মিথ্যাচারের রাজনীতি কত দিন চলবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: শিশির
কার্টুন: শিশির

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো। ‘নিহতের তালিকা’ অধিকারকে দিয়েছে হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে মানবাধিকার সংগঠন অধিকার ৬ মে তারিখের প্রথম প্রহরে হেফাজতের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত ব্যক্তিদের তালিকা তৈরি করেছে। এই সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে এস এম বিল্লাহ লিখেছেন: বিএনপির নেতারাও বলেছিলেন, সেদিন শাপলা চত্বরে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানকে ‘হত্যা’ করা হয়েছে। কিন্তু তাঁরা ১০ জন নিহতের নামও প্রকাশ করতে পারেননি। এভাবে গুজব আর মিথ্যাচারের রাজনীতি কত দিন চলবে? সরকার মারুফ: নিহতের সংখ্যা ‘আড়াই বা তিন হাজার’ হওয়ার গুজবটা উঠেছে মূলত সেই রাতে র‌্যাব-পুলিশের অভিযানের ধরন ও তাদের নৃশংস চরিত্রের জন্য। অভিযানের পর অনেক লোক নিখোঁজ হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রকৃত মৃতের সংখ্যাটি জানা যাচ্ছিল না এবং নিখোঁজ অনেককেই মৃত ভাবা হয়েছিল। কিন্তু তাই বলে সরকার ও পুলিশ নিহতের সংখ্যা নিয়ে যেসব তথ্য দিয়েছে, সেগুলোও বিশ্বাসযোগ্য নয়। অধিকার যদি সত্যিই সুনির্দিষ্ট তথ্য পরিবেশন করতে পারে, তাহলে আমি অধিকারের ওপর আস্থা রাখতে চাই; অন্তত সংস্থাটির অতীতের স্বচ্ছ কর্মকাণ্ডের জন্য।

গোলাম মাহবুব: প্রতিবেদন পড়ে বোঝা যাচ্ছে, হেফাজত, জামায়াত, বিএনপি ও অধিকারের দাবি সম্পূর্ণ ভুয়া। গত কয়েক দিনে আমি আমাদের উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় যতদূর খোঁজ নিয়েছি, সবখান থেকে বাধ্যতামূলকভাবে হেফাজতের সমাবেশে যোগ দেওয়ার কথা স্বীকার করা হয়েছে। কিন্তু পুরো উপজেলায় ৫ মের ঘটনায় নিহত হয়েছে, এমন কারও নাম কেউ জানাতে পারেনি। তবে অনেক আহতের তথ্য আছে, যারা পালানোর সময় ড্রেনে বা রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেছে ইত্যাদি।
মাহমুদুল হাসান: এটি সত্য যে পুলিশি অভিযানে একজন হলেও মারা গেছে। যারা মারা গেছে, তারা আমাদের দেশেরই নাগরিক। তাই মৃতের সঠিক সংখ্যা প্রকাশের মূল দায়িত্ব সরকারের।

কেক কেটে ফুর্তি করাদের সঙ্গে কিসের সংলাপ: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ১৫ আগস্টে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার জন্মদিন পালনের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘যারা কেক কেটে ফুর্তি করে, তাদের সঙ্গে কিসের সংলাপ।’ এ সংবাদে মতামত জানিয়ে সুপ্তি লিখেছেন: একজন শীর্ষনেতার মুখে এটা কেমন কথা?
মিশুক: তামাশা করেন আপনারা, আর কষ্ট পায় আমজনতা। ১৬ কোটি মানুষকে শুধু ব্যক্তি ও দলগত রেষারেষি দিয়ে জিম্মি করে রাখা হয়েছে।
সাজেদ আমিনুল: আপনারা দল ও ব্যক্তি নিয়ে রাজনীতি ভালোই করেন। দেশ নিয়ে ভাববেন কবে?
ইহসানুল মাহমুদ: খালেদা জিয়া এবারই প্রথম ১৫ আগস্টে জন্মদিন পালন করছেন? তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনার সঙ্গে জন্মদিন পালনের সম্পর্ক কী? খালেদার জন্মদিন পালনের মধ্য দিয়ে বিএনপি যে নিম্ন রুচির পরিচয় দিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা এ জন্য জাতীয় শোক দিবসে শোক পালনের বদলে প্রতিহিংসার আগুনে জ্বলে খালেদা জিয়াকে আক্রমণ করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন, তাতে আপনাদের রুচি যে খুব উন্নত, তার প্রমাণ মেলে না।

পদ্মা সেতুর কাজ শুরু এখন সময়ের ব্যাপার: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতুর কাজ শুরু এখন সময়ের ব্যাপার। এ খবরে নূরুল আবসার হোসেন মন্তব্য করেছেন: আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১৬ বিলিয়নের ওপরে। মূল পদ্মা সেতু নির্মাণের খরচ ২ বিলিয়নের ওপরে নয়। তাই পদ্মা সেতু নির্মাণে হাত দেওয়া অসম্ভব কিছু নয়। তবে এ জন্য দরকার দেশপ্রেম।
ওয়াহিদ লিটন: আমরা জানি, পদ্মা সেতুর জন্য অর্থের সংস্থান না করেই আপনারা সেতুর একটা ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে বসাবেন। জনগণের কাছে এই বলে ভোট চাইবেন যে, আমরা পদ্মা সেতুর কাজ শুরু করেছি, আমাদের ভোট দিলে বাকি কাজ শেষ করব। রাজশাহীতে ভোটের আগে গ্যাস-সংযোগ দেওয়া নিয়ে এ ধরনের কাজ করেই জনগণকে ঠকাতে চেয়েছিলেন। পারেননি। জনগণ আপনাদের চালাকি ধরে ফেলেছে।
তুষার: ভাই, এসব ফাজলামিমার্কা কৌতুক দিনরাত শুনতে শুনতে আর ভালো লাগে না। আপনাদের এসব হাস্যকর কাণ্ড দেখতে দেখতে শরীর এখন এতই কৌতুক-অভেদ্য হয়ে গেছে যে, কেউ সুড়সুড়ি দিলেও হাসি পায় না।

কাঠগড়ায় আশরাফুলসহ ৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে নয়জনকে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এ-সম্পর্কে রাইয়ান হোসেন মন্তব্য করেছেন: অপরাধী যারাই হোক, তাদের অপরাধ যা-ই হোক; বিচার করে শাস্তি দিতে হবে। দেশের রাঘব-বোয়ালদের শাস্তি হচ্ছে না। এ জন্য আমাদের সমাজ ও আমরা সবাই দায়ী। দুর্নীতিবাজ শাসকদের তো আমরাই ভোট দিয়ে গদিতে বসাই!
দেওয়ান মানিক: আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কাছে আশরাফুলের অন্যায় অতি তুচ্ছ, নগণ্য। ক্রিকেটে আশরাফুলের অবদান ও দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা বিবেচনা করে, তাঁকে ক্ষমা করে দেওয়া উচিত। তা ছাড়া আশরাফুল দোষও স্বীকার করেছেন। বাংলার ক্রিকেটে তাঁর অবদান অনেক। রাজনীতির সঙ্গে তুলনা করে আমি এটাই বোঝাতে চাইছি যে, রাজনৈতিক দলগুলো লুটপাট করে দেশের যে ক্ষতি করেছে, ক্রিকেটারদের দুর্নীতি তার তুলনায় কিছুই না।
আরাফাত জয়: আশরাফুল তো আমাদের অনেক কিছুই দিয়েছে। সে একটা ভুল করেছে এবং অনুশোচনায় ক্ষমাও চেয়েছে। তার শাস্তি কি কমানো যায় না?

উল্টো পথে নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনের জন্য ৫৭টি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এসব সংশোধনী কার্যকর হলে, নির্বাচন কমিশন কার্যত নিজের ক্ষমতা হ্রাসের উদ্যোগ নিয়েছে। এই প্রতিবেদন পাঠের পর দেবপ্রিয় দেব মন্তব্য করেছেন: নির্বাচন কমিশন সরকারের ক্রীড়নক ও তল্পিবাহকে পরিণত হতে চায়।
মরিয়ম ইউসুফ: সত্যিই নির্বাচন কমিশন কাজ ফেলে উল্টো পথে চলছে। তার কাজ সন্দেহজনক। কমিশন নির্বাচনের সময়কার অপরাধের জন্য যে শাস্তির সুপারিশ করেছে, তাতে নির্বাচনী অপরাধ উৎসাহিতই হবে। এভাবে কি নিরপেক্ষ নির্বাচন সম্ভব?
এম সাখাওয়াত আলী: এই অভাগা দেশে কেউ কেউ ভালো করতে পারুক বা না পারুক, খারাপ কাজে ওস্তাদের অভাব নেই। বর্তমান নির্বাচন কমিশনের কাজ দেখে হয়তো আজিজ সাহেব হেসে কুটিকুটি হচ্ছেন। তবে একটি কথা আমাদের মানতেই হবে, বিড়াল দেখতে বাঘের মতো হলেও, তা বাঘ নয়। মাননীয় নির্বাচন কমিশনার ইতিমধ্যে এক ‘যুগান্তকারী’ সিদ্ধান্ত দিয়ে আমাদের দেশকে মহা-ঘূর্ণির মধ্যে ফেলে দিয়েছেন। এবার কমিশনের ক্ষমতা কমিয়ে তরি ডোবানোর বন্দোবস্ত করেছেন।
(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)