বরিশালের গুরুত্বপূর্ণ একটি নৌপথ হচ্ছে শ্রীমন্ত নদ। এই নৌপথ দিয়ে পটুয়াখালী, বরগুনা, বাকেরগঞ্জের মধ্যে নৌযান চলাচল করে। তবে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় নদটির ওপর পড়ে আছে সেতুর ধ্বংসাবশেষ। ছয় মাস আগে সেতুটি ভেঙে পড়ে। নদের ভেতর লোহার স্প্যান, অ্যাঙ্গেল ও কংক্রিটের ভাঙা অংশ পড়ে থাকায় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। জোয়ারের সময় নদের পানি বেশি থাকায় সেতুর ভাঙা অংশ ডুবে থাকে। ফলে ওই নদ দিয়ে নৌযান চলাচল বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজার এলাকায় নির্মিত বহুদিনের পুরোনো এ সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। এরপরও স্থানীয় প্রশাসন সেতুটি নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে চলতি বছরের জানুয়ারিতে সেটি ভেঙে পড়ে। সে ঘটনায় স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ নিহত হন। আহত হন কয়েকজন। এরপর থেকে ঝুঁকি নিয়ে চলাচল করছে নৌকা, ট্রলার ও পণ্যবাহী জাহাজ। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা বা যারা আগে এ নদ দিয়ে চলাচল করেননি, তাঁরা নৌযান নিয়ে বিপাকে পড়েন। অনেক সময় তাঁদের নৌযানগুলোও ক্ষতিগ্রস্ত হয়। সেতুর ভাঙা অংশে এলজিইডির কার্যালয় একটি লাল নিশান ঝুলিয়ে দিয়ে দায়িত্ব শেষ করেছে।
সেতু ভেঙে যাওয়ায় খেয়ানৌকাই একমাত্র ভরসা স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় লোকজন বলছেন, জোয়ারের সময় নদ পারাপার কঠিন হয়ে পড়ে। যাঁরা নতুন আসেন, তাঁদের জন্য তো আরও বিপদ। এত দিনেও সেতুর ধ্বংসাবশেষ সরানো হলো না। প্রথম আলোর প্রতিবেদক জানান, কয়েকটি ইউনিয়নের মানুষ প্রতিদিন খেয়ানৌকায় নদ পার হন। খেয়াঘাট ইজারা দিলে সরকারের রাজস্ব আয় হতো। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলে বেড়াচ্ছেন, দরপত্র হয়ে গেছে, ফলে শিগগিরই নতুন সেতু হয়ে যাবে। অথচ সেটি এখনো চূড়ান্ত অনুমোদনই পায়নি। নদটির ওপর রামপুর গ্রামেও আরেকটি ঝুঁকিপূর্ণ সেতু আছে। সেটি ইতিমধ্যে কাত হয়ে গেছে। এরপরও মানুষ ও যানবাহন নিরুপায় হয়ে চলাচল করছে সেটি দিয়ে।
উপজেলা প্রকৌশলী জানান, রামপুরে নতুন সেতুর জন্য দরপত্র মূল্যায়নের কাজ চলছে। আর মহিষকাটায় নতুন সেতুটি অনুমোদনের অপেক্ষায় আছে। কিন্তু রামপুরে ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে পড়ে মহিষকাটার হতাহত হওয়ার ঘটনা ঘটলে এর দায় কে নেবে? এ ছাড়া ছয় মাস পার হয়ে গেলেও মহিষকাটার পুরোনো সেতুটির ধ্বংসাবশেষ সরানো হচ্ছে না কেন? স্থানীয় প্রশাসনের এ গড়িমসি কোনোভাবে কাম্য নয়। এ ব্যাপারে অতি জরুরি পদক্ষেপ নিন।