‘ত্বকী আমার সন্তান, ত্বকীর বয়সের যারা নারায়ণগঞ্জে আছে সকলে আমার সন্তান। তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, তাদের খুনি জল্লাদের হাত থেকে রক্ষার দায়িত্ব ত্বকী আমার কাঁধে তুলে দিয়ে গেছে। আমি সেই দায়িত্ব অবশ্যই অবশ্যই পালন করব।’ রফিউর রাব্বি, নারায়ণগঞ্জের নিহত কিশোর ত্বকীর বাবা।স্বল্পভাষী, ১৭ বছর বয়সী তানভীর মুহাম্মদ ত্বকী ভাবুক ছিল, পড়ুয়া ছিল। এ বছর এ-লেভেল পরীক্ষায় পদার্থবিদ্যায় ৩০০তে ২৯৭ এবং রসায়নে ২৯৪ নম্বর অর্থাৎ বাংলাদেশ-সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। ‘পরীক্ষায় ভালো ফলাফল করে লাভ কী বাবা?’ শুধিয়েছিল সে বাবাকে। বাবা বলেছিলেন, ‘ভালো রেজাল্ট করার অর্থ দাঁড়ায়, যে সময়টা তুমি পড়াশোনার পেছনে ব্যয় করছ, তুমি তার যথার্থ ব্যবহার করতে পেরেছ।’ ‘কিন্তু ভালো রেজাল্ট ছাড়াও তো মনীষীরা পৃথিবীতে অনেক বড় বড় কাজ করে গেছেন?’ এমন প্রশ্ন তুলে ত্বকী কি সেই মনীষীদের পথেই হাঁটতে চেয়েছিল! কে থামিয়ে দিল এই গভীর হূদয়ের নিষ্পাপ কিশোরের জীবনের মহৎ যাত্রাকে। এটা কেবল একটা প্রাণের অপচয় নয়, একটা সম্ভাবনার অকালমৃত্যু।ওর বিছানার পাশে ছিল টলস্টয়ের গল্পের বই। সেদিন দুপুরে ও বেরিয়েছিল পাঠাগার থেকে বই আনতে। শান্ত নদীর মতো মায়াবী চোখ তুলে তাকিয়েছিল হয়তো আকাশে। দেখতে চেয়েছে জীবনের রূপরসগন্ধ। নিষ্পাপ মনে জানতে চেয়েছে কত কিছু! জানি না, কিশোর ছেলেটি মৃত্যুর আগে কী নির্মম যন্ত্রণা সয়েছে। কতটা রক্ত আর যন্ত্রণা জমে ছিল তার চোখে? তার অব্যক্ত বেদনার কথা শুনেছে শীতলক্ষ্যার জল, যে নদীর ঢেউয়ে আজ ভেসে ওঠে মানুষের লাশ। ত্বকীও লাশ হয়ে ভাসল সেই পানিতে। শান্ত আনমনা ছেলেটির তো কোনো শত্রু ছিল না। কেন তাকেই খুন হতে হলো? বাবার পরিচয়, বাবার প্রতিবাদের প্রতিহিংসাই কি ত্বকীর জীবন কেড়ে নিল? এক আঘাতে দুজনকে নিথর করতে চেয়েছে তারা। সন্তান নিহত আর পিতা-মাতা হবেন জীবন্মৃত। প্রতিশোধের এমন শীতল অমানবিক জঘন্য কাজ যারা করতে পারে, তারা মানবতার শত্রু, জীবনের শত্রু, সমাজের শত্রু।‘যদি বাস ভাড়া কমানোর বিষয়টি অপরাধ হয়ে থাকে, যদি ভূমিদস্যুদের বিরুদ্ধে রেলওয়ের ভূমি রক্ষা করা অপরাধ হয়ে থাকে, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ করাটা অপরাধ হয়ে থাকে, যদি যুদ্ধাপরাধীদের ফাঁসি চাওয়াটা অপরাধ হয়ে থাকে, তবে এই অপরাধ আমৃত্যু করে যাব। এ আন্দোলন চালিয়ে যাবই।’ এটাই ছিল রাব্বির অপরাধ। আশির দশক থেকেই রফিউর রাব্বি নারায়ণগঞ্জের সব প্রগতিশীল আন্দোলন-সংগ্রামের সাথি। তাঁর নেতৃত্বেই নারায়ণগঞ্জের সাংস্কৃতিক আন্দোলন সুবিধাবাদমুক্ত। পাশাপাশি তিনি যাত্রী অধিকার, সন্ত্রাসবিরোধিতা, পরিবেশ বাঁচানো, রেলওয়ের ভূমি রক্ষা, নাগরিক অধিকারসহ সর্বশেষ যুদ্ধাপরাধীদের বিচার দাবির গণজাগরণ মঞ্চেরও পুরোধা মানুষ। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়কও ছিলেন তিনি। অর্থাৎ নারায়ণগঞ্জের প্রায় সব সামাজিক আন্দোলনে তিনি ছিলেন সামনের সারিতে। একটি ‘বিশেষ মহল’ তাদের ভিত নড়ে যাওয়ায় রাব্বিকে পথের কাঁটা গণ্য করত। এ দ্বন্দ্ব চরমে ওঠে গত সিটি করপোরেশন নির্বাচনে। ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নাগরিক কমিটিতে তিনি সক্রিয় হন। আইভীর পাশে রফিউর রাব্বির ভূমিকায় শামীম ওসমানের ভরাডুবি ঘটে। সারা দেশের কোথাও যখন বাসভাড়া কমে না, সেখানে যাত্রী অধিকার ফোরামের টানা দেড় মাসের আন্দোলনে নারায়ণগঞ্জের বাসমালিকেরা ভাড়া কমাতে বাধ্য হন। সে সময় চাঁদাবাজ ‘গডফাদার’রা সাংঘাতিক ক্ষিপ্ত ছিলেন রফিউর রাব্বির প্রতি, ক্ষিপ্ত ছিলেন ভূমিদস্যুরা। সুতরাং রফিউর রাব্বির শত্রুর কমতি ছিল না। সন্দেহ আরও ঘনীভূত হয় যখন দেখি প্রশাসন ত্বকীকে উদ্ধারের কোনো উদ্যোগই নিল না। র্যাব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ৬ মার্চ রাত থেকে শত অনুরোধ করা হলেও তাঁরা নারায়ণগঞ্জের একটি চিহ্নিত নির্যাতনকেন্দ্রে তল্লাশি চালাননি। লাশ পাওয়ার আগে পর্যন্ত তাঁরা ছিলেন নিষ্ক্রিয়। নারায়ণগঞ্জের প্রশাসন একটি ‘বিশেষ মহলের’ কাছে কতটা জিম্মি, ত্বকীকে জীবন দিয়ে সেটাও প্রমাণ করতে হলো। নারায়ণগঞ্জে এমন খুন নতুন নয়। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের তরুণ নাট্যকর্মী চঞ্চলকে খুন করে ভাসিয়ে দেওয়া হয় নদীতে। চঞ্চল হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট দীর্ঘদিন আন্দোলন করলেও বিহিত করেনি স্থানীয় প্রশাসন। আতঙ্কের বিষয়: আশিক, চঞ্চল ও ত্বকী হত্যার ময়নাতদন্তে খুনের আগে নির্যাতনের ধরনের মিলের চিহ্ন থেকে মনে হয় খুনগুলোর হোতারা একই। কোনো খুনের সুরাহা না হওয়াতেও বোঝা যায়, খুনিরা কোনো বিশেষ মহলের আশ্রয়ধন্য। ত্বকীর বেলাতেও খুনিদের গ্রেপ্তার ও বিচার হওয়ার বিষয়ে নারায়ণগঞ্জবাসীসহ অনেকেই আশঙ্কিত। আশার বিষয়, নারায়ণগঞ্জবাসী ভীত নন, নিশ্চুপ নন। সেখানে লাগাতার আন্দোলন চলছে। যুদ্ধাপরাধের বিচারের গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীদের পাশাপাশি ত্বকীর খুনিদেরও বিচার চাইছে। ‘ত্বকী হত্যা জামায়াত-শিবিরের কাজ’ বলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাও নারায়ণগঞ্জবাসী প্রত্যাখ্যান করেছে। স্বতঃস্ফূর্ত হরতালে হাজারো জনতার কণ্ঠে স্লোগান ছিল ‘গডফাদারদের আস্তানা নারায়ণগঞ্জে রাখব না’। এই আওয়াজ যদি প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছায় তো ভালো। নইলে আগামী নির্বাচনে এর নেতিবাচক প্রতিক্রিয়া হবে। ভোটের স্বার্থে নয়, ন্যায়বিচারের স্বার্থে, সন্তান হারানোর ভয়ে ভীত সব পরিবারকে ভরসা দেওয়ার স্বার্থে খুনিদের এখনই আটক করা হোক। স্বয়ং ত্বকীর বাবা ক্ষমতাশীল দলের একজন প্রাক্তন এমপি শামীম ওসমানের দিকে অভিযোগের আঙুল তুলেছেন, যখন সেই পরিবারের সদস্যদের কুকীর্তি সংবাদমাধ্যম দিয়ে সবার জানা, যখন তাঁর সন্দেহভাজন পুত্রদের দেশ ছাড়ার সংবাদও গণমাধ্যমে আসছে, তখন সরকার বসে থেকে কাকে রক্ষা করছে আসলে? মেয়র সেলিনা হায়াৎ আইভীও তো সরাসরি শামীম ওসমান পরিবারের দিকে আঙুল তুলে বলেছেন, ‘সাহস থাকে তো আমাকেও খুন করুন।’ ত্বকী খুনের ঘটনা সারা দেশের জন্যই অশনিসংকেত। আমরা আপনার এবং নারায়ণগঞ্জের জনতার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছি রফিউর রাব্বি। লেখকেরা: ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আলোকচিত্রী এবং অভিনয় ও সংগীতশিল্পী।