মির্জা ফখরুলের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিশেষ বিভাগ (এসবি) সোমবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে। রোববারের অবরোধে ঢাকা মহানগরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাঁকে আসামি করা হয়েছে। রাজপথের ভাঙচুরের মামলায় বিরোধীদলীয় নেতাদের আসামি করা নতুন নয়। নতুন হলো রোববার রাজধানীতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা মহানগর পুলিশ যে ৩৭টি মামলা করে, এর সব কটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসামি করা হয়েছে। সেদিন ঢাকা শহরে যত গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তার সবই তিনি করেছেন? আরও হাস্যকর হলো, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে কাকরাইল এলাকায় সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী গাড়ি ভাঙচুরের মামলায়। এর আগে তিনিসহ বিএনপির ৩৫ জন নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে আগুন দেওয়া এবং সচিবালয়ে ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছিল। এ দুটি মামলায়ও সরকার বিরোধী দলের নেতাদের হুকুমের আসামি করেছিল। কিন্তু মূল আসামিদের খুঁজে বের করতে পারেনি।হরতাল-অবরোধের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ সব ধরনের সন্ত্রাসী তৎপরতার আমরা নিন্দা জানাই। যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিক—তা প্রতিটি শান্তিকামী মানুষের দাবি। কিন্তু তাই বলে বিরোধী দলের দ্বিতীয় প্রধান নেতাকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের সব মামলায় আসামি করার যৌক্তিকতা নেই। মন্ত্রীরা, সরকারি দলের নেতারা রাস্তায় ভাঙচুর না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানাচ্ছেন, একই সঙ্গে সরকার হামলা-মামলাও চালাচ্ছে। এই দ্বৈতনীতি পরিত্যাজ্য। সরকার যদি সত্যিই শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান চায়, তাহলে আলোচনার পরিবেশ তাদেরই করতে হবে।কী ধরনের সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে, তা নিয়ে সরকার ও বিরোধী দল মুখোমুখি। এটি রাজনৈতিক সমস্যা, রাজনৈতিকভাবেই এর সমাধান খুঁজতে হবে। আন্দোলনের নামে রাস্তায় গাড়ি ভাঙচুর করে কিংবা অগ্নিসংযোগ করে যেমন এ দাবি আদায় করা যাবে না, তেমনি বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে গয়রহ মামলা এবং গ্রেপ্তার-হয়রানি পরিস্থিতির আরও অবনতি ঘটাবে।সরকারকে বুঝতে হবে যে, গয়রহ মামলা এবং বিরোধী দলের প্রথম সারির নেতাদের গ্রেপ্তার করে রাজনৈতিক স্থিতিশীলতা আনা যাবে না। আন্দোলনও থামানো যাবে না। বিরোধী দল ইতিমধ্যে ঘোষণা করেছে, মির্জা ফখরুলকে আজ বুধবারের মধ্যে মুক্তি না দিলে তারা আগামী বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করবে। অতএব, অবিলম্বে তাঁর বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার করে আলোচনার পরিবেশ সৃষ্টি করা হোক। তাতে দেশবাসী আরেকটি হরতালের ভোগান্তি থেকে রেহাই পাবে। আন্দোলনের নামে সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা রক্ষার নামে হয়রানিমূলক মামলা ও ধরপাকড় কোনোটিই দেশ ও জনগণের জন্য সুফল বয়ে আনবে না।