সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগটি প্রশংসনীয়। এতে যেমন কর্মীদের আর্থিকভাবে সাশ্রয় হচ্ছে, তেমনি তাঁরা হয়রানি থেকেও রেহাই পাচ্ছেন। প্রাথমিক পর্যায়ে যে প্রক্রিয়ায় ১১ হাজার ৭৫৮ জনকে বাছাই করা হয়েছে, তাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠেনি। বাংলাদেশের সরকারি কাজে এ রকম দৃষ্টান্ত বিরল। প্রথমে বলা হয়েছিল, মালয়েশিয়ায় যাওয়ার জন্য মনোনীত কর্মীদের জনপ্রতি ৪০ হাজার টাকা দিতে হবে। কিন্তু মালয়েশীয় সরকার বাড়তি ১০ হাজার টাকা কর ধার্য করায় এখন সেই ব্যয় ৫০ হাজার টাকায় পৌঁছাবে। আগে নিয়োগদাতারা এই কর দিতেন, কিন্তু কর্মীদের বেতন বেড়ে যাওয়ায় এখন আর সেই কর তাঁরা দিতে রাজি নন। টাকার অঙ্কে এটি বেশি না হলেও অনেকের পক্ষেই তা জোগাড় করা সহজ হবে না। যেহেতু খরচের মধ্যে ৩১ হাজার ৫০০ টাকাই বিমানভাড়ায় ব্যয় হবে, সে ক্ষেত্রে সরকার শ্রমিকদের আর্থিক সুবিধার কথা ভেবে বিকল্প পথেও মালয়েশিয়ায় পাঠাতে পারে। সরকার চাইলে নৌবাহিনীর জাহাজেও তাঁদের মালয়েশিয়ায় পাঠানো অসম্ভব নয়। বিষয়টি নিয়ে সরকার ভাবতে পারে।দ্বিতীয়ত, সেখানে নিয়োগপ্রাপ্ত বাগানকর্মীদের কাজের পরিবেশ সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তাঁরা যেহেতু সরকারের মাধ্যমে যাচ্ছেন, সেহেতু কাজের পরিবেশ ও বেতন-ভাতার ব্যাপারে নিয়োগকর্তাদের সঙ্গে দর-কষাকষির সুযোগ রয়েছে। এসব শ্রমিক সেখানে গিয়ে যাতে সমস্যায় না পড়েন, সে জন্য দূতাবাসের নিয়মিত নজরদারি থাকতে হবে। মনে রাখতে হবে, এই দরিদ্র শ্রমিকদের কষ্টার্জিত আয় এবং দেশের মানুষের করের অর্থেই দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জোগান হয়। সরকারি উদ্যোগে মালয়েশিয়ায় লোক পাঠানোর ব্যাপারে বায়রা প্রথমে আপত্তি জানালেও এখন তারা বিষয়টি মেনে নিয়েছে। আমরা সব ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের সুস্থ ও সুষ্ঠু প্রতিযোগিতা চাই। একচেটিয়া ব্যবসা অনেক ক্ষেত্রেই স্বেচ্ছাচারিতার জন্ম দেয়। আশা করব, এখন থেকে বেসরকারি সংস্থাগুলোও ‘গলাকাটা’ নীতি পরিহার করে প্রবাসী কর্মীদের কাছ থেকে যুক্তিসংগত পরিমাণে অর্থ নেবে। প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কার মতো আমাদেরও বিদেশে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি পাঠানোর প্রতি মনোযোগী হতে হবে, যাতে কম লোক পাঠিয়েও আমরা বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি।