মিলনায়তন নির্মাণে পুকুর ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, মিলনায়তনটি নির্মাণের জন্য প্রথমে অন্য একটি জায়গা ঠিক করা হয়। কিন্তু সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ ম ম আমজাদ হোসেনের পরামর্শে পুকুর ভরাট করে মিলনায়তনের কাজ করা হচ্ছে। তাড়াশ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রের বরাত দিয়ে মঙ্গলবারের প্রথম আলোর খবরে বলা হয়, চলতি বছর দরপত্র আহ্বান করে উপজেলা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু হয়। কমপ্লেক্সের আওতায় ৮০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের একটি মিলনায়তন করার কথা। মিলনায়তনটি নির্মাণের জন্য কমপ্লেক্সের পশ্চিম পাশে জায়গা থাকলেও তা সেখানে না করে এর একটু দূরে পুরোনো এক একর আয়তনের একটি সরকারি পুকুর ভরাট করে করা হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি পুকুরটি উপজেলা পরিষদের শোভাবর্ধনও করছে। এমন একটি পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

জায়গার অভাবে মিলনায়তন নির্মাণের জন্য বরাদ্দ করা সরকারি অর্থ নাকি ফেরত যাচ্ছিল এবং সে কারণেই সাংসদ পুকুরের আংশিক ভরাট করে মিলনায়তন নির্মাণের পরামর্শ দিয়েছেন বলে আত্মপক্ষ সমর্থন করেছেন। কিন্তু এই যুক্তি গ্রহণযোগ্য নয়, কারণ মিলনায়তন নির্মাণের জন্য জায়গা ঠিক করাই ছিল। একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর এই আচরণ দায়িত্বজ্ঞানহীন। আমরা চাই পুকুর ভরাট বন্ধ হোক ও পুকুরটি টিকে থাকুক। আর আগের নির্ধারিত জায়গায় মিলনায়তন তৈরি হোক।