত করেন। ওই নিবন্ধে হামিদ মির আরও লিখেছেন, পাকিস্তানিরা ইতিহাস ও পাঠ্যপুস্তকে শেখ মুজিবকে একজন বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে থাকে। তারা পাকিস্তান ভাঙার দায়ও তাঁর ওপর চাপান। কিন্তু প্রকৃত ঘটনা হলো, তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী, সেনাবাহিনী ও রাজনীতিকেরাই বাঙালিদের ওপর একটি অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন। হামিদ মিরের আশা, একদিন পাকিস্তানিরা তাদের ভুল বুঝতে পারবে এবং ক্ষমা চাইবে।বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবিটি এই বিজয়ের মাসে আরও তাৎপর্যপূর্ণ। হামিদ মির, মালালা ইউসুফজাই, আমরা তোমাদের পাশে আছি। সোহরাব হাসান: কবি, সাংবাদিক। [email protected]