ফিলিস্তিনি জনগণের ওপর অন্যায়-অবিচারের খবরগুলো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আজ আর তেমন গুরুত্ব পায় না। তাদের বঞ্চনাই যেন স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। তারা কেবল তখনই সংবাদ শিরোনাম হয়, যখন ইসরায়েলি সৈন্যদের গুলিতে তাদের কেউ কেউ নিহত হয়। বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করার মতো সংবাদ সৃষ্টির উপায় তাদের এখন ওই একটাই।
তাই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঢাকা সফরও আন্তর্জাতিক সংবাদ শিরোনাম হয়নি। কিন্তু আমাদের প্রিয় রাজধানী তাঁর আগমন উপলক্ষে সেজেছিল; আমরা তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে তাঁকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন এবং ফিলিস্তিন ও আরব ভূখণ্ডে ইসরায়েলিদের অবৈধ ভূমিদখল ও বসতি স্থাপনের নিন্দা জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। আমাদের মুক্তিযুদ্ধে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের দৃঢ় সমর্থনের স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে শিক্ষা ও প্রশিক্ষণদানের জন্য আমাদের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঢাকা সফরকালে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে সম্পর্ক আরও নিবিড় করতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আন্তসরকার যৌথ কমিটি গঠনের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ফিলিস্তিনি জনগণের জন্য একটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় সমর্থন সব সময়ই ছিল এবং তা ভবিষ্যতেও অটুট থাকবে। তবে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও নিবিড়তা এই ক্ষেত্রে কতটা ফলপ্রসূ হবে, তা বলা কঠিন। প্রয়োজন ফিলিস্তিনের ন্যায্য দাবির পক্ষে আন্তর্জাতিক শক্তিগুলোকে সক্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া। দুঃখজনকভাবে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো ফিলিস্তিনি জনগণের প্রতি যথেষ্ট সংবেদনশীল নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর ইসরায়েলিদের আগ্রাসী ভূমিকার প্রতি সমর্থন দিয়ে আসছে।
ফিলিস্তিন ও ইসরায়েল দুটি পৃথক রাষ্ট্র হবে, আন্তর্জাতিক মহলের এই প্রস্তাব ফিলিস্তিন গ্রহণ করেছে। কিন্তু এই ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর সক্রিয় উদ্যোগ নেই। তারা ইসরায়েলের অব্যাহত দখলদারি বন্ধ করার পদক্ষেপ নিচ্ছে না। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে মার্কিন দূতাবাস তেল-আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করার প্রতিশ্রুতি উচ্চারণ করেছেন, এটাকে আমরা ধিক্কার জানাই।