আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের দ্বিতীয় বৃহত্তম খাত হলো বিদেশে জনশক্তি রপ্তানি। জাতীয় অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাতটি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময়ে নানা রকমের গুরুতর অভিযোগ ওঠে, কিন্তু সেগুলোর সুরাহা করা হয় না। সর্বশেষ খবরে জানা গেল, মালয়েশিয়ার সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বর্তমান পদ্ধতি বাতিল করেছে। কারণ, তাদের অভিযোগ, এই খাতে জনশক্তি রপ্তানিকারকদের একটি সংঘবদ্ধ চক্র মালয়েশিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের ঠকিয়ে বিপুল অঙ্কের অতিরিক্ত অর্থ আদায় করছে।
গত মাসের শেষ দিকে মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টার-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলো বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে প্রত্যেক কর্মীর কাছ থেকে ২০ হাজার মালয়েশীয় রিঙ্গিত, অর্থাৎ ৪ লাখ ১৯ হাজার ৮৪৫ টাকা আদায় করেছে। অথচ বাংলাদেশের সরকারি হিসাবে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নির্ধারিত খরচ মাথাপিছু সাড়ে ৩৭ হাজার টাকা। আমাদের প্রতিবেদক অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছেন, দ্য স্টার-এর প্রতিবেদনের তথ্যটি সঠিক, তবে টাকার অঙ্কটি ৩ থেকে সাড়ে ৪ লাখ পর্যন্ত। সর্বনিম্ন ৩ লাখ টাকা ধরা হলে গত দেড় বছরে জনশক্তি রপ্তানিকারকেরা মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের কাছ থেকে অন্যায়ভাবে আদায় করেছেন অতিরিক্ত ৪ হাজার ৭০০ কোটি টাকা।
আমাদের বিদেশগামী কর্মীদের এমন সংঘবদ্ধভাবে ঠকানো শুরু হয়েছিল বছর দেড়েক আগে; ২০১৬ সালে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের মধ্যে জি টু জি প্লাস নামের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর বাংলাদেশের ১০টি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে (রিক্রুটিং এজেন্সি) মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমতি দেওয়া হয়। এর আগ পর্যন্ত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ, সংক্ষেপে বায়রার সদস্য রিক্রুটিং এজেন্সিগুলো এই কাজ করত। কিন্তু তাদের বিরুদ্ধেও প্রচুর অভিযোগ ছিল, তাদের সংখ্যা অনেক বেশি বলে জনশক্তি রপ্তানি খাতের পরিচালনায় শৃঙ্খলা, জবাবদিহির বেশ ঘাটতি ছিল। মোট কথা, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়াটিতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও ন্যায্যতা আনার উদ্দেশ্যে বাংলাদেশের ১০টি রিক্রুটিং এজেন্সিকে বেছে নেওয়া হয়। মালয়েশিয়ার সরকার বাংলাদেশ সরকারের কাছে ১০টি এজেন্সির নাম চেয়েছিল, আমাদের সরকারের দেওয়া নামের এজেন্সিগুলোই প্রায় দেড় বছর ধরে মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে আসছে। এরাই সংঘবদ্ধভাবে মালয়েশিয়াগামী শ্রমিকদের ঠকিয়ে চলেছে।
২ জুলাই প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন বলছে, বাংলাদেশের ১০টি রিক্রুটিং এজেন্সির সঙ্গে আছে মালয়েশিয়ার একটি রিক্রুটিং এজেন্সি। এরা যে সংঘবদ্ধ চক্রটি গড়ে তুলেছে, তার সঙ্গে জড়িত আছেন উভয় দেশের সাবেক ও বর্তমান মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক প্রভাবসম্পন্ন কিছু ব্যক্তি। বস্তুত বাংলাদেশের ১০টি রিক্রুটিং এজেন্সি গড়ে তোলা হয়েছে রাজনৈতিক প্রভাবসম্পন্ন ব্যক্তিদের দ্বারা; এর ফলে যেসব পেশাদার রিক্রুটিং এজেন্সি বায়রার আওতায় কাজটি করত, তাদের ব্যবসা ছিনিয়ে নেওয়া হয়েছে। এভাবে পেশাদারত্বের ক্ষতি হয়েছে; স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করার ব্যবস্থা দুর্বল হয়েছে এবং ১৭ মাস ধরে মালয়েশিয়াগামী ১ লাখ ৭৯ হাজার ৩৩০ জন বাংলাদেশি নাগরিকের কাছ থেকে অন্যায়ভাবে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় সরকার পরিবর্তনের পর দেশটির নতুন সরকার এই সংঘবদ্ধ চক্রটিকে শনাক্ত করেছে; এই চক্রের মালয়েশীয় সদস্যটি সে দেশের সাবেক সরকারের প্রভাবশালী ব্যক্তিরা। মালয়েশিয়া সরকার ১০টি এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার পদ্ধতিটি বাতিল করেছে। কিন্তু আমাদের সরকার এখন কী পদক্ষেপ নেবে? এ দেশের ১০টি রিক্রুটিং এজেন্সির সঙ্গে রাজনৈতিক প্রভাবসম্পন্ন ব্যক্তিদের সংশ্লিষ্টতার যে অভিযোগ উঠেছে, তার বিহিত করতে হবে। মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে অন্যায়ভাবে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার জন্য ১০টি এজেন্সিকে বাধ্য করা উচিত। সংঘবদ্ধ চক্রটি ভেঙে দিয়ে জনশক্তি রপ্তানি খাতে প্রকৃত পেশাদারি, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।