ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের আলোচিত ভুল স্বীকার কার্যত চিন্তা ও বিবেকের স্বাধীনতার অনুশীলন। এর ভিন্ন ব্যাখ্যা করার সুযোগ নেই। সুতরাং সম্পাদক পরিষদ, পেন, ৪৪ জন বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্বেগ এবং নিন্দা জানানোর বিষয়টিকে বিবেচনায় নিয়ে এই ঘটনার একটি আশু যবনিকাপাত কাম্য।
মাত্র ৯ দিনে ২০টি রাষ্ট্রদ্রোহসহ ৬৯টি মামলা দায়েরের ঘটনা রাষ্ট্রের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। ত্রুটি-বিচ্যুতি নিয়ে কোনো আলোচনা না করার কূপমণ্ডূকতা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। বিশেষ পরিস্থিতিতে নেওয়া কিছু সম্পাদকীয় সিদ্ধান্তের বিষয়ে একজন জাতীয় সম্পাদকের অকপট বিরল আত্মজিজ্ঞাসাকে অত্যন্ত ইতিবাচক একটি তর্ক-বিতর্কের জায়গায় নেওয়ার সুযোগ ছিল। কিন্তু তা না করে বিষয়টিকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের কতিপয় সুযোগসন্ধানী নেতা-কর্মীর হঠকারিতা ও ‘বাড়াবাড়ি’ কেবল ব্যক্তি নয়, গোটা গণমাধ্যমের ওপরই গুরুতর আঘাত।
সংবিধান নিরঙ্কুশভাবে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং যুক্তিসংগত বাধানিষেধ-সাপেক্ষে স্বাধীন সাংবাদিকতার নিশ্চয়তা দিয়েছে। মাহ্ফুজ আনামের বিরুদ্ধে আনা অভিযোগ কোনোভাবেই ‘যুক্তিসংগত বাধানিষেধের’ আওতায় পড়ে না। হাজার হাজার কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা দায়েরের হিড়িকে যে চিত্রটি দেশবাসীর সামনে ফুটে ওঠে, তা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে কোনো নাগরিক যাতে কোনো ব্যক্তি বা মহলের দ্বারা হয়রানি বা বিদ্বেষের শিকার না হন, সে জন্য এই মামলা দায়েরের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমোদনকে বাধ্যতামূলক করা হয়েছে। অথচ এই শর্ত পূরণ ছাড়াই রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের তৎপরতা অব্যাহত রয়েছে। এভাবে দেশের প্রচলিত আইন ও বিচার–প্রক্রিয়ার অপব্যবহার চলতে দেওয়া উচিত নয়। কারণ, তা আইনের শাসনের চেতনা দুর্বল করে।
একজন পেশাজীবী সাংবাদিক তথা সম্পাদকের বিরুদ্ধে ইতিমধ্যে যেসব কাণ্ড ঘটানো হয়েছে, তা নজিরবিহীন। এখন এর দ্রুত অবসান হোক। মামলাগুলো প্রত্যাহার হোক। সংবিধানে স্বীকৃত নাগরিকের মৌলিক অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখা হোক।
আরও পড়ুন: