মাল্টিমিডিয়া ক্লাসরুমের দৈন্যদশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদানের যে চিত্র গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত হয়েছে, তা সত্যিই হতাশাব্যঞ্জক। এ রকম হলে যে উদ্দেশ্যে এই মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, তা সফল হবে না বলেই মনে হচ্ছে।
প্রথম আলোর খবরে প্রকাশ, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদানের জন্য ল্যাপটপ, প্রজেক্টর, শব্দযন্ত্র, ইন্টারনেট সংযোগের জন্য মডেম রয়েছে। তবে ল্যাপটপটি এক মাস ধরে নষ্ট থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। এর আগে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক না থাকার কারণে বিদ্যালয়টিতে মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদান করা সম্ভব হয়নি। শুধু এই বিদ্যালয়েই নয়, জেলার আরও অনেক বিদ্যালয়ে কারিগরি ত্রুটি, দক্ষ শিক্ষক ও শ্রেণিকক্ষের অভাব এবং লোডশেডিংয়ের কারণে মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদান বাধাগ্রস্ত হচ্ছে।
পাঠদানের পদ্ধতি আরও যুগোপযোগী ও আনন্দময় করতে সরকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে ২০১৩ সাল থেকে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রকল্প চালু করে। প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমিয়ে আনাও এর আরেক উদ্দেশ্য। কিন্তু এখন দেখেশুনে মনে হচ্ছে, এসব উদ্দেশ্য পূরণ হবে না। 
কেননা, শুধু যে মানিকগঞ্জের বিদ্যালয়গুলোতেই মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদান ব্যাহত হচ্ছে তা নয়, সারা দেশের চিত্র মোটামুটি একই রকম। গত বছরের সেপ্টেম্বর মাসে সরকারি কর্মকর্তারা মাল্টিমিডিয়ার সাহায্যে 
পাঠদানের পরিস্থিতি জানতে বেশ কয়েকটি জেলার শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। তাঁদের প্রতিবেদনেই বেরিয়ে আসে এ ক্ষেত্রে অব্যবস্থাপনাসহ নানা সংকটের চিত্র। প্রতিবেদনে বলা হয়, ক্লাসরুমে পাঠদানের পদ্ধতি চলছে 
অনেকটা জোড়াতালি দিয়ে। বেশির ভাগ শিক্ষকের ডিজিটাল পাঠদানে কনটেন্ট তৈরিতে আগ্রহ নেই, মাল্টিমিডিয়া প্রজেক্টরে পাঠদানেও আগ্রহের ঘাটতি রয়েছে তাঁদের, রয়েছে মাল্টিমিডিয়া সামগ্রী পরিচালনায় অদক্ষতা। এ ছাড়া অনেক প্রতিষ্ঠানে ল্যাপটপ ও প্রজেক্টরের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। 
উপজেলা পর্যায়ে ধীরগতির ইন্টারনেট, লোডশেডিং, ক্লাসরুমের সংকট ইত্যাদি সমস্যা রয়েছে। 
কিন্তু এমন তো চলতে পারে না। সরকার এই প্রকল্পে শত শত কোটি টাকা ব্যয় করছে অথচ ফলপ্রসূ কাজ তেমন হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য নয়। সরকারকে এই প্রকল্প সফল করতে হলে বেশ কিছু উদ্যোগ নিতে হবে। শিক্ষকদের তথ্যপ্রযুক্তির বিষয়ে এবং মাল্টিমিডিয়ার উপকরণ ব্যবহারের ওপর যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেটের গতি বাড়াতে হবে এবং বিদ্যুতের সরবরাহ নিরবচ্ছিন্ন করতে হবে। সর্বোপরি মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসরুমে পাঠদান হচ্ছে কি না, তা নিয়মিত মনিটরিং করতে হবে।