মিথ্যাচারের পুনরাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত, হয়তো বহু বিতর্কিতও একটি বই, মেজর জেনারেল (অব.) খাদিম হোসেন রাজার A stranger in my own country, East Pakistan, 1969-1971 বইটি বেশ চেষ্টা করেই জোগাড় করা গেল। বইটি যেহেতু আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কে ঘিরে রচিত, তাই খুব আগ্রহের সঙ্গেই হাতে নিয়ে পড়তে শুরু করি।সৈনিকের পেশায় থাকা অবস্থায় খাদিম রাজা ১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’-এর দায়িত্বে ছিলেন। তদানীন্তন পূর্ব পাকিস্তানে সেনাবাহিনীতে দায়িত্ব নেওয়ার আগেও তিনি এ দেশে এসেছেন এবং জানালেন, এ দেশের মানুষের মধ্যে তিনি পশ্চিম পাকিস্তানি, বিশেষ করে পাঞ্জাবি ও বিহারিদের প্রতি প্রচণ্ড ‘বিদ্বেষ’ লক্ষ করেছেন। তাঁর ভাষায়—‘যখনই বাঙালিরা পাঞ্জাবি বা বিহারিদের সম্পর্কে কিছু বলেছে, তা কখনোই গালাগাল ব্যতিরেকে হতো না।’প্রশ্ন তোলাই যায়, সেনাবাহিনীর একজন উচ্চ কর্মকর্তার সামনেই কি বাঙালি গালাগাল করে কথা বলত, নাকি সেনাবাহিনীর গোয়েন্দা বাহিনী তাদের কানে তাদের স্বভাবজাত কায়দায় সত্য-মিথ্যা মিলিয়ে এসব কথা তুলে দিত? যা হোক, সময়টা সামরিক শাসনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময়। ৬ দফা, ১১ দফার আন্দোলন তখন তুঙ্গে। পাকিস্তানি পাঞ্জাবি বা বিহারিদের মধ্যে যারা পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের মানুষের মুক্তি ও সাম্যের বিরুদ্ধে কথা বলেছে বা কাজ করেছে, তাদের প্রতি এ দেশের মানুষ রুষ্ট হয়ে থাকতে পারে এবং গণ-আন্দোলনের জোয়ারে নানা ভাষায় তাদের সম্পর্কে কটূক্তি করতেই পারে। অনেক দিন গড়িয়ে গেছে বইটি পড়েছি। কিন্তু মনে বইটি সম্পর্কে মন্তব্য করার ইচ্ছাটা রয়েই গেছে। মন্তব্য করার ইচ্ছা এই কারণে নয় যে, বইটির পাঠযোগ্যতা উচ্চমানের। বরং সেখানে অনেক প্রশ্ন তোলা যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া না দেখিয়ে থাকা সম্ভব নয়। কারণ, বইটিতে অত্যন্ত নগ্নভাবে বাংলাদেশের মানুষদের প্রতি পাকিস্তানি সামরিক জান্তার সদস্যদের বিদ্বেষপূর্ণ মনোভাব লিপিবদ্ধ করা হয়েছে।এ কথা আজ আর লুকানো নেই যে একাত্তরে এ দেশের মাটিতে পাকিস্তানি হানাদার বাহিনী শতাব্দীর নৃশংসতম গণহত্যা সংঘটিত করেছিল, যা মানবতার বিরুদ্ধে ন্যক্কারজনক অপরাধ বলে বিবেচিত। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ‘সর্বাত্মক’ সহযোগিতার হাত কারা সেদিন বাড়িয়ে দিয়েছিল, তাও আজ একে একে উন্মোচিত হচ্ছে। চিহ্নিত অভিযুক্ত ব্যক্তিরা বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়েছেন, কেউ কেউ তাঁদের প্রাপ্য শাস্তির বিধানও পেয়ে গেছেন। আজ অভিযোগকারী ও সাক্ষীদের জবানবন্দি থেকে একাত্তরের গণহত্যার একটি সার্বিক ও স্পষ্ট চিত্র এখনকার সময়ের মানুষ এবং নতুন প্রজন্মের কাছে আর অজানা থাকছে না।সে সময় জন্মগ্রহণ করেনি কিংবা তখন এমন বয়সের ছিল যে অতীতের ঘটনাগুলো স্মৃতিপটে স্পষ্ট করে উঠে আসে না, এমন সব তরুণ-তরুণী বছরের পর বছর মিথ্যা প্রচারণার প্রভাবে অনেক দিন ধরে যুদ্ধাপরাধীদের স্বরূপ বুঝতে এবং তাঁদের বিচারের দাবিতে দৃঢ় অবস্থান নিতে হয়তো দ্বিধান্বিত ছিলেন। তার অবসান ঘটেছে উল্লেখযোগ্যভাবে এবং তরুণেরাই আবার একাত্তরকে ফিরিয়ে এনেছেন বাংলাদেশের সব মানুষের মনে। আর একইভাবে সেই একাত্তরের মতো সেই একই বিরোধী ভূমিকায় নেমে পড়েছে জামায়াত-শিবির। নতুন করে যে মাত্রাটি যুক্ত হয়েছে এই পক্ষ-প্রতিপক্ষের সম্পর্কের মধ্যে, সেটা হলো, জামায়াত-শিবির মরিয়া হয়ে উঠেছে, তাদের যে নেতারা একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে বিচারাধীন, যাঁদের তিনজন অধুনা দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাঁদের বাঁচাতে—যেনতেন প্রকারে তাঁদের বিচারের আওতা থেকে বের করে আনতে। তাঁদের সঙ্গে নির্বাচনপদ্ধতির প্রশ্ন সংযুক্ত করে অনেকে জামায়াত-শিবিরের সব সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন দিয়ে যাচ্ছেন। এমনকি মিডিয়ার মাধ্যমে স্পষ্টতই দেখা গেল, কারা সাম্প্রদায়িক হামলা, মন্দির-প্রতিমা ভাঙচুর, শহীদ মিনারে আক্রমণ, এমনকি জাতীয় পতাকার অসম্মান করেছে। অথচ তাদের আড়াল করতে নানা অজুহাতে হরতাল-বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তাদের মিথ্যাচার যে কত গুরুতর আকার ধারণ করেছে, বিভিন্ন পত্রপত্রিকায় তার বিবরণ তুলে ধরা হচ্ছে। প্রশ্ন উঠতেই পারে, মেজর জেনারেল (অব.) খাদিম হোসেন রাজার বইটির সঙ্গে এর সম্পর্ক কী? আমি কেন সেই বইয়ের সূত্র ধরে এত কথা বলছি। বলছি এই কারণে, আজ আমাদের বুঝতে হবে, মিথ্যাচারটা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির বা দলগুলোর একটি চিরাচরিত সহজাত কৌশল। ঠিক যেভাবে একাত্তরে তারা একের পর এক মিথ্যা সাজিয়ে ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করে তাদের ক্ষমতার লোভ চরিতার্থ করতে চেয়েছে, আজও তারা সেই একই কৌশল প্রয়োগ করে চলেছে। এর মধ্যে দিয়ে তারা যে পাকিস্তানের প্রেতাত্মাকেই বহন করে চলেছে, তার প্রমাণ উঠে আসে।খাদিম রাজার বইটি থেকে একটি উদাহরণ দিচ্ছি,প্রথমে রাজা লিখেছেন যে ১৯৭০ সালের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কাছাকাছি সময়ে ‘মুজিব এবং তাঁর দলীয় নেতারা পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক বিদ্বেষপূর্ণ প্রচারণা শুরু করেন যে পাকিস্তান সরকারে নাকি মূলত পাঞ্জাবিরাই কর্তৃত্ব করে। মুজিব কোনো দিক থেকেই মিথ্যার জাল তৈরিতে কোনো রকম দ্বিধা প্রদর্শন করেননি। দুঃখজনকভাবে কেন্দ্রীয় সরকার এগুলোর প্রতি কোনো প্রতিক্রিয়া দেখায়নি বা এসব খণ্ডন করার কোনো চেষ্টা করেনি। পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণ একেবারেই সরল বিশ্বাসে এই মিথ্যাগুলো গলাধঃকরণ করে গেছে। ...এমনকি অধ্যাপক রেহমান সোবহান ও ড. কামাল হোসেনের মতো বুদ্ধিজীবীরা অর্থনীতির পরিসংখ্যান এবং পূর্ব পাকিস্তানের বাঙালিদের অর্থনৈতিক বঞ্চনার ব্যাখ্যার্থে, বিশেষ করে মিথ্যা প্রচারণায় গলা মিলিয়েছিলেন।’খাদিম রাজা তুচ্ছ-তাচ্ছিল্য করে বলছেন, এখানকার আমলা ও সামরিক কর্মকর্তারা পদোন্নতির লোভে শেখ মুজিবের অনুগতদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। পাকিস্তান হওয়ার কারণে কিছু কিছু আমলা আর সামরিক বাহিনীর সদস্যদের যে পদোন্নতি হয়েছিল, তা নাকি তাঁদের হাতছানি দিয়ে যাচ্ছিল। এতটাই অসম্মান নিয়ে খাদিম রাজা এ দেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে চিহ্নিত করেছেন।খাদিম রাজা বইটির পরের পৃষ্ঠাগুলোয় বাংলাদেশের মানুষের প্রতি অনবরত কটূক্তি করে গেছেন। মার্চের প্রতিটি দিনের ঘটনাকে খাদিম রাজা শেখ মুজিবের চতুর রাজনৈতিক কূটচাল হিসেবে দেখানোর চেষ্টা করেছেন এবং নির্লজ্জভাবে ২৫ মার্চের রাতের ঘটনা সম্পর্কে যা লিখেছেন, তা গ্রন্থকারের মিথ্যাচার ও নিষ্ঠুর মনোভাবের একটি ক্ষুদ্র নমুনা হিসেবে দেখা যায়।খাদিম রাজা লিখেছেন, ‘২৬ মার্চের সকাল বেলা থেকে খবর আসা শুরু করল। ঢাকায় অপারেশন ভালোমতোই সমাধা হয়েছে। পিলখানার পূর্ব পাকিস্তান রাইফেলস ও রাজারবাগের পুলিশের রিজার্ভ বাহিনীসহ উভয় দিকে ১০ জনের হতাহতের মধ্যে দিয়ে নিরস্ত্র করা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো থেকে যথেষ্ট বাধা এসেছিল, ছাত্ররা রাইফেল ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। ফলে হতাহতের সংখ্যা কমানোর জন্য সেনাবাহিনী রিকয়েললেস রাইফেল এবং পিটি ৭৬ বাহিনী ট্যাংকের সাহায্য নেয়। এভাবে ঢাকা শহরকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং সকাল হতেই শহরে শান্তি ফিরে আসে।’২৫ মার্চ রাতে বাংলাদেশের কয়েকটি শহরে যে নিদারুণ হত্যাযজ্ঞ শুরু হয়েছিল, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ মাত্রেরই হূদয়ে গভীর বেদনায় গ্রথিত হয়ে আছে। কী নিষ্ঠুর নির্মমতায় জগন্নাথ হলের ছাত্রদের লাইন করে দাঁড় করিয়ে এক দলকে হত্যা করে অন্য দলকে দিয়ে গর্ত খুঁড়িয়ে তাতে ফেলে দিয়ে লাশ বহনকারীদের আবার গুলি করা হয়েছে, তাও স্মৃতিপট থেকে মুছে ফেলতে পারিনি আমরা। অথচ খাদিম রাজারা কত অনায়াসে সত্যকে আড়াল করে মিথ্যা দিয়ে সাজানো ভাষ্যে নিজেদের উপস্থাপন করে গেছেন সারা বিশ্বের কাছে, দীর্ঘদিন ধরে। এবং এই একই কায়দায় তাঁদের অনুগত সহযোগীরা একই কাজ করেছে একাত্তরে, আজও তারা সেই প্রতারণাই চালিয়ে যাচ্ছে ঘরে-বাইরে। একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর এ-দেশীয় দোসর এবং আজকের সেই দোসরদের নব্য অনুগত দোসররাও একই ভঙ্গিতে, একই মিথ্যাচারের মাধ্যমে সেই সময়কার নির্মম গণহত্যা আর নির্যাতনকারীদের সম্পর্কে অসচেতন দেশীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করে চলেছে। আজ ৪২ বছর পরও মানুষকে তারা একইভাবে আক্রমণ করছে। হত্যা, লুট, ধর্ষণ, অগ্নিসংযোগ করে যাচ্ছে দলীয় নীতির নামে, যা বাংলাদেশের মৌলিক নীতি যে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হবে, তার মূলে কুঠারাঘাত করে চলেছে। আজ স্বাধীনতা দিবসে বাংলাদেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিকামী মানুষকে বলতে চাই, এ দেশকে দুর্বৃত্ত, জঙ্গি, রাজাকারদের হাত থেকে রক্ষা করার জন্য রুখে দাঁড়ানোর বিকল্প নেই।সুলতানা কামাল: আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং সাবেকতত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।