মালালা ও কৈলাসের নোবেল জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীতে সব পুরস্কারের সেরা হলো নোবেল পুরস্কার। নোবেল পুরস্কারগুলোর মধ্যে শান্তির পুরস্কারই সবচেয়ে বেশি উদ্যাপিত হয়। একজন পাকিস্তানি মুসলিম তরুণীর সেই পুরস্কার পাওয়া তাই গভীর তাৎপর্যবহ।
যে সমাজে নারীর অধিকার উপেক্ষিত, সেই সমাজের এক নারীর শিক্ষা-সংগ্রাম অবশ্যই পুরস্কারযোগ্য ঘটনা। শিক্ষার জন্য, নারীর ভবিষ্যতের জন্য মালালা ইউসুফজাইয়ের অবদানের স্বীকৃতি বিশ্বের সব শিশু ও নারীর জন্যই প্রেরণাদায়ক। সহ-পুরস্কারভাগী ভারতের কৈলাস সত্যার্থী যে শিশুদের জন্য পৃথিবী কল্পনা করেন, নোবেল পুরস্কারপ্রাপ্তি সেই পৃথিবীর স্বপ্নকেও সামনে নিয়ে এল। এর মাধ্যমে ভারত-পাকিস্তানসহ পিছিয়ে থাকা সমাজগুলোর সংস্কারের প্রচেষ্টা আরও বিস্তৃত হবে, এটাই প্রত্যাশা।
পাকিস্তানের জঙ্গি-অধ্যুষিত সোয়াত প্রদেশে মেয়েশিশুদের শিক্ষার অধিকারের কথা বলে মালালা সাহসিকতা দেখিয়েছিল, মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুমুখে পতিত হওয়া থেকে উঠে দাঁড়িয়ে সে প্রমাণ দিল তার অটল ইচ্ছাশক্তির।
পাকিস্তানের মালালা ভারতের কৈলাসনোবেল শান্তি পুরস্কার কমিটি মালালা ও কৈলাসের পুরস্কারপ্রাপ্তির সম্ভাষণে উভয় বিজয়ীর জনহিতকর উদ্যোগের কথা উল্লেখ করেছে। নোবেল পুরস্কারের জনক আলফ্রেড নোবেল চেয়েছিলেন যাঁরা জাতিতে জাতিতে অশান্তি কমাতে ও যুদ্ধের বিরুদ্ধে দৃষ্টান্ত হবেন, তাঁরাই পাবেন শান্তিতে নোবেল পুরস্কার।
মালালা ইউসুফজাই কেবল বালিকাদের স্কুলে পাঠানোর আন্দোলন করেই থামেনি, সে একই সঙ্গে ড্রোন হামলায় নিহত শিশুদের জন্যও সমব্যথী হয়েছে, শান্তি প্রতিষ্ঠায় ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্বয়কে এক টেবিলে বসানোর প্রত্যয় ব্যক্ত করেছে, মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাতে যুদ্ধ ও সামরিকায়নের বিরুদ্ধেও বলেছে সে। নোবেল কমিটি যদি মালালার এই যুদ্ধবিরোধী চেতনার স্বীকৃতি দিত, তবে তা হতো আলফ্রেড নোবেলের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে যুদ্ধপীড়িত পৃথিবীর জন্য এক শক্তিশালী বার্তা!
কৈলাস সত্যার্থীর নোবেল জয় যেন বাংলাদেশের ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নোবেল জয়েরই ধারাবাহিকতা। এর মাধ্যমে সমাজকে বিকশিত করায় বেসরকারি উদ্যোগকেই উৎসাহিত করা হলো। কৈলাস শিশুশ্রম দূর করাসহ যেসব শিশুবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন, তা তৃতীয় বিশ্বের সব দেশের জন্যই অনুকরণীয়।