মাস্তানচক্রের দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধ সামান্য হলেও ফলাফল গুরুতর। তরুণের হাতে তরুণ খুন, কিশোরের হাতে কিশোর খুন। ৬ জানুয়ারি উত্তরায় কিশোর আদনান হত্যার পর গত বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বন্ধুদের হাতে খুন হলো তরুণ আবদুল আজিজ (১৮)। শুধু রাজধানীতে নয়, সারা দেশেই কখনো খেলা, কখনো প্রেম, কখনো উত্ত্যক্ত করা কিংবা প্রাধান্য বিস্তারের দ্বন্দ্বে তরুণদের মধ্যে খুনোখুনির ঘটনা ঘটছে। এলাকায় এলাকায় কিশোর মাস্তানচক্র (গ্যাং) দাঁড়াচ্ছে এবং কখনো কখনো মাস্তানচক্রের আধিপত্য বিস্তারের লড়াইয়ের শিকার হচ্ছে উঠতি বয়সের তরুণেরা। আবার সিলেটের বদরুলের মতো অনেকেই প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীদের ওপর হামলা-হত্যার ঘটনা ঘটাচ্ছে। আমাদের তরুণদের একটা অংশের মধ্যে নির্বিকার নিষ্ঠুরতার এ প্রবণতা এক সামাজিক দুর্যোগের পূর্বাভাস।
মাস্তানচক্রের দ্বন্দ্বের এই খুনগুলো ঘটছে মধ্য ও নিম্নবিত্তের এলাকাতেই বেশি। তবে বেশি বেপরোয়া হতে দেখা যায় সুবিধাবঞ্চিত পরিবারে বেড়ে ওঠা কিশোরদের। বড় বড় নগরে কিশোর অপরাধীর সংখ্যাও বাড়ছে। সমস্যাটা যতটাই নিরাপত্তাজনিত, ততটাই তারুণ্যের মনস্তত্ত্বেরও। এ ধরনের আচরণের মধ্যে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ের হিংসারই অনুকরণ ঘটে। উঠতি বয়সে সুস্থ উদ্দীপনা ও সামাজিক বন্ধনের যদি অভাব ঘটে, যদি নিজেকে প্রকাশের মঞ্চ তারা না পায়, তাহলে দাপট অর্জন ও দাপট দেখানোর পথেই অনেকে প্ররোচিত হয়। বিষয়টি আমলে নিয়ে সমাজ-মনস্তাত্ত্বিক ও অপরাধ বিশেষজ্ঞদের নিয়ে প্রতিকার খোঁজা উচিত। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও পথপ্রদর্শন ও প্রতিকারের দায়টা মূলত সরকারের।
সাধারণত আশাহীন, বিচ্ছিন্ন ও নৈরাজ্যিক বাস্তবতাতেই তরুণদের কারও কারও মনে এমন হিংসা দানা বাঁধতে পারে। সম্প্রতি কমনওয়েলথ সেক্রেটারিয়েটের তৈরি গ্লোবাল ইয়ুথ ডেভেলপমেন্ট ইনডেক্স ২০১৬ বলেছে, বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল নয়। কর্মসংস্থান ও সম্ভাবনার ক্ষেত্রে তারা দেখছে আশাহীন এক পরিস্থিতি। এক কোটিরও বেশি তরুণ কোনো কাজ বা শিক্ষার মধ্যে নেই।
আশাহীন, শিক্ষাহীন, বেকার, অসন্তুষ্ট এবং পারিবারিক ও সামাজিক অস্থিরতায় আক্রান্ত তরুণ কেবল সমাজের জন্যই ঝুঁকি নয়, তারা নিজেরাও রয়েছে ঝুঁকিতে। এদের ঘাতক হওয়া এবং মরে যাওয়া থেকে রক্ষার জন্য মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া জরুরি।