২৪ সেপ্টেম্বর পবিত্র মক্কা নগরীর অদূরে মিনায় হজ পালনকালে পদদলিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া হাজিদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
১৯৯০ সালের পর গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বড় এই পদদলনের ঘটনায় এ পর্যন্ত ৭৬৯ জন হাজির মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে লেখা হয়েছে। আহত হয়েছেন ৯৩৪ জন। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা গেছে, ৯৮ জন বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে নয়জনের মৃত্যু হয়েছে বলে তাঁদের পারিবারিক সূত্রে বলা হয়েছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সে সম্পর্কে সৌদি আরবের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তারা তদন্তের নির্দেশ দিয়েছে; তদন্ত শেষে এ ব্যাপারে সৌদি সরকারের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যাবে।
পবিত্র হজ পালনকালে পদদলিত হয়ে হাজিদের মৃত্যুর ঘটনা এর আগে সর্বশেষ ঘটেছিল ২০০৬ সালে, তখন ৩৬০ জন হাজির মৃত্যু ঘটে। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অভ্যাসের ও নানা বয়সের মুসলমান নারী ও পুরুষ পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কা নগরীতে সমবেত হন। প্রায় ২০ লাখ হাজি শয়তানকে পাথর মারার রীতি পালনের সময় কোনো কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পদদলিত হয়ে হাজিদের হতাহত হওয়ার ঘটনা ঘটে।
এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ সতর্ক থাকার পরেও যখন এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তখন এটা নিশ্চিত যে সতর্কতামূলক ব্যবস্থা আরও উন্নত করার সুযোগ রয়েছে এবং সৌদি কর্তৃপক্ষের সেদিকে দৃষ্টি দেওয়া উচিত। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হলে বিপুলসংখ্যক হাজির একযোগে মিনায় গমন ও শয়তানকে পাথর মারার রীতি পালনের সময়ে শৃঙ্খলা রক্ষার সার্বিক ব্যবস্থাপনা অবশ্যই আরও সুষ্ঠু ও নিরাপদ করার উদ্যোগ নিতে হবে।
হতাহত হাজিদের পরিবারগুলোর স্বজন হারানোর দুঃখ ও ক্ষতি অপূরণীয়; তবু তাঁদের জন্য কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় কি না, সৌদি সরকারের তাও ভেবে দেখা উচিত।
আরও পড়ুন: