মালয়েশিয়ার শ্রমবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধ হয়েছে কিন্তু তা যদি বিদ্যমান প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যেই হয়ে থাকে, তাহলে তাতে উদ্বিগ্ন হওয়ার কথা নয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশ থেকে শ্রমশক্তির আমদানি বন্ধে যে যুক্তি দেখিয়েছেন, তা উপেক্ষা করা কঠিন। কারণ, সাধারণ অভিজ্ঞতা এটাই বলে যে যেখানেই একচেটিয়া নিয়ন্ত্রণ থাকে, সেখানেই দুর্নীতি ও অনিয়ম বাসা বাঁধে।

মালয়েশিয়ার সাবেক সরকার ১০টি নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে যেভাবে বাংলাদেশি জনশক্তি আমদানি করে আসছিল, তাতে মাহাথির প্রশাসন স্বচ্ছতার বিরাট ঘাটতি আছে বলেই লক্ষ করে। এটা আশাব্যঞ্জক যে মাহাথির স্বয়ং বলেছেন, তিনি ব্যবসাটিকে বাংলাদেশের সব এজেন্টের জন্য খুলে দিতে চান এবং বাংলাদেশ ও নেপাল থেকে শ্রমিক আমদানির বিষয়ে একটি অভিন্ন পন্থা বের করতে একজন সাবেক প্রধান বিচারপতি বা একজন সাবেক মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিশন গঠনেরও ঘোষণা দিয়েছেন। আমরা মনে করি, এর ফলে মালয়েশিয়া সরকারের সঙ্গে কার্যকর ও অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে যথাযথভাবে পুনরায় অভিবাসী কর্মী পাঠানোর একটি সুযোগ তৈরি হয়েছে। তবে এই বর্তমান নিষেধাজ্ঞাকে সুযোগ হিসেবে কাজে লাগাতে হলে পুরো খাতকে সিন্ডিকেটের প্রভাবমুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।  

মালয়েশীয় বেসরকারি খাত, বিশেষ করে ধনাঢ্য নাগরিকেরা তাঁদের ব্যক্তিগত ও বাসাবাড়ির নিরাপত্তায় নেপালি গোর্খাদের নিয়োগে প্রাধান্য দিয়ে আসছেন। এটা অনেকটাই নেপালিদের একচেটিয়া নিয়ন্ত্রণে। বাংলাদেশ ও নেপালিরা মালয়েশিয়ায় সংখ্যাগত বিচারে প্রায় সমান, অথচ বোধগম্য কারণেই তাদের থেকে বাংলাদেশিদের অনেকটাই এগিয়ে থাকার কথা। সুতরাং মাহাথিরের নয়া পদক্ষেপকে নেতিবাচক দিক থেকে নয়, বরং নতুন করে শুরু করার একটি উপলক্ষ হিসেবে দেখাই সব থেকে সমীচীন হবে।

এটাও লক্ষণীয়, জনশক্তি আমদানির ক্ষেত্রে দেশটির ১৫টি উৎস দেশের মধ্যে কেবল বাংলাদেশের সঙ্গেই মালয়েশিয়ার সাবেক প্রশাসন এ ধরনের একটি সিন্ডিকেট করেছিল। এই তথ্য সঠিক হলে এটা নির্দেশ করে যে সিন্ডিকেট ব্যবস্থাটি যেহেতু শুধু বাংলাদেশের সঙ্গেই সংশ্লিষ্ট, সেই কারণে নতুন প্রশাসন এ বিষয়ে সন্দিহান হতেই পারে। এ ছাড়া ঢাকায় বাংলাদেশ সরকারের সূত্রগুলোই স্বীকার করছে যে ন্যায্যমূল্যে জনশক্তি রপ্তানির রক্ষাকবচ হিসেবে সিন্ডিকেট ব্যবস্থা সুফল দেয়নি। গত দেড় বছরেই এই চক্রটি মালয়েশিয়ায় চাকরিপ্রত্যাশী পৌনে দুই লাখ বাংলাদেশির কাছ থেকে সাড়ে চার হাজার কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এখন জরুরি প্রশ্ন হলো, এর সঙ্গে জড়িতরা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? উভয় দেশের আইনের আওতায় কি তাদের জবাবদিহি নিশ্চিত করা অসম্ভব? এটা সম্ভব হলে একটি নজির তৈরি হতে পারে। তবে এখন দুই দেশের সরকারকেই যা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে তা হলো,
এজেন্ট ও মালিকদের অসহযোগিতার কারণে বিপুলসংখ্যক বাংলাদেশি ‘অবৈধ’ হয়ে আছে। তাঁদের বৈধতার প্রশ্নটির আশু মীমাংসা দরকার। অন্যদিকে জনশক্তি রপ্তানি সব এজেন্টের জন্য খুলে দেওয়া হলে নিরীহ ব্যক্তিরা যাতে কোনোভাবেই প্রতারিত না হন, তা নিশ্চিত করতে হবে। মালয়েশিয়ায় চাকরিপ্রত্যাশীদের কীভাবে ঝুঁকিমুক্ত রাখা যায়, সেই পথ বাংলাদেশকেই খুঁজে বের করতে হবে।  

আমরা আশা করব, মাহাথির প্রশাসন নতুন যে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে, তা দ্রুত বাস্তবায়িত হবে। বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির যে স্বাভাবিক প্রবাহ, সেটা যাতে অনাবশ্যক কোনো বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে তারা বাড়তি নজর দেবে। মালয়েশিয়ার উন্নয়নে বাংলাদেশি শ্রমজীবীদের অবদানকে দেশটির নেতারা সব সময় সমীহ করেই আসছেন। আশা করব, তার ধারাবাহিকতায় কোনো ছেদ পড়বে না।