মিরপুরের বিপর্যস্ত সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী থেকে মিরপুর-১০ সড়কের দুর্দশাই বলে দেয় সরকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং জনগণের দুর্ভোগের প্রতি সুনজর কত কম। দুই বছরেরও কম সময় আগে শতকোটি টাকা ব্যয়ে প্রশস্ত করা সড়ক এখন বিধ্বস্ত। সারাইয়ের নাম নেই, তাই যাত্রীদের দুর্ভোগ ও যানবাহনের ক্ষতিরও শেষ নেই।
নতুন এই সড়কটি খোঁড়া হয় মেট্রোরেল প্রকল্পের জন্য। তিন মাস আগে খোঁড়া শুরু হয়ে সম্প্রতি তা প্রায় সমাপ্ত হলেও সংস্কার করা হচ্ছে না। যত্রতত্র গর্ত, কোনোভাবে মাটিচাপা দেওয়া, পিচ ও কংক্রিটের ভাঙা স্তূপ—সব মিলিয়ে সড়কটি চলাচলযোগ্য নেই। তারপরও চলতে হচ্ছে। চলতে গিয়ে রিকশা ওল্টাচ্ছে, বাসের স্প্রিং ও অন্যান্য যন্ত্র ভেঙে যাচ্ছে, তীব্র ঝাঁকুনিতে যাত্রীরা কষ্ট পাচ্ছে। বুধবার প্রথম আলোয় প্রকাশিত সংবাদ ও সঙ্গের চিত্র বলছে, পানি জমে থাকা এই গর্তগুলো, বিশেষ করে রাতের বেলায় যানবাহনের জন্য বিপজ্জনক হয়ে থাকে।
অথচ দায়িত্ব নেওয়ার কেউ নেই। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রথম আলোকে বলেছেন, রাস্তা পুনর্নির্মাণের দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষের। অন্যদিকে, মেট্রোরেলের পক্ষ থেকে বলা হয়েছে, এই দায়িত্ব সিটি করপোরেশনেরই; কেননা রাস্তার ক্ষতিপূরণ বাবদ ৬৭ লাখ টাকা দেওয়া হয়েছে সিটি করপোরেশনকে। দুটি পরস্পরবিরোধী দাবি একসঙ্গে সঠিক হতে পারে না। সুতরাং দায় যাদের, তাদের জবাবদিহি করতে হবে। এ ধরনের সমন্বয়হীনতা ও পারস্পরিক দোষাদোষীর চর্চা মোটেই গ্রহণযোগ্য নয়।
উন্নয়ন যদি এ রকম বিশৃঙ্খল কায়দায় চলে, তাহলে সেই উন্নয়ন কার জন্য? আমরা আশা করব, সিটি করপোরেশন ও মেট্রোরেল কর্তৃপক্ষ নিজেদের মধ্যে সমন্বয় করে সড়কটি মেরামত করবে।এ বিষয়ে আর সময়ক্ষেপণ ও গাফিলতি গ্রহণযোগ্য নয়।