অনলাইনে প্রথম আলো (pৎothom-alo.com) পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।অতীতকে ভুলে সামনে তাকাতে বললেন হিনা১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। জবাবে বাংলাদেশ সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেছেন, তাঁরা অতীত ভুলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চান। এ নিয়ে পাঠক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ প্রসঙ্গে ইশহাক লিখেছেন: বাংলাদেশে বসে আমাদের ভাইবোনদের রক্তমাখা অতীত ভুলে যেতে বলেছে? ওরা জানে না যে আমাদের মনে আজও ওদের জন্য কতটুকু ঘৃণা। ওরা ভুলতে পারলেও ওই নরপিশাচদের হামলা আমরা কখনোই ভুলব না। আমাদের ভাইবোনদের লাশের ওপর দিয়ে ওদের সঙ্গে কোনো বন্ধুত্ব নয়। অবশ্যই ক্ষমা চাইতে হবে। না হলে বিধাতা ওদের কখনো ক্ষমা করবেন না। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের কোনো সম্মেলনে যাওয়ার দরকার নেই। এটা বর্জন করা হোক।শফিকুল ইসলাম: এ দেশের উন্নতি তত দিন হবে না, যত দিন মানুষগুলো গোল্ডফিশের মতো অতীত ভুলতে চাইবে। এই মানুষগুলো হয়তো শেখ হাসিনার বর্তমান সরকারকে পছন্দ করে না, তাই বলে মুক্তিযুদ্ধের ত্যাগকে অস্বীকার করতে পারে না।শাহদাত খোকন: আপনার প্রস্তাবটা ভালো লাগেনি। নজিরবিহীন ইতিহাসের কথা আমরা ভুলে যেতে পারি না। হাজার বছর পরে হলেও তোমাদের ক্ষমা চাইতে হবে।আশিষ শেখর দাস: অতীত ভুলে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ হবে—এ রকম আশা করাটা নিতান্তই বালখিল্যপনা।গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আরও বাড়ানোর আবদারগ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আরও বাড়ানোর আবদার জানিয়েছে বিতরণ কোম্পানিগুলো। তাদের দাবি, কোম্পানিগুলোর লোকসান হওয়ায় বিদ্যুতের দাম বাড়ানো দরকার। এ নিয়ে পাঠকের প্রতিক্রিয়া ছিল মিশ্র। সাব্বির আহম্মদ লিখেছেন, আমি বিদ্যুতের মূল্যবৃদ্ধি সমর্থন করি। এর দুটি কারণ: প্রথমত, বাংলাদেশের সর্বোচ্চ সাত কোটি মানুষের কাছে বিদ্যুৎসুবিধা আছে। সরকার ১৬ টাকা করে বিদ্যুৎ উৎপাদন করে পাঁচ থেকে আট টাকায় বিক্রি করে। আর এই ভর্তুকি দিয়ে ধনীরা এসি চালায়। গত পাঁচ বছরে ঢাকা শহরে বাড়িভাড়া বেড়েছে ২০০ থেকে ৩০০ শতাংশ। সেটা সহ্য হয় আর বিদ্যুতের দাম বাড়ালেই সমস্যা। দ্বিতীয়ত, আমার গত পাঁচ থেকে সাত মাস যাবৎ ৪০০-৪৫০ ইউনিট বিদ্যুতে পাঁচ হাজার টাকার মতো বিল আসত। কিন্তু গত মাসে স্লট পরিবর্তনের পর ৪৫৬ ইউনিটে দুই হাজার ৪৬৫ টাকা বিল এসেছে। গরিবের টাকায় কখনোই ধনীকে ভর্তুকি সমর্থন করা যায় না।মনির: বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো দুর্নীতির অভয়াশ্রম। কারও বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় লাগামহীন হয়ে পড়েছে তাদের কর্মকাণ্ড। বিদ্যুতের দাম আরও বাড়ানোর আগে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীর সম্পদের হিসাব দুদকের কাছে দাখিল করুন। সামান্য একজন মিটার রিডারের ঢাকায় দু-তিনটি বাড়ি থাকে কী করে? বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুৎ চুরির ঘটনাও অনেক, যা পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) হিসেবে দেখানো হয়। আগে পদ্ধতিগত লোকসান কমান।এস রহমান: বাড়ান, বাড়ান যত খুশি দাম বাড়ান। কীভাবে ম্যানেজ করে চলতে হয় তা-ও আমাদের জানা আছে। এখন তিন বেলা খাই, যত বাড়াবেন তত খাওয়া কমিয়ে দেব ঘরের মধ্যে, বাইরে থেকে কেউ দেখবে না।দিল্লিতে ‘জাতীয় ঐক্য’, ঢাকায় বিভেদ!সোহরাব হাসানের ‘কালের পুরাণ’ কলামে আমাদের রাজনীতিকদের চরিত্রের উপাখ্যান তুলে ধরেছেন। এ সম্পর্কে মো. আশেক কামাল লিখেছেন: দুই রাজনৈতিক দলের ভারতপ্রীতি-যুদ্ধ স্পষ্টতই প্রমাণ করে আমাদের রাজনৈতিক দীনতা। আশা ছিল, কূটনৈতিক বিষয়ে তারা জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে। কিন্তু সে আশায় গুড়েবালি।মনজুর এলাহী: নেতা-নেত্রীরা যতই ভারত, চীন, আমেরিকা, পাকিস্তান ভ্রমণ করুন, তাঁদের ক্ষমতায় বসানোর এখতিয়ার রাখে একমাত্র এ দেশের জনগণ। তাই এবার জনতার কাছেও তাদের অঙ্গীকার করতে হবে যে তাঁরা কথা দিয়ে কথা রাখবেন, মিথ্যা আশ্বাসে জনগণকে বিভ্রান্ত করবেন না।শুভ্র আহমেদ: রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগের ব্যর্থতা দেখে ভারত বুঝেছে যে ২০১৩-এর নির্বাচনে দলটি ক্ষমতায় ফিরে না-ও আসতে পারে। তাই ভারত বিএনপির নেত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল দিল্লিতে, বিএনপির কাছ থেকে কিছু শপথ আদায় করে নিতে। এদিকে রাজনৈতিক দীনতার জন্য আমাদের দেশের এই দুই বড় দল ভারত নিয়ে খামচাখামচি শুরু করেছে।উপদেষ্টা মোদাচ্ছেরের আচরণ অস্বাভাবিক: সংসদীয় উপকমিটিপ্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর মাঝেমধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় যাতায়াত এবং হল-মার্ক কেলেঙ্কারির নায়ক তানভীর মাহমুদের সঙ্গে অন্তরঙ্গতাকে অস্বাভাবিক ও অবাঞ্ছিত বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি। এ সম্পর্কে আবু জাহিদ মো. মাসুদ পারভেজ লিখেছেন: মন্ত্রী-সাংসদদের আমরা ভোট দিয়ে নির্বাচিত করি। উনারা না হয় একটু-আধটু...করলেন। উনারা (উপদেষ্টা) কীভাবে এসব কাজ করেন? উনারা (উপদেষ্টা) তো জনগণের ভোটে নির্বাচিত নন। এতই যদি ইচ্ছে করে তো ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসুন না? তার পরে না হয়...গোলাম মাসুদ: এই যুগে মা-বাবারই খোঁজ নেয় না স্বার্থ না থাকলে, আর উনি গেছেন তথাকথিত তাঁর দূরসম্পর্কের আত্মীয়দের দেখতে, মানে খোঁজখবর নিতে। ভাগ্য ভালো আমজনতার মাঝে উনি এই আষাঢ়ে গল্পটা বলেননি, নির্ঘাত কিছু মানুষ শোনার সঙ্গে সঙ্গে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেত।রাইহানুল ইসলাম: আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে উপদেষ্টার কত সম্পদ ছিল, আর আজ কত সম্পদ আছে, তা বের করলেই অনায়াসে বোঝা যাবে উনি কী কী করেছেন আর কীভাবে সম্পদ বানিয়েছেন। একটি বিষয় লক্ষণীয়, দুদক কখনোই সরকারি দলের অভিযুক্ত নেতাদের যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করে না। আর এই জিজ্ঞাসাবাদ কি অনন্তকাল ধরে চলবে? ওবামার জয়ে রমনির অভিনন্দনযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরই ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামাকে অভিনন্দন জানান রিপাবলিকান মিট রমনি, যা কিনা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে একেবারেই অপরিচিত ঘটনা। এ বিষয়ে পাঠক হাসান ইকবাল লিখেছেন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল, তা আমাদেরও কম আন্দোলিত করেনি। আমরা ফেসবুক, টুইটারে সর্বশেষ আপডেট পাচ্ছিলাম। ব্লগগুলোতেই প্রচুর লেখালেখি হচ্ছিল, কে হবে বিজয়ী আর এতে করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিই বা কতটুকু বদলাবে। যা-ই হোক, অনেক জল্পনা-কল্পনার পর বারাক ওবামাই দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন। ওবামার আগের প্রেসিডেন্ট বিশ্বে যুদ্ধের যে দামামা বাজিয়ে গিয়েছিলেন, তার রেশ এখনো কাটেনি। বিশ্ববাসীর প্রত্যাশা এখন তাঁদের দিকে। নতুন প্রেসিডেন্ট যেন আর সন্ত্রাস-জঙ্গিবাদ দমনের নামে যুদ্ধ-যুদ্ধ না খেলেন। যুক্তরাষ্ট্রের ইতিবাচক ভূমিকার ওপর নির্ভর করছে বিশ্বশান্তি। যুদ্ধের মাধ্যমে বিগত দিলগুলোতে যে পরিমাণ নারী, শিশু ও বৃদ্ধ মারা গেছেন, তার পরিসংখ্যান মেলে মানবাধিকার সংগঠনগুলোর ওয়েবসাইটে। আমরা একটা সুন্দর আগামীর বিশ্ব চাই।মো. বিল্লাল হোসেন: বিশ্বের ক্ষমতাধর দেশ আমেরিকার নির্বাচনে ওবামা জয়ী হয়েছেন। তাঁর জয় মেনে নিয়ে রমনি অভিনন্দন জানিয়েছেন। রমনির এই বক্তব্যকে আমি স্বাগত জানাই। কিন্তু বাংলাদেশে নির্বাচন হলে যে দলই জয়ী হোক না কেন, পরাজিত দল সব সময় বলবে, নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে এবং ভোট চুরি হয়েছে। পরাজিত দল নির্বাচন মানবে না এবং পুনরায় নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবে।(পাঠকের মতামত বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন pৎothom-alo.com)