মালয়েশিয়ায় শ্রমশক্তি পাঠানো শ্রমিকবান্ধব করার জন্য স্বল্প খরচের জি টু জি প্লাস প্রক্রিয়া চালু করেছিল দুই দেশের সরকার। কিন্তু এর অধীনে মালয়েশিয়াগামী শ্রমিকদের সরকারিভাবে নির্ধারিত খরচের তিন গুণ বেশি দিতে হচ্ছে। লাভের গুড় খেয়ে যাচ্ছে কোন পিঁপড়ারা? এর আগে জি টু জি চুক্তির আওতায় মালয়েশিয়া গিয়েছিলেন আট হাজার শ্রমিক। তাঁদের বেলায় নির্ধারিত ৩৩ হাজার টাকার বেশি নেওয়ার অভিযোগ ওঠেনি। কিন্তু জি টু জি প্লাসে নির্ধারিত খরচ ৩৩ হাজার ৫৭৫ টাকা হলেও বাস্তবে নেওয়া হচ্ছে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত। প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাকেও তাঁর নিকটজনকে বিদেশে পাঠাতে ১ লাখ ৮৫ হাজার টাকা পর্যন্ত সাধা হয়েছিল। তবে যাঁদের কেউ নেই, তাঁদের সাড়ে ৩ লাখ টাকা করেই দিতে হয়েছিল বলে জানাচ্ছে প্রথম আলোর বৃহস্পতিবারের প্রতিবেদন।
নির্ধারিত খরচ ৩৩ হাজার লাগছে সাড়ে তিন লাখদেশে হাজারেরও বেশি রিক্রুটিং এজেন্সি থাকলেও মালয়েশিয়া গমনের ব্যবসাটি করছে মাত্র ১০টি প্রভাবশালী এজেন্সি। অভিযোগ রয়েছে, এসব এজেন্সির মালিকেরা সরকারের ঘনিষ্ঠ লোক হওয়ায় তাঁদের বিষয়ে মন্ত্রণালয় কিছুই করছে না। বরাবরের মতো তাঁরা কোনো অভিযোগ পাননি বলে দায় সেরেছেন। শুধু রিক্রুটিং এজেন্সিই নয়, মালয়েশিয়ায় অবস্থানকারী এক প্রভাবশালী বাংলাদেশি ব্যবসায়ীও প্রতি ভিসার জন্য টাকা নিচ্ছেন বলে জানা গেছে। ভুক্তভোগী জানতে পারেন, গণমাধ্যম জানতে পারে, রিক্রুটিং এজেন্সির লোকজনও নাম প্রকাশ না করে ভেতরের চিত্র তুলে ধরেন, কিন্তু মন্ত্রণালয় বোবা-কালা-কানা। তা কেমন করে হয়?
রিক্রুটিং এজেন্সিগুলোর অভিযোগ, মালয়েশিয়া যাওয়ার খরচ নির্ধারণের সময় তাদের কোনো কথা শোনা হয়নি। তারা চান, নির্ধারিত খরচ ১ লাখ ৭৫ হাজার টাকা করা হোক। সরকারের যুক্তি ও রিক্রুটিং এজেন্সির যুক্তির মধ্যে কোনটা সঠিক, তা বিশেষজ্ঞরাই ঠিক করবেন, কিন্তু আমরা দেখছি মাত্র ১৮ হাজার টাকার চাকরির জন্য সাড়ে ৩ লাখ টাকা খরচ করা সরাসরি শোষণ।
প্রবাসে জনশক্তি প্রেরণ অনেক বড় ব্যবসা। আবার তাঁদের কারণেই বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া কমিয়ে দিয়েছে। সরকারের নীতিনির্ধারকদের উচিত প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকাণ্ড খতিয়ে দেখা।