মালয়েশিয়ার অপহরণকারী চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় সম্প্রতি এক বাংলাদেশি ব্যবসায়ীর অপহরণ ও মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার ঘটনা সেখানকার যে চিত্র তুলে ধরেছে, তা অনেক বাংলাদেশি নাগরিকের জন্য সতর্কবার্তা হিসেবেই বিবেচনা করতে হবে। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ বা ‘সেকেন্ড হোম’-এর আশায় অনেক বাংলাদেশি নাগরিক দেশটিতে যাচ্ছেন বা যেতে চাইছেন। কিন্তু দেখা যাচ্ছে, সেখানকার সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে একশ্রেণির বাংলাদেশিও যুক্ত হয়েছেন এবং তাঁরা বাংলাদেশের লোকজনকেই শিকারে পরিণত করছেন।
প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ব্যবসায়ী খায়েজ আহম্মেদ মালয়েশিয়ায় অপহরণকারীদের হাতে ১৩ দিন আটক ছিলেন এবং ২৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। সেই ব্যবসায়ী ঘটনার বর্ণনা দিয়েছেন এবং জানিয়েছেন, অপহরণকারী চক্রের প্রধান একজন বাংলাদেশি; মুক্তিপণের টাকা লেনদেন হয়েছে বাংলাদেশে। ইতিবাচক তথ্য হচ্ছে, বাংলাদেশে এই চক্রের সাতজনকে আটক করেছে র্যাব।
মালয়েশিয়ায় অপহরণ করে দেশে মুক্তিপণ আদায়অপহরণের শিকার ব্যবসায়ী বলেছেন যে তাঁর আগেও আরও কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী অপহৃত হয়েছেন এবং তাঁরা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। মালয়েশিয়ায় এ ধরনের অনেক সন্ত্রাসীগোষ্ঠী রয়েছে, যারা অপহরণ ও মাদক ব্যবসাসহ নানা ধরনের অপকর্মে জড়িত। সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও তাদের বোঝাপড়া রয়েছে। বাংলাদেশের অপরাধীরাও যেহেতু এ ধরনের চক্রে জড়িয়ে পড়েছে, তাই খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী বা সেখানে বসবাস করতে যাওয়া লোকজনই হচ্ছে তাদের সহজ টার্গেট। আমরা আশা করব, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা সতর্ক হবেন।
তবে এ ক্ষেত্রে এখন যা করণীয় তা হচ্ছে, যথাযথ তদন্তের মাধ্যমে বাংলাদেশে আটক এই অপরাধী চক্রের কাছ থেকে তথ্য সংগ্রহ করা এবং কীভাবে তাদের কর্মকাণ্ড চলে, সে ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া। সেটা না করা গেলে এদের মূল উৎপাটন করা কঠিন হবে। আন্তর্জাতিক পর্যায়ের এই অপরাধ মোকাবিলায় সংশ্লিষ্ট দেশ মালয়েশিয়ার সঙ্গেও কাজ করার উদ্যোগ নিতে হবে।